ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ২২:৫৬:২০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

সুন্দর ভবিষ্যত নির্মাণে ভোট চাইলেন হাসিনা

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৩৯ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার

সরকার গঠনে প্রত্যেকটি ভোটকে মূল্যবান আখ্যায়িত করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখার পাশাপাশি আগামী প্রজন্মের জন্য সুন্দর ভবিষ্যত বিনির্মাণে আওয়ামী লীগকে ভোট দেয়ার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন।

তিনি বলেন, ‘প্রতিটি ভোট এবং আসনই মূল্যবান এবং আপনার একটি ভোটই আমাদের সরকার গঠনে সাহায্য করতে পারে। প্রয়োজনীয় সংখ্যক আসন থেকে একটি আসনও যদি কম হয়ে যায় তাহলেই আমরা সরকার গঠন করতে পারবো না।’

আজ বৃহস্পতিবার সকালে ভাংগার মোড় এলাকায় একটি নির্বাচনী জনসভায় প্রদত্ত ভাষণে শেখ হাসিনা আরো বলেন, ‘কাজেই আপনারা নৌকায় ভোট দিয়ে আমাদের বিজয় নিশ্চিতের সঙ্গে সঙ্গে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করুন।’
ফরিদপুর-৪ আসনের মহাজোট প্রার্থী (ভাংগা, সদরপুর, চরভদ্রাসন) কাজী জাফরউল্লাহও সমাবেশে বক্তৃতা করেন এবং বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা সমাবেশে উপস্থিত ছিলেন।

শেখ হাসিনা টুঙ্গীপাড়া থেকে রাজধানীতে ফেরার পথে তাঁর নির্বাচনী প্রচারণায় দ্বিতীয় দিনে ভাংগায় এই জনসভা করেন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ যদি আগামী নির্বাচনে ক্ষমতায় আসতে না পারে তাহলে পদ্মা সেতুর নির্মাণ কাজ বন্ধ হয়ে যাবে। কাজেই, এই উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখার জন্য একটি ভোটও আমাদের কাছে মূল্যবান। ’

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার ২০০১ সালে পদ্মা সেতুর ভিত্তিপ্রস্থর স্থাপন করেছিল। কিন্তু বিএনপি-জামায়াত সরকারে এসেই সে কাজ বন্ধ করে দেয়।’

আওয়ামী লীগ সভাপতি এ সময় ’৯৬ পরবর্তী সময়ে তাঁর সরকারের উন্নয়ন কর্মসূচিগুলো পরবর্তী বিএনপি-জামায়াত সরকার এসে বন্ধ করে দেওয়ার বিভিন্ন উদাহরণ টেনে বলেন, ‘বিভিন্ন নেতৃবৃন্দ আপনাদের নানাকথায় বিভ্রান্ত করার চেষ্টা করবে। কিন্তু আপনাদের সবাইকে যার যার নিজের ভোট দিতে হবে এবং জনমত সৃষ্টি করে ভোট কেন্দ্রগুলো পাহারা দিতে হবে।’

প্রধানমন্ত্রী পরে ফরিদপুরের কামারপুর আব্দুল আজিজ ইনষ্টিটিউশন প্রাঙ্গণেও আরেকটি জনসভায় ভাষণ দেন। তিনি রাজধানীতে ফেরার পথে আরো ৫টি এলাকায় নির্বাচনী জনসংযোগ এবং জনসভায় অংশগ্রহণ করবেন। এগুলোরমধ্যে রয়েছে, রাজবাড়ি মোড়, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, ধামরাইয়ে রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণ এবং সাভার বাসস্ট্যান্ড এলাকা।

এরআগে শেখ হাসিনা সকাল ৯ টায় টুঙ্গীপাড়া থেকে সড়কপথে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন। যাত্রা শুরুর পূর্বে তিনি জাতির পিতার সমাধি সৌধে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, ফাতেহা পাঠ করেন এবং বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন।

গতকাল বুধবার প্রধানমন্ত্রী টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর নির্বাচনী প্রচার আনুষ্ঠানিক ভাবে শুরু করেন এবং সেদিন বিকেলে কোটালীপাড়ার শেখ লুৎফর রহমান সরকারি ডিগ্রী কলেজ মাঠে বিশাল জননভায় ভাষণ দেন।