ভোলার মনপুরায় পর্যটনের নতুন সম্ভাবনা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:০৯ পিএম, ১৬ জানুয়ারি ২০২১ শনিবার
ভোলার মনপুরায় পর্যটনের নতুন সম্ভাবনা
ভোলা জেলার সর্ব দক্ষিণের বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় পর্যটনের নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। মনপুরার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর এলাকা। এই এলাকায় মেঘনা ও বঙ্গোপসাগরের মিলনস্থলে ঢেউয়ের তোড়ে পলি জমে জেগে উঠেছে প্রায় এক কিলোমিটার দীর্ঘ বালির সৈকত। সৈকতের এক পাশে মাথা উঁচু করে থাকা সারি সারি কেওড়া গাছের সবুজের সমারহের ম্যানগ্রোভ বনাঞ্চল। বনে হরিণের ছুটে চলা, সৈকতে অতিথি পাখির উড়ে বেড়ানো যে কাউকে মুগ্ধ করবে। প্রকৃতির এমন অপার সৌন্দর্য উপভোগ করতে এখানে প্রতিদিন ভ্রমণ পিপাসুরা ভিড় করছে। স্থানীয়রা যার নাম দিয়েছে ‘দখিনা হাওয়া, সী-বিচ’। এ বিচকে ঘিরেই মনপুরা হতে পারে দেশের অন্যতম পর্যটন স্পট।
বঙ্গোপসাগরের কোলঘষে জেগে উঠা দ্বীপকন্যার নীল আকাশ আর সাগরের ঢেউয়ের কেন্দ্রবিন্দুতে থাকা এ বালির সৈকত দেখে মনে হবে কক্সবাজার অথবা কুয়াকাটা সমুদ্র সৈকত। যেখানে একই সঙ্গে দেখা মিলবে নীল আকাশের জলরাশি, ম্যানগ্রোভ বন, হরিণ, নানা প্রজাতির অতিথি পাখি আর সূর্য উদয় এবং সূর্যাস্তের অপরুপ দৃশ্য। রাতের অন্ধকারে ‘দখিনা হাওয়া, সী-বিচ’ ভিন্ন রূপ ধারণ করে।
এসময় তাবুতে রাত কাটানো, সাথে ক্যাম্প ফায়ার, বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন নিয়ে হই হুল্লোর আর বারবিকিউ পার্টির মজাই আলাদা। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সাগর মোহনার মনপুরা দ্বীপের খ্যাতি রয়েছে অনেক আগে থেকেই। সেই সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে সাগরের ঢেউয়ে গা ভাসানোর সুযোগ।
এবছর শীত মৌসুমের শুরু থেকেই এ পর্যটন স্পটে মানুষের ঢল নামে। বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, বিচারক, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, জেলা জজ, ইউএনওসহ সরকারের নানা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সৈকতটির সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসেন।
এছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলবেঁধে, অনেকে আবার লঞ্চ রিজার্ভ করে এ সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসছেন প্রতিনিয়ত। পিকনিক স্পোট হিসেবেও বিভিন্ন সংগঠন এ বিচটিকে বেছে নিয়েছে।
সৈকতের সৌন্দর্য উপভোগ করার পাশাপশি পর্যটকদের বিশ্রাম নেয়ার জন্য অর্ধশতাধিক ছাতা ও বেঞ্চ বসানো হয়েছে। আছে ছনের তৈরি একাধিক গোলঘর, বৈঠকখানা, দোলনা। পাশাপশি পর্যটকদের সুরক্ষায় ব্যবস্থা করা হয়েছে লাইফ জ্যাকেটের।
