ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ২০:১৫:৩৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন

শিক্ষা ক্ষেত্রে দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে : স্পিকার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:১৭ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২০ শনিবার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, শিক্ষা ব্যবস্থায় বাংলাদেশে অভুতপূর্ব উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তন সাধিত হয়েছে। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের উপজেলা, ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক ভবন নির্মাণ, শেখ রাসেল কম্পিউটার ল্যাব স্থাপনসহ বিভিন্ন সুযোগ সুবিধা দেয়া হচ্ছে।

আজ শনিবার দুপুরে জেলার চরফ্যাসন উপজেলার চরফ্যাসন সরকারি কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুধী সমাবেশ, নবীন-প্রবীণ ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্পিকার আরও বলেন, ইংরেজি বছরের প্রথমে বিনামূল্যে শিশুদের মাঝে পাঠ্য বই বিতরণ করা হচ্ছে। এই পর্যন্ত প্রাক- প্রাথমিক থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৩৫ কোটিরও বেশি পুস্তক বিতরণ করা হয়েছে। তিনি বলেন, ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত ২৯৬ কোটি টাকার অধিক বই দেওয়া হয়েছে।

শিরীন শারমিন বলেন, বর্তমান সরকার মেয়েদের শিক্ষা ক্ষেত্রে এগিয়ে আসার জন্য মেধা বৃত্তি ও উপবৃত্তি দিচ্ছে। প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ১ কোটি ৪০ লাখ শিক্ষার্থীর মায়েদের কাছে মোবাইল ফোনের মাধ্যমে উপবৃত্তির টাকা পৌঁছে দেয়া হচ্ছে। ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করা হয়েছে।

তিনি বলেন, শিক্ষা বিস্তারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিশেষ ব্যবস্থা গ্রহণ করাতে আমাদের শিক্ষার্থীরা সহজেই শিক্ষা লাভের সুযোগ পাচ্ছে।

এসময় স্পিকার কলেজের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘আজকে চরফ্যাসন সরকারি কলেজের ৫০ বছরের মাইলফলক। কিন্তু আগামী ৫০ বছরে যখন এই কলেজের শততম বর্ষ উদযাপন হবে তখন বাংলাদেশ কেমন হবে? সেই বিষয়টি তোমাদের এখনই ভাবতে হবে। একইসাথে নিজেদেরকে বাংলাদেশকে এগিয়ে নেয়ার পরিকল্পনা করতে হবে।’

তিনি আরও বলেন, আমাদের বেশিরভাগ জনগোষ্ঠির একটি বড় অংশ তরুণ প্রজন্ম। সেই তরুণ প্রজন্মই আমাদের মূল শক্তি। তারাই আগামীর নেতৃত্ব দেবে।

কলেজ অধ্যক্ষ কায়ছর আহমেদ দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য দেন, জাতীয় সংসদের চীফ হুইপ নুর-ই আলম চৌধুরী ও স্থানীয় সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: মাসুদ আলম সিদ্দিক, জেলা পুলিশ সূপার সরকার মো: কায়সার, উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথসহ অন্যরা।

পরে ঢাকা থেকে আসা চিত্রনায়ক শাকিব খান ও রিয়াজ, চিত্রনায়িকা মৌসুমি, পপি এবং স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।