ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ৪:০৯:১৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নারী শিশুসহ ৩১ রোহিঙ্গাকে নিয়ে গেছে বিএসএফ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০০ পিএম, ২২ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা কাজিয়াতলী সীমান্তের শূন্যরেখায় (নো ম্যানস ল্যান্ড) আটকে পড়া নারী শিশুসহ ৩১জন রোহিঙ্গাকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা নিয়ে গেছে বলে জানিয়েছে বিজিবি। তবে এ বিষয়ে বিএসএফের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এমনকি ওই রোহিঙ্গাদের কোথায় নিয়ে গেছে তাও জানা যায়নি।

২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মুহাম্মদ গোলাম কবির মঙ্গলবার গণমাধ্যমকে বলেন, সকাল ৭টার দিকে গোপীনাথপুর ইউনিয়নের কাজিয়াতলী সীমান্তের শূন্যরেখা থেকে বিএসএফ সদস্যরা ওই রোহিঙ্গাদের নিয়ে যায়।

ভারত সরকার সে দেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের বিতাড়ণের উদ্যোগ নেয়ায় সেদেশে অবস্থান নেয়া রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। তাদেরই একটি দলকে গত ১৮ জানুয়ারি সন্ধ্যায় কসবার কাজিয়াতলী সীমান্তের ২০২৯ নম্বর পিলারের কাছে কাঁটাতারের বেড়ার একটি পকেট গেইট দিয়ে বাংলাদেশে পুশব্যাক করার চেষ্টা করে বিএসএফ।

পরে বিজিবি বাধা দিলে রোহিঙ্গাদের দলটি শূন্যরেখায় অবস্থান নেয়। সেই থেকে শীতের মধ্যে খোলা আকাশের নিচে অবস্থান করছিল ১৭ শিশুসহ ৩১ রোহিঙ্গার ওই দলটি।

রোহিঙ্গাদের ওই দলটির অধিকাংশই ভারতের জম্মু ও কাশ্মিরে আশ্রয় নিয়ে ছিলেন। ভারতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের দেয়া শরণার্থী পরিচয়পত্রও তাদের কারও কারও কাছে ছিল।

এ নিয়ে শনি ও রবিবার দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কয়েক দফা পতাকা বৈঠক হলেও তাতে কোনো সমাধান আসেনি। তবে মঙ্গলবার কোনো ঘোষণা ছাড়াই বিএসএফ ওই রোহিঙ্গাদের শূন্য রেখা থেকে সরিয়ে নিয়ে যায়।

বিএসএফ যেন রোহিঙ্গাদের বাংলাদেশে ঢোকাতে না পারে সেজন্যে সীমান্তে সতর্কতা বাড়ানো হয়েছে বলে বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন।  

-জেডসি