ঢাকা, সোমবার ২৩, নভেম্বর ২০২৬ ১৬:৩৬:৫৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ হাটহাজারীর মিষ্টি লাল মরিচ রপ্তানি হচ্ছে মধ্যপ্রাচ্যে ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান কাল কুয়াশায় বন্ধ দুই নৌরুটে ফেরি চলাচল শুরু স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বেড়েছে ৩১৪৯ টাকা ডেঙ্গুতে নারী পুলিশ সাঈদা আক্তারের মৃত্যু

কবিভবন থেকে নজরুল সরোবর: স্মৃতির পথে ধানমন্ডি

অনু সরকার | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫৬ পিএম, ২৩ নভেম্বর ২০২৬ সোমবার

কবি ভবনে কবি নজরুল।

কবি ভবনে কবি নজরুল।

ধানমন্ডি লেকের পাড় ঘেঁষে পুরোনো ২৮ নম্বর সড়ক। শান্ত, স্নিগ্ধ এই সড়কের ৩৩০-বি নম্বর বাড়ি, যার বর্তমান ঠিকানা ২৭। একসময় এই বাড়ির সামনে এসে দাঁড়ালে মনে হতো, বাতাসে এখনো বেজে চলেছে কোনো এক নির্বাক সুর। বাড়িটির নাম ছিল ‘কবিভবন’। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনের শেষ অধ্যায়ের দীর্ঘ একটি সময় কেটেছে এখানেই।

স্বাধীন বাংলাদেশে আসার পর কবির স্থায়ী আবাস হিসেবে বরাদ্দ দেওয়া হয়েছিল বাড়িটি। এর দেয়াল, সিঁড়ি আর খোলা আঙিনায় জমে ছিল অসংখ্য স্মৃতি, মানুষের ভালোবাসা আর এক নীরব জীবনের গল্প। কালের পরিক্রমায় সেই পুরোনো ভবন আর নেই। সেখানে এখন দাঁড়িয়ে আছে আধুনিক বহুতল স্থাপনা। তবে বাড়িটি হারিয়ে গেলেও নজরুলকে ঘিরে স্মৃতি ও ভালোবাসা হারিয়ে যায়নি।

কবিভবনের সঙ্গে নজরুলের সম্পর্কের শুরু ১৯৭২ সালের ২৪ মে। দেশ তখন সদ্য স্বাধীন। সেদিন সরকারি উদ্যোগে অসুস্থ কবি কাজী নজরুল ইসলামকে সপরিবারে কলকাতা থেকে বিমানে ঢাকায় আনা হয়। তেজগাঁও বিমানবন্দরে অবতরণের পর অ্যাম্বুলেন্সে করে তাঁকে নিয়ে আসা হয় ধানমন্ডির এই বাড়িতে। দিনটি ছিল কবির ৭৩তম জন্মদিন। ফলে সকাল থেকেই বাড়ির সামনে ভিড় জমাতে থাকেন ভক্ত, অনুরাগী ও সংস্কৃতিপ্রেমীরা। কবির আগমনকে ঘিরে বাড়িটি দ্রুতই মানুষের মুখে ‘কবিভবন’ নামে পরিচিত হয়ে ওঠে।

তখন কবি পুরোপুরি নির্বাক। ১৯৪২ সালে দুরারোগ্য পিকস ডিজিজে আক্রান্ত হওয়ার পর ধীরে ধীরে তাঁর বাক্শক্তি হারিয়ে যায়। যে কণ্ঠ একদিন বিদ্রোহের কবিতা ও গানে গোটা জাতিকে জাগিয়ে তুলেছিল, সেই কণ্ঠ তখন স্তব্ধ। কিন্তু কবিকে ঘিরে মানুষের ভালোবাসায় এতটুকু ভাটা পড়েনি।

