ঢাকা, বৃহস্পতিবার ০২, জুলাই ২০২৬ ১৭:১৩:২৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’ জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা:উমামা ৬০ বছরের গ্লানি ঘুচিয়ে নতুন ইতিহাস ইংল্যান্ডের বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র

নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৩ পিএম, ২ জুলাই ২০২৬ বৃহস্পতিবার

নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার নির্দেশ

নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার নির্দেশ

প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’-এর উদ্বোধন করেছেন। আজ বৃহস্পতিবার (২ জুলাই) সচিবালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ উদ্বোধন ঘোষণা করেন। এর মাধ্যমে দেশের ৬৪ জেলা ও নির্বাচিত ৭৪টি উপজেলায় একযোগে বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ উদযাপনের কর্মসূচির সূচনা হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে বছরজুড়ে নানা সাংস্কৃতিক ও গবেষণাধর্মী কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান।

উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশের ভূখণ্ডে জন্মগ্রহণ না করলেও তাঁর হৃদয়জুড়ে ছিল সমগ্র বাংলাদেশ। একইভাবে বাংলাদেশের মানুষও তাঁকে আপন করে নিয়েছে। 

তিনি বলেন, নজরুলের সাহিত্য, সংগীত ও দর্শন বাঙালির স্বাধীনতা, সাম্য, মানবতা এবং অসাম্প্রদায়িক চেতনার অন্যতম ভিত্তি।

তারেক রহমান জানান, ১৯১৪ সালে কিশোর বয়সে নজরুল প্রথম ময়মনসিংহের ত্রিশালে এসেছিলেন। সেই ঐতিহাসিক স্মৃতিকে সংরক্ষণ ও পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে ত্রিশালকে ‘নজরুল সিটি’ হিসেবে ঘোষণার সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত সময়কে সরকার আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছে। বিদ্রোহ, প্রেম, সাম্য, মানবতা ও তারুণ্যের কবি হিসেবে নজরুলের অবদান বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। পরাধীনতার বিরুদ্ধে তাঁর লেখনী যেমন মানুষকে জাগিয়েছিল, তেমনি মহান মুক্তিযুদ্ধসহ দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনেও তাঁর কবিতা ও গান অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছিল।

প্রধানমন্ত্রী আরও বলেন, নজরুল শুধু অতীতের নন, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছেও সমান প্রাসঙ্গিক। তাই নতুন প্রজন্মের মধ্যে জাতীয় কবির জীবন, কর্ম ও আদর্শ ছড়িয়ে দিতে বছরব্যাপী দেশজুড়ে সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান, গবেষণা, প্রকাশনা, আবৃত্তি, সংগীতানুষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

সরকার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে এ বছরব্যাপী কর্মসূচির উদ্যোগ নিয়েছে। এর আগে, গত ২৫ মে ময়মনসিংহের ত্রিশালে নজরুলের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এক বছরকে ‘নজরুল বর্ষ’ হিসেবে পালনের ঘোষণা দিয়েছিলেন। বৃহস্পতিবার সচিবালয়ের অনুষ্ঠানের মাধ্যমে সেই ঘোষণার আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো।

অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষাবিদ, সাহিত্যিক, শিল্পী, গবেষক এবং বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।