ঢাকা, মঙ্গলবার ২০, অক্টোবর ২০২৬ ১৩:৫৮:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০২ পিএম, ২০ অক্টোবর ২০২৬ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দুর্গাপূজার উৎসবের আমেজে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তিন সিনেমা। আর এই তিন সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় আলোচনায় এসেছেন তিন অভিনেত্রী—মৌ খান, রাফাহ নানজিবা তোরসা ও আজিজুন মিম। তিনজনের অভিনীত সিনেমার গল্প, চরিত্র ও প্রেক্ষাপট আলাদা। একদিকে পারিবারিক আবেগ ও ভালোবাসার গল্প, অন্যদিকে ব্যবসা, রাজনীতি ও সিন্ডিকেটের সংঘাত; পাশাপাশি নব্বইয়ের দশকের ক্যাম্পাসজীবনের সত্য ঘটনা। ভিন্নধর্মী এই তিন সিনেমা ঘিরে দর্শকের আগ্রহ তৈরি হয়েছে। এখন প্রশ্ন, পূজার বাজারে শেষ পর্যন্ত কোন সিনেমাটি দর্শকের মন জয় করবে? কার অভিনীত সিনেমা টানবে বেশি দর্শক?

তিন সিনেমার মধ্যে অভিজ্ঞতায় এগিয়ে রয়েছেন মৌ খান। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা এই অভিনেত্রী ২০১৯ সালে ‘প্রতিশোধের আগুন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষিক্ত হন। এরপর একাধিক সিনেমার পাশাপাশি ওয়েব ফিল্মেও অভিনয় করেছেন তিনি। এবার পূজায় দর্শকের সামনে হাজির হয়েছেন পারিবারিক গল্পের সিনেমা ‘স্নেহের বন্ধন’ নিয়ে।

সিনেমাটিতে মৌকে দেখা যাবে ভিন্ন এক চরিত্রে। নিজের আগের কাজগুলোর সঙ্গে এই চরিত্রের পার্থক্য তুলে ধরে অভিনেত্রী বলেন, ‘আমি এর আগে যতগুলো সিনেমায় অভিনয় করেছি, সেগুলোর তুলনায় এই চরিত্রটি আমার কাছে একেবারেই ভিন্ন মনে হয়েছে। এখানে অভিনয়ের অনেক জায়গা ছিল। সিনেমাটিতে ফ্যামিলি ড্রামা, রোম্যান্স ও পারিবারিক মূল্যবোধ তুলে ধরা হয়েছে। সেই জায়গা থেকে আমাকে একেবারে ভিন্ন একটি চরিত্রে উপস্থাপন করতে হয়েছে। দর্শক সিনেমাটি দেখলেই বুঝতে পারবেন কেমন হয়েছে। আমি আমার জায়গা থেকে সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। চরিত্রটি ভীষণ চ্যালেঞ্জিং ও মায়াবী। আশা করছি, দর্শক হল থেকে নিরাশ হয়ে ফিরবেন না।’

‘স্নেহের বন্ধন’-এ পরিবারের নানা ঘটনা ও সম্পর্কের গল্প উঠে এসেছে। দর্শক নিজেদের জীবনের সঙ্গে সিনেমার গল্পের মিল খুঁজে পাবেন বলে মনে করেন মৌ। সিনেমাটি নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমি অনেক আশাবাদী, দর্শক সিনেমাটি দেখবেন এবং এ সম্পর্কে জানবেন। অনেকে পরিবার নিয়েও সিনেমাটি দেখেছেন। তাদের অনেকেই আমাদের জানিয়েছেন, সিনেমাটি ভালো হয়েছে।’

অন্যদিকে, পূজায় মুক্তি পাওয়া ‘কাটপিস’ সিনেমার মধ্য দিয়ে নায়িকা হিসেবে অভিষেক হয়েছে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯-এর মুকুটজয়ী রাফাহ নানজিবা তোরসার। যদিও শিশুশিল্পী হিসেবে ‘হালদা’ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি, তবে নায়িকা হিসেবে এটিই তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা। এটি তোরসা অভিনীত তৃতীয় সিনেমা হলেও মুক্তির দিক থেকে প্রথম।