প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফুল হাতে মানুষ আসতেন কবিভবনে। কেউ কবিকে কদমবুসি করে নিজেকে ধন্য মনে করতেন, কেউ দূর থেকে একনজর দেখে নীরবে ফিরে যেতেন। আবার কেউ এসে কবিকে গান শোনাতেন। কবি কিছু বলতে পারতেন না, কিন্তু তাঁর উপস্থিতিই মানুষকে কাছে টানত।

১৯৭২ সালের ২৪ মে থেকে ১৯৭৫ সালের ২২ জুলাই পর্যন্ত মোট ৩ বছর ১ মাস ২৮ দিন এই বাড়িতে ছিলেন জাতীয় কবি। বাংলাদেশে আর কোনো বাড়িতে তিনি এত দীর্ঘ সময় কাটাননি।

কবিভবনের সবচেয়ে বেদনাবিধুর স্মৃতিগুলোর একটি ১৯৭৫ সালের ২২ জুলাইয়ের ঘটনা। সেদিন চিকিৎসার জন্য কবিকে বাড়ি থেকে হাসপাতালে নেওয়া হয়। তাঁর দেখাশোনার দায়িত্বে সার্বক্ষণিক নিয়োজিত ব্যক্তিদের একজন ছিলেন শফী চাকলাদার। নজরুলকে নিয়ে নির্মিত একটি টেলিভিশন অনুষ্ঠানে তিনি সেই দিনের স্মৃতিচারণা করেছেন।

শফী চাকলাদারের ভাষ্য অনুযায়ী, সেদিন কবি কিছুতেই বাড়ি ছেড়ে যেতে চাইছিলেন না। সিঁড়ির রেলিং শক্ত করে আঁকড়ে ধরে রেখেছিলেন। ধমকও দিচ্ছিলেন। যাঁরা নিয়মিত কবির কাছে আসতেন, তাঁরা জানতেন, এমন আচরণ আগে কখনো করেননি তিনি। শফী চাকলাদারের কাছে ঘটনাটি ছিল জীবনের সবচেয়ে কষ্টের স্মৃতি।

সেদিন কবিকে তৎকালীন পিজি হাসপাতালে (বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়) ভর্তি করা হয়। তাঁকে রাখা হয়েছিল ১১৭ নম্বর কেবিনে। এরপর আর কোনোদিন কবিভবনে ফেরা হয়নি তাঁর। ১৯৭৬ সালের ২৯ আগস্ট সেই হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জাতীয় কবি।

**কবিভবন থেকে নজরুল ইনস্টিটিউট**

কবির মৃত্যুর পর তাঁর স্মৃতি রক্ষা, সৃষ্টিকর্ম সংগ্রহ, সংরক্ষণ, গবেষণা ও প্রচারের লক্ষ্যে ১৯৮৫ সালের ফেব্রুয়ারিতে কবিভবন প্রাঙ্গণেই প্রতিষ্ঠা করা হয় ‘নজরুল ইনস্টিটিউট’। ১৯৮৪ সালের অধ্যাদেশের অধীনে গঠিত প্রতিষ্ঠানটি পরবর্তী সময়ে ২০১৮ সালে প্রণীত ‘কবি নজরুল ইনস্টিটিউট আইন, ২০১৮’-এর আওতায় পরিচালিত হচ্ছে।

প্রতিষ্ঠার শুরুতে কবির স্মৃতিবিজড়িত আদি ভবনটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হতো। একই প্রাঙ্গণে ১৯৮৫ সালে ইনস্টিটিউটের জন্য নির্মাণ করা হয় ছয়তলা একটি ভবন। সেখানে শুরু হয় প্রতিষ্ঠানের প্রশাসনিক ও সাংস্কৃতিক কার্যক্রম।

ইনস্টিটিউটের ভেতরে সংরক্ষিত একটি পুরোনো ফলক থেকে জানা যায়, ১৯৯১ সালের ১৭ সেপ্টেম্বর তৎকালীন শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী এখানকার মিলনায়তনের ফলক উন্মোচন করেন।

