ঢাকা, রবিবার ২২, নভেম্বর ২০২৬ ১৮:৩২:৩৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন যুক্তরাষ্ট্রে বেবি শাওয়ারে গুলি, নারীসহ নিহত ৩ ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি তারানা হালিমের সন্ধানে গুলশানের বাসায় পুলিশের অভিযান সোনার দামে বিশাল পতন, দুই লাখের নিচে ভরি

ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৫০ এএম, ২২ নভেম্বর ২০২৬ রবিবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

দেশের সাধারণ স্কুল, কলেজ ও মাদরাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি বা সমমানের পর্যায়ে অধ্যয়নরত সব ছাত্রীকে উপবৃত্তির আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ কর্মসূচি বাস্তবায়নে উপবৃত্তির অর্থ সরাসরি শিক্ষার্থী বা তার অভিভাবকের ব্যাংক, এজেন্ট ব্যাংকিং কিংবা মোবাইল ব্যাংকিং হিসাবের মাধ্যমে পাঠানো হবে। এ জন্য প্রয়োজনীয় হিসাব খোলার নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।

গতকাল শনিবার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) শামিম সুলতানা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ষষ্ঠ থেকে দ্বাদশ বা সমমান শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রীদের জন্য সর্বজনীনভাবে ১০০ শতাংশ উপবৃত্তি চালুর কাজ শুরু হয়েছে। তবে ছাত্রদের জন্য আগের নিয়মেই উপবৃত্তি কার্যক্রম চলবে। এ বিষয়ে দেশের সব উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে চিঠি পাঠানো হয়েছে।

ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির স্কিম পরিচালক মোহাম্মদ আসাদুল হক গত ১৮ নভেম্বর এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেন।

নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ সরকারি থেকে ব্যক্তির হিসাবে সরাসরি অর্থ পাঠানোর পদ্ধতিতে (জিটুপি) দেওয়া হবে। এ জন্য শিক্ষার্থী অথবা তার অভিভাবকের নামে যেকোনো অনলাইন তফসিলি ব্যাংক, এজেন্ট ব্যাংকিং কিংবা মোবাইল ব্যাংকিং হিসাব থাকতে হবে।

**যাদের নতুন হিসাব খুলতে হবে**

সাধারণ স্কুল, কলেজ ও মাদরাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ বা সমমান শ্রেণিতে অধ্যয়নরত যেসব ছাত্রীর নাম ইতোমধ্যে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির সফটওয়্যার এইচএসপি-এমআইএসে অন্তর্ভুক্ত রয়েছে অথবা যারা এ কর্মসূচির আওতায় উপবৃত্তি পাচ্ছে, তাদের নতুন করে হিসাব খোলার প্রয়োজন নেই। তবে যারা এখনো উপবৃত্তি পাচ্ছে না, তাদের অথবা তাদের অভিভাবকের নামে হিসাব খুলতে হবে।

শিক্ষার্থীর অভিভাবক হিসেবে বাবা অথবা মাকে বিবেচনা করা হবে। বাবা-মায়ের কেউ জীবিত না থাকলে আপন ভাই, বোন, দাদা, দাদি, নানা অথবা নানির যেকোনো একজন অভিভাবক হতে পারবেন।

বাবা অথবা মায়ের নামে কোনো তফসিলি ব্যাংক কিংবা এজেন্ট ব্যাংকিংয়ে অনলাইন হিসাব থাকলে সেই হিসাবের মাধ্যমে উপবৃত্তির অর্থ গ্রহণ করা যাবে। নতুন হিসাব খোলার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। এ জন্য আবেদনপত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে শিক্ষার্থীর অভিভাবক হিসেবে উল্লেখ করতে হবে।

বাবা-মা কেউ জীবিত না থাকলে বিকল্প অভিভাবকের নামে শিক্ষার্থীর জন্য তফসিলি ব্যাংক বা এজেন্ট ব্যাংকিংয়ে স্কুল ব্যাংকিং হিসাব খুলতে হবে। এ ক্ষেত্রে অভিভাবকের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে হিসাব খোলার নির্দেশনা দেওয়া হয়েছে।

