ঢাকা, বুধবার ১৮, নভেম্বর ২০২৬ ০:৫২:৪২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীর পল্লবী-তিতুমীর-বাড্ডায় বাসে আগুন শিশু রামিসা হত্যাকণ্ড: হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল আজ সুরসম্রাজ্ঞীর জন্মদিন: সুরের ধ্রুবতারা রুনা লায়লা ভুট্টার খোসায় শতাধিক পণ্য, স্বাবলম্বী হচ্ছেন রংপুরের নারীরা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ৪ সমুদ্র বন্দরে সতর্ক সংকেত ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল অস্ট্রেলিয়াও রামিসা হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় আজ

কুয়াশায় ঢাকা পড়েছে শীতের জেলা দিনাজপুর

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১১ এএম, ১৭ নভেম্বর ২০২৬ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শীতে জেলা দিনাজপুরে ঘন কুয়াশা পড়তে শুরু করেছে। যদিও তাপমাত্রার পারদ বেড়ে গেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৬টায় দিনাজপুরের তাপমাত্রা ছিল ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯৫ শতাংশ।

আগামী ১৯ ও ২০ নভেম্বর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর থেকে তাপমাত্রা হ্রাস পেতে পারে।

গত কয়েকদিন ধরে দিনাজপুরে তাপমাত্রা ১৭ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। হঠাৎ করে ঘন কুয়াশার কারণে দিনাজপুরের সড়ক মহাসড়কে যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। ঘন কুয়াশার কারণে আমন ধান কাটা, আলু বীজ রোপণ ও আলুসহ বিভিন্ন সবজির ক্ষেত পরিচর্যায় কিছুটা খরচ বেড়ে যাবে।

দিনাজপুরের সদর উপজেলার আলম বলেন, কয়েকদিন থেকে কুয়াশা পড়ছে। শীত অনুভূত হচ্ছে। তাপমাত্রা কমতে শুরু করেছে। আজ ঘন কুয়াশা পড়েছে। এই ঘন কুয়াশা অব্যাহত থাকলে সবজি চাষের খরচ বেড়ে যাবে।

সদর উপজেলার মিস্ত্রিপাড়া গ্রামের মাহফুজুল ইসলাম দিনার বলেন, আজকের কুয়াশা জানান দিচ্ছে উত্তরের জেলায় শীত এসে গেছে। আমারও প্রস্তুতি নিতে শুরু করেছি।

সদর উপজেলার ঘুঘুডাঙ্গা গ্রামের জুয়েল ইসলাম বলেন, ঘন কুয়াশা রবি শস্যের জন্য কিছুটা বিপজ্জনক, এতে করে সবজি চাষে খরচ বেড়ে যাবে। বেশি কুয়াশা পড়লে আগাম আলুর জন্য ক্ষতিকর হবে। প্রতিদিন স্প্রে করতে গিয়ে খরচ বেড়ে যাবে।

পাইকারি বাজারে সবজি নিয়ে আসা কৃষক আবুজার বলেন, কুয়াশার কারণে ফজরের নামাজের পর রাস্তায় কিছু দেখা যাচ্ছিল না। তাই একটু দেরিতে বের হয়ে ধীরে ধীরে সাইকেল চালিয়ে সবজি নিয়ে আসতে দেরি হয়েছে। এবার আজকেই প্রথম এত কুয়াশা পড়েছে।

শহরের বাহাদুর বাজারে দোকানের জন্য সবজি কিনতে আসা একরামুল ইসলাম বলেন, ঘন কুয়াশার কারণে আজ বাজারে চাষিরা দেরিতে সবজি নিয়ে এসেছেন। তাই বাজার দেরিতে লেগেছে।

শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় দেখা হয় বাসের হেলপার সিরাজের সঙ্গে। তিনি বলেন, কয়েকদিন ধরে কুয়াশা পড়ছে। তবে আজ এত বেশি কুয়াশা পড়েছে যে হেডলাইট, কাটার লাইটসহ সব ধরনের লাইট জ্বালিয়ে যানবাহন চালাতে হচ্ছে।

দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, কয়েকদিন থেকে দিনাজপুরে বেশ কুয়াশা দেখা দিয়েছে। তবে আজ এই মৌসুমে সর্বোচ্চ কুয়াশা পড়েছে। আজ সকাল ৬টায় দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯৫ শতাংশ। আগামী ১৯ ও ২০ নভেম্বর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর থেকে তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে।