ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ১৬:০৯:২৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন

ভারত: সেই নাজমাই এখন সকলের প্রিয়

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৫ এএম, ১৮ ডিসেম্বর ২০১৯ বুধবার

দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাজমা আখতার

দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাজমা আখতার

দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাজমা আখতারকে মাস দুয়েক আগেই ছাত্রছাত্রীদের ক্ষোভের মুখে ঘেরাও হতে হয়েছিল। ডাকতে হয়েছিল পুলিশ। কিন্তু রোববার ‘বিনা অনুমতিতে’ সেই পুলিশের ক্যাম্পাসে ঢোকার প্রশ্নে রুখে দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের বড় অংশের মন জিতে নিয়েছেন এই উপাচার্য। বিশ্ববিদ্যালয় চত্বরে তো বটেই, সরকারের প্রবল চাপের মুখেও তার এই শিরদাঁড়া সোজা রাখা আপাতত অন্তত তাকে জনপ্রিয় করে তুলেছে জেএনইউসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের  কাছে।

নাজমা গতকাল সাংবাদিক বৈঠকে প্রশ্ন তুলেছিলেন, কেন বিশ্ববিদ্যালয়কে না জানিয়ে এবং তাদের অনুমতি ছাড়াই এ ভাবে চত্বরে ঢুকে পড়ল পুলিশ? জানিয়েছিলেন, এই ঘটনার বিচারবিভাগীয় তদন্ত দাবি করবেন এবং দিল্লি পুলিশের নামে এফআইআর-ও করবেন। শুধু তা-ই নয়, শিক্ষার্থীদের স্পষ্ট বলেছিলেন, আগাগোড়া তাদের পাশে থাকবে কর্তৃপক্ষ।

এই সাহসকে কুর্নিশ করছেন বিশ্ববিদ্যালয়ের অনেক অধ্যাপক। যদিও তাদের আশঙ্কা, আগামী দিনে এর মাসুল গুনতে হতে পারে নাজমাকে। একই কথা শিক্ষার্থীদের একাংশের মুখেও। এদের সকলের বক্তব্য, উপাচার্যকে নিয়োগ করে কেন্দ্র। তার উপরে নরেন্দ্র মোদী-অমিত শাহের জুটির জমানায় নাজমা যে সাহস করে ওই কথা বলতে পেরেছেন, তা মন কেড়েছে তাদের। পরে অবস্থান বদলাতে তার উপরে চাপ বাড়ানো হবে কি না, এখন দেখা দিয়েছে সেই প্রশ্নও।

জামিয়া তো বটেই, দিল্লিতে সমস্ত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে নাজমাই প্রথম মহিলা উপাচার্য। প্রায় চার দশকের শিক্ষকতা এবং শিক্ষা ক্ষেত্রে প্রশাসন সামলানোর অভিজ্ঞতা তার। পড়াশোনা করেছেন ব্রিটেন এবং ফ্রান্সে। উপদেষ্টা হিসেবে তার পরামর্শ নিয়েছে ইউনেস্কো, ইউনিসেফের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠান। এর আগে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় এবং ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ে উচ্চ পদে ছিলেন তিনি।