বিচে ঘুরতে আসা পর্যটক জাফর আহমেদ, সজিব হোসেন ও রবিন ঘোষ জানান, ভ্রমণের জন্য জায়গাটা খুবই চমৎকার। পরিবার নিয়ে ভালো সময় কাটানো যায়। ‘দখিনা হাওয়া সী-বিচ’ সমুদ্র সৈকত হিসেবে এক অন্য রকম যায়গা। কক্সবাজার ও কুয়াকাটা সৈকত থেকেও আলাদা কিছু। তাই মনপুরাকে পর্যটন কেন্দ্র ঘোষণা এখন সময়ের দাবি বলে জানান ঘুরতে আসা এসব পর্যটক।
স্থানীয় সাংবাদকর্মী আব্দুল্লাহ জুয়েল বলেন, এখানে প্রবেশের কোন ফি দিতে হয়না। দিতে হয়না বেঞ্চে বসার কোন চার্য। বৃহস্পতি, শুক্র ও শনিবার বিচটিতে পর্যটকদের বেশি ভিড় থাকে। কারণ ছুটি থাকায় এসময় ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটক আসে এখানকার সৌন্দর্য উপভোগ করতে।
দক্ষিণ সাকুচিয়া ইউপি চেয়ারম্যান অলি উল্লা কাজল ও তার সহধর্মিণী সাথী কাজলের উদ্যোগ সী-বিচটির শোভা বর্ধনের কাজ শুরু হয়। কয়েক মাস আগেই এ সী-বিচের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অন্যান্য মাধ্যমে পর্যটকদের আকর্ষণীয় করতে শুরু হয় প্রচার-প্রচারণা। এছাড়াও ঘুরতে আসা পর্যটকদের নিরাপত্তাসহ অন্যান্য সুবিধা দেওয়ার জন্য ২০ সদস্যের স্থানীয় একটি তরুণ সংগঠন স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে যাচ্ছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান অলি উল্লা কাজল বলেন, দুই বছর আগে এখানে বিচটি জেগে উঠে। গত রোজার ঈদের পর থেকেই এ দ্বীপটির সৌন্দর্য প্রকাশ পেতে থাকে। পরে আমি উদ্যোগ নিয়ে এর সৌন্দর্য বিস্তারে কাজ করি। বর্তমানে এটি পর্যটকদের আকৃষ্ট করতে সক্ষম হয়েছে। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এখানে একটি ওয়াস রুম স্থাপনের কাজ চলছে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী জানান, সী-বিচের শোভা বর্ধনের জন্য ইতিমধ্যে জেলা প্রশাসকের কাছে ১ কোটি ২০ লাখ টাকার একটি প্রকল্প পাঠানো হয়েছে। প্রকল্পটি অনুমোদন পেলে ‘দখিনা হাওয়া সী-বিচকে’ বাংলাদেশের মধ্যে অন্যতম একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।
মনপুরা উপজেলা নির্বাহী অফিসার শামীম মিয়া জানান, জেলা প্রশাসন থেকে গত সেপ্টেম্বরে ভোলার উন্নয়ন পরিকল্পনা নিয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে। সেখানে মনপুরা উপজেলাকে পর্যটন কেন্দ্র গড়ে তোলার প্রস্তাব রয়েছে।
এছাড়া ঘুরতে আসা পর্যটকদের হয়রানি থেকে মুক্ত রাখার জন্য পুলিশ প্রশাসনসহ জন প্রতিনিধিদের নির্দেশ দেওয়া হয়েছে। সব মিলিয়ে মনপুরায় পর্যটনের অপার সম্ভবনা রয়েছে।
কিভাবে যাবেন:
