ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ১৮:১৫:৪৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

আশরাফের মরদেহে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকারের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৯ এএম, ৬ জানুয়ারি ২০১৯ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও দলের বর্তমান সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

রবিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রথম জানাজা শেষে তার মরদেহে যথাক্রমে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকার শ্রদ্ধা নিবেদন করেন।

এর আগে সকাল সাড়ে ১০টায় সংসদ ভবন চত্বরে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পরই সৈয়দ আশরাফের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রাষ্ট্রপতির শ্রদ্ধা জানানোর পরই আসেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা কালো চাদর পরে সংসদ ভবন চত্বরে আসেন। তিনি দীর্ঘদিনের দলের দুঃসময়ের কাণ্ডারিকে শেষ শ্রদ্ধা জানান।এ সময় প্রধানমন্ত্রী লাশের পাশে কিছু সময় দাঁড়িয়ে থাকেন। দীর্ঘদিনের বিশ্বস্ত রাজনৈতিক সহকর্মীর মৃত্যুতে তাকে শোকার্ত দেখা যায়।

সংসদ ভবনে মুক্তিযোদ্ধা আশরাফকে গার্ড অব অনার দেয়া হয়। এ সময় মন্ত্রিপরিষদ সদস্য ও আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। জানাজা শেষে তারা সবাই সৈয়দ আশরাফের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে জানাজার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) হিমঘর থেকে লাশবাহী অ্যাম্বুলেন্স সংসদ ভবন চত্বরে আনা হয়।

এখানে তার প্রথম জানাজা হয় সকাল সাড়ে ১০টায়। এর পর কিশোরগঞ্জ ও ময়মনসিংহে জানাজা শেষে আজই বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

বৃহস্পতিবার রাতে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সবার প্রিয় রাজনীতিবিদ সৈয়দ আশরাফ। তিনি ফুসফুস ক্যান্সারে ভুগছিলেন। শনিবার তার লাশ দেশে আনা হয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলের কেন্দ্রীয় নেতা ও মন্ত্রিপরিষদের সদস্যরা সৈয়দ আশরাফের ভাই সাফায়েত-উল ইসলামকে সঙ্গে নিয়ে মরদেহ গ্রহণ করেন। সৈয়দ আশরাফের একমাত্র মেয়ে রীমা ইসলামও এ সময় সঙ্গে ছিলেন।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাশ অ্যাম্বুলেন্সে করে বেইলি রোডে সৈয়দ আশরাফের সরকারি বাসভবনে নেয়া হয়। সেখানে প্রিয় নেতাকে শেষবারের মতো দেখতে ভিড় করেন আত্মীয়স্বজন ও তার রাজনৈতিক সহকর্মীরা। সেখানে এক শোকবহ পরিবেশ সৃষ্টি হয়। কান্নায় ভেঙে পড়েন অনেকে। সেখান থেকে রাতেই মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতালের হিমঘরে নেয়া হয়।

-জেডসি