ঢাকা, বৃহস্পতিবার ১২, নভেম্বর ২০২৬ ১৮:৫৫:৪৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকায় চাল: বিশেষ ওএমএস চালুর উদ্যোগ তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের অনুভূতি প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা: হুমায়ুন বর্জ্যকে সম্পদ ও প্রবৃদ্ধির উৎসে পরিণত করতে হবে: জুবাইদা রহমান গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর জুবাইদা রহমানের সঙ্গে তুরস্কের ফার্স্ট লেডির সাক্ষাৎ অ্যালুমিনিয়ামের নতুন হাঁড়িতেও মিশছে বিষাক্ত সিসা, ঝুঁকিতে শিশুরা

শীতের অতিথি পাখি বন্দি হচ্ছে শিকারির জালে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০৮ পিএম, ১২ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

শীতের আগমনে দেশের জলাভূমি, বিল, হাওর ও নদীতীরবর্তী এলাকায় আসতে শুরু করেছে নানা প্রজাতির পরিযায়ী পাখি। হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে আসা এসব পাখির জন্য বাংলাদেশের জলাভূমি হয়ে ওঠে শীতকালীন নিরাপদ আশ্রয়। কিন্তু সেই আশ্রয়ই এখন অনেক ক্ষেত্রে পরিণত হচ্ছে শিকারিদের ফাঁদে। রাতের অন্ধকারে কিংবা ভোরের আলো ফোটার আগেই জাল পেতে ধরা হচ্ছে পাখি। পরে সেগুলো বিক্রি হচ্ছে গ্রামের হাটবাজারে।

সম্প্রতি গোপালগঞ্জের সীতারামপুর এলাকায় গিয়ে এমনই এক উদ্বেগজনক চিত্র দেখা গেছে। স্থানীয় গ্রাম্য বাজারে প্রকাশ্যেই বিক্রি হচ্ছিল অতিথি পাখি। বিষয়টি নিয়ে স্থানীয় বয়স্ক ব্যক্তিদের সঙ্গেও কথা বলে জানা যায়, শীত মৌসুমে এ ধরনের পাখি ধরা ও বিক্রির ঘটনা নতুন নয়। জলাশয় ও বিল এলাকা থেকে পাখি ধরে এনে খুব ভোরে বিভিন্ন অস্থায়ী বাজারে বিক্রি করা হয়। ক্রেতারাও সেখানে পাখি কিনতে আসেন।

সবচেয়ে উদ্বেগের বিষয়, এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত অনেকেই জানেন না, কিংবা জানলেও মানতে চান না যে বন্য পাখি শিকার ও বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ।

### জলাশয় থেকে বাজারে পাখি

শীতকালে বাংলাদেশের বিভিন্ন জলাভূমিতে দেশি পাখির পাশাপাশি আসে নানা প্রজাতির পরিযায়ী পাখি। খাদ্য ও নিরাপদ আশ্রয়ের সন্ধানে এসব পাখি বিল, হাওর, নদী, খাল ও জলাশয়ে বিচরণ করে। এ সময় শিকারিরা বিভিন্ন কৌশলে পাখি ধরে।

কোথাও জাল পেতে, কোথাও ফাঁদ ব্যবহার করে, আবার কোথাও রাতের অন্ধকারে পাখির অবস্থান শনাক্ত করে শিকার করা হয়। ধরা পড়া পাখিগুলো অনেক সময় জীবিত অবস্থায় বাজারে আনা হয়। কিছু পাখি বিক্রির আগেই মারা যায়। অস্থায়ী বাজারে ক্রেতাদের কাছে এসব পাখি বিক্রি করা হয়। স্থানীয় পর্যায়ে চাহিদা থাকায় শিকার ও বিক্রির এই চক্র টিকে আছে।

গ্রামাঞ্চলের এসব বাজারে বিক্রি হওয়া পাখির সুনির্দিষ্ট প্রজাতি শনাক্ত করা জরুরি। কারণ এর মধ্যে পরিযায়ী পাখির পাশাপাশি দেশীয় বন্য পাখিও থাকতে পারে। উভয় ক্ষেত্রেই সংরক্ষিত প্রজাতি শিকার ও বাণিজ্য জীববৈচিত্র্যের জন্য বড় হুমকি।

### আইন আছে, প্রয়োগ কোথায়?

বাংলাদেশে বন্যপ্রাণী সংরক্ষণের জন্য আইন রয়েছে। ২০২৬ সালের ১০ এপ্রিল প্রকাশিত বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০২৬-এ বন্যপ্রাণী শিকার, দখলে রাখা, ক্রয়-বিক্রয় ও পরিবহনের বিষয়ে সুস্পষ্ট বিধান রয়েছে।

