ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ৭:৫৭:১৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

কবিতা : একজন শরনার্থী শিশুর আর্তনাদ

রাশেদ মেহেদী | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১২:০২ এএম, ৮ অক্টোবর ২০১৭ রবিবার

আমি বঙ্গোপসাগরে ভেসে যাওয়া রোহিঙ্গা শিশু
এবার মৃত্যু বিভীষিকায় মুখোমুখি হতে চাই
বিশ্বের সকল রাষ্ট্র প্রধানের-
চোখে চোখ রেখে বলতে চাই
আপনারা ব্যর্থ হয়েছেন।

আমারও জন্ম হয়েছিল একটি দেশে,-
আমার জন্যও মায়ের কোল ছিল, বাবার ঘর ছিল
ছিল পলিমাটি, সবুজ শস্য ক্ষেত-
ছিল হাজার বছরের ইতিহাস, বংশ পরিচয়।

সব কিছু জ্বলে গেছে আজ-
স্বপ্ন, সম্ভাবনা, ভবিষ্যত যা কিছু ছিল
সব পুড়ে পুড়ে শেষ
পোড়ামাটি ছাড়া আর কিছুই নেই।

এখন শুধু বোবা রাষ্ট্র আছে, রক্তাক্ত গ্রাম আছে
আর আছে কিছু নাগরিক পরিচয়ধারী হিংস্র জানোয়ার
আপনারা পশ্চিমের ফর্সা মানুষ-
আপনাদের কাছে পৃথক মনে হতে পারে
রাখাইনে আমরা যারা ছিলাম তাদের কাছে
মিলিটারি আর আর মিলিট্যান্টের কোন পার্থক্য নেই,
ওদের পোশাকটা ভিন্ন, চেহারাটা একই।

এইত কিছুদিন আগে ভূমধ্যসাগরের তীরে
উবু হয়ে শুয়ে ছিল মানবতার লাশ আমার বন্ধু আয়লান,
সভ্য দুনিয়া একদিনের জন্য খুব কেঁদেছিল
তারপর সবকিছু আগের মতই!
শুধু আমরা বার বার রাষ্ট্রহীন হয়ে যাই
অস্ত্র আর রক্ত বানিজ্যের বিপুল আয়োজন
আমাদের প্রিয় শহরকে-
মুহুর্তে নি:সঙ্গ বধ্যভূমিতে বদলে দেয়
পূর্ব-পশ্চিমে পাখিরাও আপনাদের অতিথি হয়
শরনার্থীর পরিচয় শুধু মানুষের।

রাষ্ট্রপ্রধান সকল, অস্ত্র বানিজ্যের লেনদেনের ফাঁকে
একবার মৃত্যুর মিছিলে কান পেতে রাখুন এবং শুনুন-
মিয়ানমার থেকে সিরিয়ায়, এশিয়া থেকে আফ্রিকায়
শ্লোগানে শ্লোগানে একই ধিক্কারে কাঁপছে বাতাস-
মানুষের নেতা হতে আপনারা ব্যর্থ হয়েছেন। #


ঢাকা
১৫.০৯.২০১৭