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘কাটপিস’-এর গল্পের সূত্র মিরপুরের এক ব্যক্তির জীবন থেকে নেওয়া। ঝুট ব্যবসাকে কেন্দ্র করে গড়ে ওঠা সিনেমাটিতে উঠে এসেছে ব্যবসার জটিলতা, রাজনীতি ও সিন্ডিকেটের প্রভাব। এসবের জেরে সংঘাত, খুনোখুনি এবং পারিবারিক জীবনে নেমে আসা অনিশ্চয়তার চিত্রও রয়েছে গল্পে।

সিনেমাটিতে মিরপুরের এক সাধারণ মেয়ে মালার চরিত্রে অভিনয় করেছেন তোরসা। চরিত্রটির প্রয়োজনে নিজেকে ভিন্নভাবে তৈরি করতে হয়েছে তাকে। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘মালার চরিত্রে অভিনয় করতে গিয়ে আমাকে একেবারেই ভিন্ন লুকে, ভিন্ন অবতারে আসতে হয়েছে। মিরপুরের ভাষায় কথা বলতে হয়েছে। আমার জন্য এটা খুবই মজার এবং নতুন একটা অভিজ্ঞতা ছিল।’

গল্পের বাস্তবতা দর্শকদের আকৃষ্ট করবে বলে আশা তোরসার। তার ভাষ্য, ‘গল্পের সঙ্গে দর্শক নিজেদের মিল খুঁজে পাবেন। গল্পের প্রবাহ যেমনই হোক, দর্শক কোনো না কোনো ঘটনা বা পরিস্থিতির সঙ্গে নিজেদের অভিজ্ঞতা মিলিয়ে নিতে পারবেন। আমরা যারা সরাসরি এ ধরনের সমস্যায় পড়িনি, তারাও এসব ঘটনা শুনেছি বা দেখেছি। সেই জায়গা থেকে দর্শক সিনেমাটি উপভোগ করবেন বলে আশা করি। এটি ভিন্নধর্মী একটি ঘটনা নিয়ে তৈরি সিনেমা।’

এদিকে, ‘চিরকুট’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছে অভিনেত্রী আজিজুন মিমের। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নব্বইয়ের দশকের একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। বিশ্ববিদ্যালয়জীবনের স্মৃতি, সেই সময়ের বাস্তবতা ও ক্যাম্পাসের নস্টালজিয়াকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমা দর্শককে প্রেক্ষাগৃহে টানবে বলে প্রত্যাশা মিমের।

প্রথম ফিচার ফিল্মে প্রধান চরিত্রে অভিনয় করায় ‘চিরকুট’ মিমের কাছে বিশেষ আবেগের জায়গা। সিনেমাটিতে তার অভিনীত শিলা চরিত্রটির সঙ্গে দীর্ঘ তিন বছর ধরে নিজেকে জড়িয়ে রেখেছেন তিনি। ফলে চরিত্রটির প্রতি তৈরি হয়েছে গভীর মায়া। সিনেমাটি নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেত্রী, একপর্যায়ে চোখেও আসে জল। প্রথম সিনেমার সঙ্গে এমন আবেগের সম্পর্ক তার কাছে শিলাকে শুধু একটি চরিত্র নয়, বরং দীর্ঘদিনের সঙ্গী করে তুলেছে।

সব মিলিয়ে এবারের পূজায় তিন অভিনেত্রীকে ঘিরে তৈরি হয়েছে ভিন্নধর্মী আগ্রহ। মৌ খান পরিচিত মুখ হিসেবে দর্শকের সামনে হাজির হয়েছেন পারিবারিক গল্পের সিনেমা নিয়ে। তোরসার ‘কাটপিস’ তুলে ধরছে বাস্তব ঘটনা ও সংঘাতের গল্প। আর মিমের ‘চিরকুট’ দর্শকদের ফিরিয়ে নিতে চায় নব্বইয়ের দশকের বিশ্ববিদ্যালয়জীবনে। তিন সিনেমার গল্প ও অভিনয়শৈলীতে রয়েছে আলাদা বৈশিষ্ট্য। তবে উৎসবের বাজারে শেষ পর্যন্ত কোন সিনেমা দর্শকের বেশি মনোযোগ কাড়বে, কোন নায়িকার ভাগ্যে জুটবে সাফল্য—সেই হিসাব মিলবে প্রেক্ষাগৃহের দর্শক উপস্থিতি ও সময়ের সঙ্গে।