আইনের ৪১ ও ৪২ ধারায় তফসিলভুক্ত বন্যপ্রাণী শিকারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা এবং অনুমোদন ছাড়া সংশ্লিষ্ট প্রাণীর দেহাংশ, মাংস বা ট্রফি সংগ্রহ, দখলে রাখা, কেনাবেচা ও পরিবহনের বিষয়ে বিধান করা হয়েছে। অপরাধের ধরন ও সংশ্লিষ্ট তফসিল অনুযায়ী সর্বোচ্চ এক বছর কারাদণ্ড বা এক লাখ টাকা জরিমানা এবং অন্য শ্রেণির অপরাধে সর্বোচ্চ ছয় মাস কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে। পুনরাবৃত্তির ক্ষেত্রে দণ্ড আরও বাড়তে পারে।

আইনের ৩৯ ধারায় বন অধিদপ্তরের পাশাপাশি পুলিশ, কাস্টমস, কোস্ট গার্ড ও বিজিবির কর্মকর্তাদেরও বন্যপ্রাণীসংক্রান্ত অপরাধ প্রতিরোধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ক্ষমতা ও দায়িত্ব দেওয়া হয়েছে।

কিন্তু আইনের এসব বিধান থাকা সত্ত্বেও গ্রামের হাটবাজারে পাখি বিক্রি চলতে থাকলে প্রশ্ন ওঠে, মাঠপর্যায়ে নজরদারি কতটা কার্যকর? শিকারি, বিক্রেতা ও ক্রেতাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান না থাকলে শুধু আইন প্রণয়ন করে পাখি রক্ষা করা সম্ভব নয়।

### শুধু পাখি নয়, বিপন্ন হচ্ছে জলাভূমির বাস্তুতন্ত্র

পাখি প্রকৃতির গুরুত্বপূর্ণ অংশ। জলাভূমির খাদ্যশৃঙ্খল ও পরিবেশের ভারসাম্য রক্ষায় তাদের ভূমিকা রয়েছে। কোনো কোনো পাখি জলজ উদ্ভিদ ও পোকামাকড় নিয়ন্ত্রণে সহায়তা করে। আবার পাখির মাধ্যমে উদ্ভিদের বীজ ছড়িয়ে পড়ে বিভিন্ন এলাকায়।

পরিযায়ী পাখিরা এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত করে প্রকৃতির একটি বৃহৎ আন্তদেশীয় বাস্তুতন্ত্রের অংশ হিসেবে। কোনো একটি অঞ্চলে নির্বিচারে শিকার চললে তার প্রভাব শুধু ওই এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকে না। প্রজনন, খাদ্য সংগ্রহ ও পরিযানের স্বাভাবিক প্রক্রিয়াও বাধাগ্রস্ত হতে পারে।

শীতের অতিথি পাখিরা আমাদের প্রকৃতির সৌন্দর্য বাড়ায়। তাদের আগমন জলাভূমির প্রাণবৈচিত্র্যকে সমৃদ্ধ করে। কিন্তু নির্বিচারে শিকার চলতে থাকলে একসময় এসব পাখির সংখ্যা কমে যেতে পারে। কোনো কোনো প্রজাতি স্থানীয়ভাবে হারিয়েও যেতে পারে।

### স্থানীয় প্রশাসনের নজরদারি জরুরি

গোপালগঞ্জের সীতারামপুরের বাজারে দেখা ঘটনা বিচ্ছিন্ন কোনো বিষয় কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। শুধু একটি বাজারে অভিযান চালিয়ে সমস্যার সমাধান হবে না। পাখি কোথা থেকে ধরা হচ্ছে, কারা শিকার করছে, কারা বাজারে আনছে এবং কারা কিনছে—পুরো প্রক্রিয়াটি শনাক্ত করতে হবে।

এ জন্য বন বিভাগ, স্থানীয় প্রশাসন, পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে শীত মৌসুমে জলাশয় ও বিল এলাকায় নিয়মিত নজরদারি বাড়াতে হবে। ভোরের অস্থায়ী বাজারগুলোতে অভিযান চালানোর পাশাপাশি পাখি শিকার ও বিক্রির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।

একই সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও পরিবেশকর্মীদের সম্পৃক্ত করে জনসচেতনতা গড়ে তোলা জরুরি। পাখি কেনা যে শিকারকে উৎসাহিত করে, সেই বিষয়টিও মানুষকে বোঝাতে হবে।

শীতের সকালে জলাশয়ের ওপর ঝাঁকে ঝাঁকে পাখির উড়ে বেড়ানোর দৃশ্য আমাদের প্রকৃতির অমূল্য সম্পদ। সেই দৃশ্যকে অক্ষুণ্ন রাখতে হলে পাখি শিকার বন্ধ করতে হবে। অতিথি পাখিরা আমাদের দেশে আসে আশ্রয় নিতে, মানুষের শিকার হওয়ার জন্য নয়। তাদের নিরাপদ আশ্রয় নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।