তবে সময়ের সঙ্গে সঙ্গে কবিভবনের আদি স্থাপনাটি জরাজীর্ণ হয়ে পড়ে। ইনস্টিটিউট-সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, ভবনটির দেয়াল থেকে ইট ও পলেস্তারা খসে পড়ছিল। সংস্কারের চেষ্টা করেও সেটিকে ব্যবহার উপযোগী রাখা সম্ভব হচ্ছিল না। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ২০১৯ সালের জুন মাসে ভেঙে ফেলা হয় কবির স্মৃতিবিজড়িত পুরোনো ভবনটি।

সেখানে নির্মিত হয়েছে নতুন বহুতল ভবন। দুটি বেজমেন্টসহ ভবনটির উচ্চতা ১১ তলা।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন-১ ও সেবা শাখা) খালিদ হোসেন বলেন, ‘প্রকল্পের কাজ প্রায় সম্পন্ন হলেও আংশিক কাজ বাকি থাকায় ভবনটি এখনো ইনস্টিটিউটের কাছে হস্তান্তর করা হয়নি।’

ফলে নতুন ভবনে কার্যক্রম শুরু করার অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।

পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের বিষয়টিকে আবেগের পাশাপাশি বাস্তবতার নিরিখেও দেখতে চান বিশিষ্ট নজরুলসংগীত শিল্পী ও গবেষক সুজিত মোস্তফা।

তিনি মনে করেন, একটি ভবনকে ঐতিহ্য হিসেবে সংরক্ষণের দাবি বা আবেগের জায়গাটি অমূলক নয়। তবে নজরুল যেহেতু বাংলাদেশের জাতীয় কবি, তাই তাঁর আদর্শ ও সৃষ্টিকর্মের প্রচার-প্রসারে বড় পরিসরের স্থাপনাও প্রয়োজন। শুধু একটি ঘর সংরক্ষণ করে কালেভদ্রে দর্শনার্থীদের সেখানে যাওয়ার সুযোগ দেওয়ার চেয়ে নতুন ভবনটির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে মানুষের হৃদয়ে নজরুলের চেতনা প্রোথিত করাই হওয়া উচিত মূল লক্ষ্য।

**নজরুলচর্চার কেন্দ্র: গবেষণা, প্রশিক্ষণ ও প্রকাশনা**

নতুন ভবন নির্মিত হলেও আনুষ্ঠানিকভাবে হস্তান্তর না হওয়ায় বর্তমানে ১৯৮৫ সালে নির্মিত ছয়তলা ভবনেই ইনস্টিটিউটের সার্বিক কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানান উপসচিব খালিদ হোসেন।

এখানে নিয়মিত চলছে গবেষণা, প্রকাশনা, অনুষ্ঠান আয়োজন ও গ্রন্থাগার-সংক্রান্ত কার্যক্রম। পাশাপাশি সংগীত, নৃত্য ও আবৃত্তির প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। নজরুলসংগীতে সর্বোচ্চ ডিপ্লোমা পর্যন্ত এবং নৃত্য ও আবৃত্তিতে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের প্রশিক্ষণের সুযোগ রয়েছে।

প্রতিষ্ঠানটির অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ সমৃদ্ধ গ্রন্থাগার। এখানে রয়েছে নজরুলের সাহিত্য, সংগীত, কবিতা, ইতিহাস ও ধর্মীয় বিষয়ক বিপুলসংখ্যক বই এবং গবেষণাগ্রন্থ।

গ্রন্থাগারের সহকারী গ্রন্থাগারিক তামান্না আনওয়ার বাসসকে জানান, বর্তমানে গ্রন্থাগারে মোট ১৮ হাজার ৮৭৭টি বই রয়েছে। এর মধ্যে নজরুলকে নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের গবেষণামূলক বই, সমসাময়িক নজরুল-গবেষকদের রচনা এবং ইনস্টিটিউট থেকে প্রকাশিত বই রয়েছে। এ ছাড়া সংগীত, কবিতা, ইতিহাস ও ধর্মীয় বিষয়ক বইও সংরক্ষিত আছে।

