ঢাকা, শনিবার ১৫, আগস্ট ২০২৬ ১৮:৩৩:২৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী পাঁচ বছরেও বদলায়নি তালেবান, হতাশ আফগান নারীরা ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা, প্রস্তুত জলকামান ১৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী আজ

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১২ এএম, ১৫ আগস্ট ২০২৬ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ শনিবার। ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন তিনি। এস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদার দম্পতির তৃতীয় সন্তান খালেদা জিয়া। আপসহীন নেত্রী হিসেবে পরিচিত এই মহীয়সী নারীর মৃত্যুর পর এটাই তার প্রথম জন্মদিন। তবে বিগত কয়েক বছরের মতো এবারও তার জন্মদিন ঘিরে থাকছে না আড়ম্বরপূর্ণ কোনো আয়োজন। জন্মদিনে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ঢাকাসহ দেশব্যাপী দলীয় কার্যালয় অথবা মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করবে বিএনপি। কেন্দ্রীয়ভাবে বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই দোয়া মাহফিল হবে। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।

বাংলাদেশের রাজনীতি ও গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে খালেদা জিয়া একটি উজ্জ্বল নাম। ১৯৮১ সালের ৩০ মে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রাম সার্কিট হাউসে নির্মমভাবে নিহত হন। এর পরপরই জিয়াউর রহমানের গড়া বিএনপির রাজনীতিতে আগমন ঘটে গৃহবধূ খালেদা জিয়ার। দলের নেতাকর্মীদের দাবির মুখে ১৯৮২ সালের ২ জানুয়ারি তিনি বিএনপির প্রাথমিক সদস্য হন। এরপর প্রথমে দলের ভাইস চেয়ারম্যান এবং ১৯৮৪ সালে দলের চেয়ারপারসন নির্বাচিত হন তিনি। স্বৈরাচার এরশাদবিরোধী আপসহীন আন্দোলনের পর ১৯৯১ সালে জাতীয় নির্বাচনে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন। সব মিলিয়ে তিন দফায় প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া। এ ছাড়া দুবার সংসদের বিরোধীদলীয় নেতাও হন। ১৯৯৩ সালে তিনি সার্কের প্রথম নারী চেয়ারপারসন হন।

ওয়ান-ইলেভেনের পর তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর তাকে কারাবন্দি করে। ২০০৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত কারাভোগ করেন তিনি। সেবার কারাগারেই জন্মদিন কাটে তার। কারাগারে থাকা অবস্থাতেও তার অনড় মনোভাবের কারণে ‘মাইনাস টু ফর্মুলা’ থেকে সরে এসে সংসদ নির্বাচন দিতে বাধ্য হয় ওই সরকার।

দলীয় প্রধান হিসেবে খালেদা জিয়া সংসদ নির্বাচনগুলোয় যেমন নিজ দলের নেতৃত্ব দিয়েছেন, তেমনি নির্বাচনের মাঠে তার ব্যক্তিগত সাফল্যও শতভাগ। পাঁচটি সংসদ নির্বাচনে ২৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটিতেই বিজয়ী হন তিনি। ১৯৯১ সাল থেকে শুরু করে ২০০১ সাল পর্যন্ত চারটি সংসদ নির্বাচনে খালেদা জিয়া প্রতিবারই পাঁচটি আসনে প্রার্থী হয়েছেন এবং সব আসনে তিনি জয়লাভ করেন। এরপর ২০০৮ সালে খালেদা জিয়া তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনটিতেই জয়ী হন। অবশ্য ২০০৮ সালের ডিসেম্বরে নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি কাঙ্ক্ষিত ফল না পেয়ে সরকার গঠন করতে পারেনি। এরপর খালেদা জিয়ার নেতৃত্বে ২০১৪ সালের ৫ জানুয়ারির একতরফা নির্বাচন বর্জন করে বিএনপি। একাদশ সংসদ নির্বাচনের আগে দুর্নীতির দুই মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যেতে হয় খালেদা জিয়াকে। 

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে একে একে কারামুক্ত হন বিরোধী দলের নেতারা। আওয়ামী লীগের সরকার পতনের তিন দিন পর ৮ আগস্ট রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। এরপর চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করে দুই দশক পর রাষ্ট্র ক্ষমতায় আসে বিএনপি। খালেদা জিয়ার মৃত্যুর পর বিএনপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তার বড় ছেলে তারেক রহমান, যিনি বর্তমানে প্রধানমন্ত্রী।

খালেদা জিয়ার জন্মদিনের কর্মসূচি: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ শনিবার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ঢাকাসহ দেশব্যাপী দলীয় কার্যালয় অথবা মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ঢাকায় নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আজ বেলা ১১টায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন। এ ছাড়া ঢাকাসহ দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গসহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের উক্ত মিলাদ ও দোয়া মাহফিলগুলোয় অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়া খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আজ বিকেলে ঢাকা-১৭ আসনের মহাখালী কড়াইল বস্তি এলাকার টিঅ্যান্ডটি মাঠে দরিদ্র ও অসহায়দের মাঝে অনুদান বিতরণ এবং দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে শিবগঞ্জে দোয়া মাহফিল: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জে গতকাল দোয়া মাহফিল হয়েছে। শিবগঞ্জ উপজেলা বিএনপির তিন দিনের কর্মসূচির অংশ হিসেবে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বেড়াবালা গরীবপুর গ্রামে বায়তুল মামুর জামে মসজিদে উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমানের আয়োজনে গতকাল বাদ জুমা এই দোয়া মাহফিল হয়। দোয়ার আগে স্থানীয় মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দেন খালিদ হাসান আরমান। এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এস এম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, সাংগঠনিক সম্পাদক মাস্টার হারুনুর রশিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, জেড এম মতিন, আব্দুল হান্নান, ফজলুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি, ছামিউল ইসলাম আক্কাস, পৌর যুবদলের সভাপতি আবু শাহীন, মাহাদী হাসান তমাল, আতিকুর রহমান সুজন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মীর মুইনমুর রহমান মুন, পৌর ছাত্রদলের সভাপতি আল-আমিন প্রমুখ।