ঢাকার সদরঘাট থেকে বিকেল ৫ টায় এমভি ফারহান ও সাড়ে ৫ টায় এফবি তাসরিফ লঞ্চে ডেকে ৩৫০ টাকা ও কেবিনে ১২০০ টাকায় সরাসরি মনপুরায় আসতে পারেন। এছাড়াও বরিশাল থেকে লঞ্চযোগে ভোলার ভেদুরিয়া হয়ে বাসযোগে তজুমুদ্দিন সীট্রাক ঘাট। সেখান থেকে লঞ্চ করে সন্ধ্যায় মনপুরায়। অপরদিকে ভোলার ভেদুরিয়া থেকে বাসযোগে চরফ্যাশন লঞ্চঘাট। সেখান থেকে লঞ্চ করে সরাসরি মনপুরার জনতা ঘাট হয়ে দখিনা হাওয়া সী-বিচে যেতে পারেন।
পর্যটকদের থাকা-খাওয়ার ব্যবস্থা:
সী-বিচ সংলগ্ন থাকার ব্যবস্থা নেই। তবে উপজেলা শহরে জেলা পরিষদের চারতলা ও দুই তলা দুইটি ডাকবাংলো ও পানি উন্নয়ন বোর্ডের রয়েছে একটি ডাকবাংলো। এছাড়াও ব্যক্তিগত উদ্যোগে গড়ে উঠেছে আধুনিক আবাসিক হোটেল। মনপুরা সদর থেকে অটোরিকসা ও ভাড়ায় চালিত মোটর সাইকেল করে বিচে যাওয়া যায়। এখানকার খাবার হিসেবে- শীতের হাঁস, বন মোরগ, তাজা ইলিশ, রূপসী মাছ ও মহিষের দুধের টক দইয়ের বিশেষ চাহিদা রয়েছে। স্থানীয় হোটেলে খুব সহযেই মিলবে এসব খাবার। আর দামও হাতের নাগালে।
- জিন বহনের নয়া পদ্ধতি আবিষ্কার চীনা বিজ্ঞানীদের
- পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন কারাবন্দিরা
- ৪৭ বছর ধরে শিশুদের জন্য কাজ করছে সুরভী: জাইমা
- চালকদের বদঅভ্যাসেই শব্দদূষণ বাড়ছে: রিজওয়ানা
- র্যাবের নাম বদলে হচ্ছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
- রমজানে কম দামে মাংস, মুরগি, ডিম ও দুধ বিক্রি করবে সরকার
- নির্বাচনের আগে: স্লোগানের রাজনীতি ও জনমনের ভাষা
- শবে বরাত: ক্ষমা, প্রার্থনা ও আত্মশুদ্ধির রজনী
- ফের স্বর্ণের দামে বড় লাফ, কত বাড়লো দাম?
- ভারতকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ
- কোস্টারিকা প্রেসিডেন্ট হিসেবে বেছে নিল লরাকে
- আজ মঙ্গলবার ঢাকা শহরের যেসব মার্কেট বন্ধ
- রাজধানী ও আশপাশের আবহাওয়া আজ শুষ্ক থাকবে
- আবারও দেশে ভূমিকম্প অনুভূত, মাত্রা ৪.১
- বাড়নো হয়েছে শিক্ষাবৃত্তির আবেদনের সময়
- হ্যাঁ‑না ভোট: গণতান্ত্রিক পরীক্ষা নাকি রাজনৈতিক কৌশল?
- রমজানে কম দামে মাংস, মুরগি, ডিম ও দুধ বিক্রি করবে সরকার
- এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে আজ
- জামায়াত আমিরের মন্তব্যে নারীদের প্রতিবাদে তোলপাড়
- ২০২৬ সালের শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশ
- ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ১,৩৫৬ টাকা
- নারীদের ঘরে বন্দি রাখতে চায় একটি দল: তারেক রহমান
- ফেব্রুয়ারিতে শিক্ষা প্রতিষ্ঠানে মিলছে টানা ছুটি
- জামায়াত আমিরের মন্তব্যে পেশাজীবী নারীদের প্রতিবাদ
- নির্বাচনের আগে: স্লোগানের রাজনীতি ও জনমনের ভাষা
- ওমরাহ ব্যবস্থাপনায় অনিয়ম: ১,৮০০ বিদেশি এজেন্সির চুক্তি স্থগিত
- আংশিক মেঘলা হলেও ঢাকায় আজ বাড়তে পারে তাপমাত্রা
- ভারতকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ
- ২৪ ঘণ্টায় ৩ দফা কমল সোনার দাম
- ফের স্বর্ণের দামে বড় লাফ, কত বাড়লো দাম?