তিনি বলেন, ‘নজরুলকেন্দ্রিক গবেষণার জন্য কোনো লেখকের ইনস্টিটিউটের বাইরে যাওয়ার প্রয়োজন হবে না।’

গ্রন্থাগারের সংগ্রহে রয়েছে নজরুলের শুদ্ধ বাণী ও গানের ৬৫টি স্বরলিপির বই। ১৯৮৫ সাল থেকে এ পর্যন্ত প্রকাশিত নজরুলবিষয়ক বিভিন্ন পত্রিকার কাটিং ও সংরক্ষিত সংবাদ-সংকলনও এখানে রাখা হয়েছে। রয়েছে কবির হাতের লেখা এবং প্রতিকৃতির অ্যালবাম।

নজরুলের সাহিত্য ও সম্পাদিত পত্রিকা সংরক্ষণেও রয়েছে ইনস্টিটিউটের উদ্যোগ। প্রতিষ্ঠানটি নিজস্ব পত্রিকা প্রকাশের পাশাপাশি কবির সম্পাদিত ‘ধূমকেতু’, ‘লাঙল’ ও ‘গণবাণী’র মতো ঐতিহাসিক পত্রিকাও সংগ্রহ করেছে। এগুলোর সংকলন বই আকারে প্রকাশ করা হয়েছে।

এ ছাড়া তুর্কি, ইতালীয়, ফরাসি, পর্তুগিজ, ইংরেজি, উর্দু, হিন্দি ও তামিলসহ বিভিন্ন ভাষায় অনূদিত নজরুলের রচনা এবং তাঁকে নিয়ে লেখা গবেষণাগ্রন্থের অনুবাদও গ্রন্থাগারে সংরক্ষিত রয়েছে।

‘নজরুলের ধূমকেতু’ গ্রন্থের সম্পাদকীয় থেকে জানা যায়, নজরুল সম্পাদিত ‘ধূমকেতু’র মোট ৩২টি সংখ্যা প্রকাশিত হয়েছিল। এর মধ্যে ২৭টি সংখ্যা গ্রন্থটিতে সংকলিত হয়েছে। অন্যদিকে ‘নজরুলের লাঙল’ গ্রন্থের প্রসঙ্গ-কথায় বলা হয়েছে, ‘লাঙল’-এর সব সংখ্যা পাওয়া গেলেও কিছু পৃষ্ঠা উদ্ধার করা সম্ভব হয়নি। সেসব পৃষ্ঠা সংগ্রহ করা গেলে পরবর্তী সংস্করণে যুক্ত করার পরিকল্পনার কথাও উল্লেখ রয়েছে।

**গান ও স্মৃতির সংরক্ষণ**

নজরুলের সংগীত সংরক্ষণেও কাজ করছে ইনস্টিটিউট। তামান্না আনওয়ার জানান, আদি গ্রামোফোন রেকর্ডে ধারণ করা নজরুলসংগীতের ১ হাজার ২৩৮টি গান নিয়ে একটি সংকলন তৈরি করা হয়েছে। এটি ডিভিডি অডিও আকারে প্রকাশিত হয়েছে।

এ ছাড়া ‘নজরুলের সাতান্নটি পত্র’ শিরোনামে শ্রুতিভাষ্য এবং কবির জীবন নিয়ে ‘জীবন-পরিক্রমা’ নামে একটি তথ্যচিত্র ডিভিডিতে প্রকাশ করা হয়েছে।

গবেষণার প্রয়োজনে গ্রন্থাগারের বই, নথি ও বিভিন্ন তথ্যের ছবি তোলার সুযোগ রয়েছে। তবে সেগুলো গ্রন্থাগারের বাইরে নেওয়া যায় না। ফটোকপি সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হলেও বিষয়টি এখনো প্রক্রিয়াধীন। এটি চালু হলে গবেষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রয়োজনীয় অংশের অনুলিপি সংগ্রহ করতে পারবেন।

