ঢাকা, শনিবার ০৫, সেপ্টেম্বর ২০২৬ ১১:০০:২৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রথম নারী চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করবে ভারত দাম বাড়লেও সয়াবিন তেলের সংকট, ব্রয়লারে ডাবল সেঞ্চুরি ফেল করেও যারা হয়েছেন বিশ্বসেরা রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা আশুলিয়ায় একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার ইতালিতে দীর্ঘস্থায়ী সরকারের ইতিহাস গড়লেন মেলোনি

শুভ জন্মাষ্টমী আজ, নানা আয়োজনে সারাদেশে উদযাপন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৩২ পিএম, ৪ সেপ্টেম্বর ২০২৬ শুক্রবার

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ও ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী আজ। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে সারাদেশে দিনটি উদযাপন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। এ উপলক্ষে আজ সরকারি ছুটি।

হিন্দু পুরাণ অনুযায়ী, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, অন্যায়-অত্যাচার ও অশুভ শক্তির বিনাশ এবং সত্য, সুন্দর ও ন্যায় প্রতিষ্ঠার জন্যই শ্রীকৃষ্ণের আবির্ভাব। তাই জন্মাষ্টমী ধর্মীয় উৎসবের পাশাপাশি সত্য ও ন্যায়ের পথে চলারও প্রতীক।

জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মহানগর সার্বজনীন পূজা কমিটি, আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)সহ বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করছে।

ঢাকেশ্বরী মন্দিরে কেন্দ্রীয় আয়োজন

রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে কেন্দ্রীয়ভাবে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল ৮টায় দেশ ও জাতির মঙ্গল কামনায় গীতাযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ডের শংকর মঠ ও মিশনের উদ্যোগে এ গীতাযজ্ঞ পরিচালিত হয়।

এরপর বিকেল ৩টায় পলাশীর মোড় থেকে ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিল শুরু হবে। মিছিলের উদ্বোধন উপলক্ষে পলাশীর মোড়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

মিছিলটি পলাশীর মোড় থেকে জগন্নাথ হল, শহীদ মিনার, দোয়েল চত্বর, হাইকোর্ট মোড়, বঙ্গবাজার, গোলাপশাহ মাজার হয়ে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।

রাতে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শ্রীকৃষ্ণের বিশেষ পূজা অনুষ্ঠিত হবে।

ইসকনের তিন দিনের কর্মসূচি

জন্মাষ্টমী উপলক্ষে ইসকন ৩ থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী কর্মসূচি পালন করছে। এর মধ্যে রয়েছে শ্রীমদ্ভাগবত পাঠ, ভজন-কীর্তন, ভোগ আরতি, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মীয় নাটক ও কীর্তন মেলা।

মন্দিরে মন্দিরে পূজা-কীর্তন

জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার মন্দিরে বিশেষ পূজা, অর্চনা, নামসংকীর্তন, ভজন, গীতাপাঠ, আলোচনা সভা ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে। অনেক মন্দিরে শ্রীকৃষ্ণের বাল্যলীলা ও জন্মকাহিনি নিয়ে ধর্মীয় অনুষ্ঠান এবং সাংস্কৃতিক কর্মসূচিও থাকছে।

ভক্তরা দিনভর উপবাস, পূজা-অর্চনা ও কৃষ্ণনামে অংশ নিচ্ছেন। রাতের নিশীথকালে শ্রীকৃষ্ণের জন্মক্ষণকে কেন্দ্র করে বিশেষ পূজা, আরতি ও কীর্তন অনুষ্ঠিত হবে। ২০২৬ সালে অষ্টমী তিথি ৪ সেপ্টেম্বর ভোরে শুরু হয়ে ৫ সেপ্টেম্বর রাত পর্যন্ত থাকছে; এ কারণে আজই অধিকাংশ ভক্ত জন্মাষ্টমী পালন করছেন।

দেশজুড়ে উৎসবের আমেজ

ঢাকার বাইরে বিভিন্ন জেলা ও উপজেলাতেও জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা, পূজা, আলোচনা সভা, ধর্মীয় সংগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। টাঙ্গাইলসহ বিভিন্ন এলাকায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে জন্মাষ্টমী উদযাপন শুরু হয়েছে।

জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও বিভিন্ন বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে বিশেষ অনুষ্ঠান প্রচার করা হচ্ছে। দিনটিকে ঘিরে বিভিন্ন সংগঠন ধর্মীয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করেছে।

ধর্মীয় উৎসবটির মধ্য দিয়ে সমাজে সাম্য, মানবিকতা, সত্য, ন্যায় ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়বে—এমন প্রত্যাশা সনাতন ধর্মাবলম্বীদের। দেশের শান্তি, সমৃদ্ধি ও সব মানুষের কল্যাণ কামনায় প্রার্থনার মধ্য দিয়ে পালিত হচ্ছে এবারের শুভ জন্মাষ্টমী।