ঢাকা, বৃহস্পতিবার ০৪, জুন ২০২৬ ১৭:১৬:০৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার

খেলতে হলে ভারতেই, নইলে ছাড়তে হবে বিশ্বকাপ: আইসিসি

ক্রীড়া প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০১ এএম, ৭ জানুয়ারি ২০২৬ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু ভারত থেকে সরিয়ে নেওয়ার যে দাবি জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), তা সরাসরি নাকচ করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জানিয়ে দিয়েছে, বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে। অন্যথায় পয়েন্ট ছেড়ে দেওয়া বা টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানো ছাড়া কোনো পথ খোলা নেই। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো ও ক্রিকবাজের প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার আইসিসি ও বিসিবির মধ্যে অনুষ্ঠিত এক অনলাইন সভায় এই কঠোর বার্তা দেওয়া হয়। ক্রিকবাজ জানিয়েছে, ভারতে নিরাপত্তা শঙ্কা নিয়ে বিসিবির দাবির সঙ্গে একমত নয় আইসিসি। তারা নিজেদের অবস্থানে অনড় এবং ভেন্যু পরিবর্তনের কোনো সুযোগ নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে। তবে ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, বিসিবি আইসিসির কাছ থেকে এমন ‘আলটিমেটাম’ পাওয়ার বিষয়টি অস্বীকার করেছে। সভায় চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না এলেও শনিবারের মধ্যে বিসিবিকে তাদের চূড়ান্ত অবস্থান জানানোর সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এদিকে এই বৈঠকের ফলাফল নিয়ে এখন পর্যন্ত আইসিসি বা বিসিবি কোনো পক্ষই কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

মূলত আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া নিয়েই এই টানাপোড়েনের শুরু। ভারতের রাজনৈতিক ও ধর্মীয় গোষ্ঠীর চাপের মুখে বিসিসিআইয়ের নির্দেশে কেকেআর মুস্তাফিজকে ছেড়ে দেয়। এর প্রতিবাদে বাংলাদেশ সরকার দেশে আইপিএল সম্প্রচার বন্ধ করে এবং বিসিবি নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায়।

এদিকে বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র এক মাস। সূচি অনুযায়ী আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হওয়ার কথা। গ্রুপ পর্বে ইংল্যান্ড ও ইতালির বিপক্ষে ম্যাচও রয়েছে কলকাতায় এবং শেষ ম্যাচ মুম্বাইয়ে। এখন আইসিসির এই কঠোর অবস্থানের পর বিসিবি কী সিদ্ধান্ত নেয়, সেটাই দেখার বিষয়।