ঢাকা, শুক্রবার ১২, জুন ২০২৬ ৪:৫৭:২৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা আজ বৃহস্পতিবার পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের

কোটালিপাড়ায় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৬ পিএম, ৮ ডিসেম্বর ২০২৩ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দুদিন গোপালগঞ্জ সফরের শেষ দিনে আজ শুক্রবার সকালে নিজ নির্বাচনী এলাকা কোটালিপাড়ায় স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সাথে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সকাল ১০টার কিছু আগে সীমিত গাড়িবহর নিয়ে টুঙ্গিপাড়া থেকে কোটালিপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ এরপরই স্থানীয় নেতাদের সাথে এক মতবিনিময় সভায় যোগ দেন এবং সবাইকে একসঙ্গে কাজ করার নির্দেশ দেন তিনি।

টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর এবারের সফরে কিছুটা ভিন্নতা দেখা গেছে তার গাড়ি ব্যবহারের ক্ষেত্রে। স্বাভাবিক সময়ে সরকারি গাড়ি থাকলেও, এবারের সফরে শেখ হাসিনাকে তার ব্যক্তিগত গাড়ি ব্যবহার করতে দেখা গেছে৷ অন্য সময়ে সরকারি সুবিধা থাকলেও, এবার তার গাড়িতে কোনো জাতীয় পতাকাও ছিলো না৷


এর আগে, গতকাল (বৃহস্পতিবার) রাতে টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ বাসভবনে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে বৈঠক করেন। সেখানে নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির ব্যাপক প্রচার-প্রচারণা চালাতে হবে। জনগণের দোরগোড়ায় যেতে হবে এবং সরকারের সাফল্যের কথা তুলে ধরতে হবে।

কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেদিকে লক্ষ্য রাখার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, কোনো অবস্থাতেই বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেয়া যাবে না। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করা যাবে না।


বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেল ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে দুদিনের সফরে টুঙ্গিপাড়া পৌঁছান। তারপর তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি বেদীতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে জাতির মহানায়ক বঙ্গবন্ধুর প্রতি সম্মান প্রদর্শন করেন। পরে পরিবারের সদস্যদের নিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ শেখ হাসিনা ফাতেহা পাঠ করেন এবং মোনাজাতে অংশ নেন।

এদিন নিজ বাড়িতে রাতযাপন করেন প্রধানমন্ত্রী। এরপর শুক্রবার সকালে তিনি নির্বাচনী এলাকা কোটালীপাড়ায় যান। সেখানে এখন উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীর সঙ্গে তার পূর্ব নির্ধারিত মতবিনিময় কর্মসূচি চলছে। স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক শেষে বিকেলেই সড়কপথে শেখ হাসিনার ঢাকা ফেরার কথা৷


প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ আগমনকে কেন্দ্র করে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।