নজরুল গবেষণা ও সংগীতসাধনায় অবদানের স্বীকৃতি দিতেও কাজ করছে প্রতিষ্ঠানটি। ১৯৮৬ সাল থেকে এ পর্যন্ত ৫৫ জন গুণী ব্যক্তিত্বকে সম্মানিত করেছে নজরুল ইনস্টিটিউট। পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের জীবন ও কর্মের তথ্যও গ্রন্থাগারে সংরক্ষণ করা হয়েছে।

**নজরুল সরোবর: স্মৃতির ঠিকানায় নতুন স্বপ্ন**

কবিভবনের আদি স্থাপনাটি না থাকলেও ধানমন্ডির এই ঠিকানাকে ঘিরে নতুন করে তৈরি হচ্ছে নজরুলচর্চার স্বপ্ন। চলতি বছরের ৬ অক্টোবর ধানমন্ডি লেকের পুনঃখনন ও উন্নয়নকাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। ৭৫ কোটি টাকার একটি মহাপরিকল্পনার অংশ হিসেবে রবীন্দ্র সরোবরের আদলে গড়ে তোলা হবে ‘নজরুল সরোবর’ বা ‘বিদ্রোহী চত্বর’।

নজরুল ইনস্টিটিউটের ঠিক বিপরীতে প্রায় ৫১ কাঠা জায়গাজুড়ে ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য এই সাংস্কৃতিক পরিসরে থাকবে নজরুলসংগীত ও আলোচনা অনুষ্ঠানের জন্য উন্মুক্ত মঞ্চ। পাশাপাশি থাকবে গ্রন্থাগার, কবির জীবন ও সাহিত্যভিত্তিক বইয়ের বিশেষ কর্নার, প্লাজা এবং লেকের ঘাট।

পরিকল্পনাটি বাস্তবায়িত হলে ধানমন্ডি লেকের এই অংশ হয়ে উঠতে পারে নজরুলের জীবন, সাহিত্য ও সংগীতচর্চার একটি গুরুত্বপূর্ণ উন্মুক্ত কেন্দ্র। যেখানে নতুন প্রজন্ম কবিকে জানার সুযোগ পাবে, তাঁর গান শুনবে, সাহিত্য নিয়ে আলোচনা করবে এবং তাঁর চিন্তা ও আদর্শের সঙ্গে পরিচিত হবে।

নজরুলের স্মৃতিধন্য সেই আদি বাড়িটি আজ আর নেই। নেই কবির ব্যবহৃত সেই ঘর, নেই সিঁড়ির রেলিং, যেখানে একদিন হাসপাতাল যেতে অনিচ্ছায় আঁকড়ে ধরেছিলেন তিনি। কিন্তু একটি বাড়ি ভেঙে গেলেই কি তার সঙ্গে জড়িয়ে থাকা ইতিহাস মুছে যায়?

ধানমন্ডির পুরোনো ২৮ নম্বর সড়ক এখনো বয়ে বেড়াচ্ছে এক নির্বাক কবির গল্প। যে কণ্ঠ একদিন স্তব্ধ হয়ে গিয়েছিল, তার প্রতিধ্বনি আজও শোনা যায় কবির গানে, গ্রন্থাগারের তাকে সাজানো বইয়ে, গবেষণার পাতায় আর মানুষের স্মৃতিতে। নতুন ভবন, নতুন সাংস্কৃতিক পরিসর—সবকিছুর মধ্য দিয়ে সেই স্মৃতিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যাশা।

বাড়িটি বদলেছে, সময় বদলেছে, কিন্তু নজরুলের প্রতি মানুষের ভালোবাসা বদলায়নি। ধানমন্ডির এই ঠিকানা তাই আজও শুধু একটি প্রতিষ্ঠান নয়, জাতীয় কবির স্মৃতি, সৃষ্টি ও চেতনাকে ধারণ করে থাকা এক জীবন্ত ঠিকানা।