ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ৩:৫৫:২৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা

রাষ্ট্র পরিচালনার কেন্দ্রবিন্দু সংসদ: স্পিকার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:১৩ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, রাষ্ট্র পরিচালনার কেন্দ্রবিন্দু জাতীয় সংসদ। সংসদকে অধিকতর প্রাণবন্ত ও কার্যকর করতে নবনির্বাচিত সংসদ সদস্যবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। 

স্পিকার আজ মঙ্গলবার সংসদ ভবনের শপথ কক্ষে একাদশ জাতীয় সংসদে প্রথমবারের মতো নবনির্বাচিত সংসদ সদস্যদের দুই দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মসূচির প্রথম পর্বের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই- আলম চৌধুরী এমপি।

শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র চর্চায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান অবিস্মরণীয়। শেখ হাসিনাই প্রথম সংসদীয় কার্যক্রমে প্রধানমন্ত্রীর জন্য ৩০ মিনিট প্রশ্নোত্তর পর্ব চালু করেন।

নির্বাহী বিভাগের কাজে অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহিতা আনয়নের লক্ষ্যে কার্যপ্রণালী বিধিতে সংশোধন এনে সংসদীয় স্থায়ী কমিটির কার্যক্রমে তিনি নব অধ্যায়ের সূচনা করেন। এ ক্ষেত্রে পূর্বের প্রচলিত স্থায়ী কমিটির সভাপতি মন্ত্রীর স্থলে সাধারণ সংসদ সদস্যকে সভাপতি করা হয় এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী একজন সদস্য হিসেবে কমিটিতে দায়িত্ব পালন করেন।

স্পিকার বলেন, রাষ্ট্রের তিনটি বিভাগের অন্যতম একটি হচ্ছে আইনসভা। তিনি বলেন, সংরক্ষিত মহিলা আসনের এমপিরাও সংসদে নির্বাচিত হয়ে এসেছেন। তিনি জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্য ও সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্যদের সমানভাবে দেশের উন্নয়নে ও জনগণের কল্যাণে কাজ করার আহবান জানান।

এ সময় তিনি বলেন, সংসদ সদস্যদের ওরিয়েন্টেশন কর্মসূচি একটি চলমান প্রক্রিয়া। দেশ বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় ভিত্তিক সভা সেমিনারে অংশগ্রহণের মধ্য দিয়ে সংসদ সদস্যদের সক্ষমতা বৃদ্ধিতে এবং অভিজ্ঞ পার্লামেন্টেরিয়ান হয়ে উঠতে সহায়তা করবে। 

তিনি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) নিয়ে অচিরেই কর্মশালা আয়োজন করা হবে। এসডিজি অর্জনে নবনির্বাচিত সংসদ সদস্যগণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও তিনি উল্লেখ করেন।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে হুইপ মোঃ আতিউর রহমান আতিক এমপি, ইকবালুর রহিম এমপি, মাহবুব আরা বেগম গিনি এমপি, সামশুল হক চৌধুরী এমপি এবং আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি উপস্থিত ছিলেন।

দু’দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মসূচি দুইটি পর্যায়ে অনুষ্ঠিত হবে। প্রথম পর্যায়ে আজ ৫২জন সংসদ সদস্য অংশ নেন।