**মোবাইল ব্যাংকিংয়ে অর্থ পেতে যেসব শর্ত**

মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে উপবৃত্তির অর্থ গ্রহণের ক্ষেত্রে বিশেষ শর্ত দেওয়া হয়েছে। বাবা অথবা মা জীবিত থাকলেই কেবল তাঁদের হিসাবের মাধ্যমে শিক্ষার্থী উপবৃত্তির অর্থ নিতে পারবে। এ ক্ষেত্রে বাবা-মায়ের মধ্যে যাঁকে অভিভাবক হিসেবে উল্লেখ করা হবে, তাঁর জাতীয় পরিচয়পত্র দিয়ে সিম নিবন্ধন করতে হবে এবং তাঁর নামেই মোবাইল ব্যাংকিং হিসাব খুলতে হবে।

নির্দেশনায় বলা হয়েছে, বাবার জাতীয় পরিচয়পত্র দিয়ে সিম নিবন্ধন করা হলে ওই পরিচয়পত্র ব্যবহার করেই বাবার নামে মোবাইল ব্যাংকিং হিসাব খুলতে হবে। হিসাব খোলার সময় গ্রাহক পরিচিতি (কেওয়াইসি) ফরম পূরণ করে অনলাইনে জমা দিতে হবে। নির্ধারিত নিয়ম অনুসরণ না করলে সরকারি থেকে ব্যক্তির হিসাবে সরাসরি অর্থ পাঠানোর পদ্ধতিতে উপবৃত্তি দেওয়া সম্ভব হবে না।

**অভিভাবক না থাকলে শিক্ষার্থীর নিজস্ব হিসাব**

কোনো শিক্ষার্থীর বাবা-মা এবং বিকল্প অভিভাবক হিসেবে উল্লেখিত আপন ভাই-বোন, দাদা-দাদি বা নানা-নানির কেউ জীবিত না থাকলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান তৃতীয় একজনকে অভিভাবক হিসেবে উল্লেখ করে প্রত্যয়নপত্র দেবেন। শিক্ষার্থীর তথ্য অন্তর্ভুক্ত করার সময় ওই প্রত্যয়নপত্র এইচএসপি-এমআইএস সফটওয়্যারে আপলোড করতে হবে।

এ ধরনের শিক্ষার্থীরা শুধু নিজেদের নামে তফসিলি ব্যাংকে স্কুল ব্যাংকিং হিসাব খুলে উপবৃত্তির অর্থ গ্রহণ করতে পারবে। হিসাবটি অবশ্যই শিক্ষার্থীর নিজের নামে হতে হবে।

তবে শিক্ষার্থীর বয়স ১৮ বছর পূর্ণ হলে স্কুল ব্যাংকিং হিসাব স্থগিত হয়ে যায়। এ ক্ষেত্রে নিজের নামে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে সংশ্লিষ্ট ব্যাংক হিসাব হালনাগাদ করতে হবে।

**নতুন শিক্ষাপ্রতিষ্ঠান অন্তর্ভুক্তির সুযোগ**

নির্দেশনায় নতুন শিক্ষাপ্রতিষ্ঠানকে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত করার বিষয়েও বলা হয়েছে। সাধারণ শিক্ষা বোর্ড ও বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অনুমোদনপ্রাপ্ত এবং বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) দেওয়া শিক্ষাপ্রতিষ্ঠান শনাক্তকরণ নম্বর (ইআইআইএন) রয়েছে—এমন প্রতিষ্ঠান এ কর্মসূচিতে অন্তর্ভুক্ত হতে পারবে।

এ জন্য সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে স্কিম পরিচালকের কাছে আবেদন করতে হবে। আবেদনপত্রের নমুনা ও প্রয়োজনীয় তথ্য প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এদিকে, সমন্বিত উপবৃত্তি কর্মসূচির সফটওয়্যার এইচএসপি-এমআইএসে প্রথমবার প্রবেশের জন্য কর্মসূচিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান এবং উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের ‘পাসওয়ার্ড ভুলে গেছেন’ অপশন ব্যবহার করে নতুন পাসওয়ার্ড তৈরি করতে হবে। এর মাধ্যমে ব্যবহারকারীর হিসাব সক্রিয় করা যাবে।

উপবৃত্তি-সংক্রান্ত যেকোনো সমস্যার সমাধানে সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে ই-মেইলে যোগাযোগ করতে বলা হয়েছে।

নির্দেশনায় উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের তাঁদের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের বিষয়টি অবহিত করা এবং উপবৃত্তি কার্যক্রম নিবিড়ভাবে তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে বিষয়টিকে অতীব জরুরি বলে উল্লেখ করেছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।