ঢাকা, বুধবার ০৪, ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৪৩:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ ঢাকার বায়ু ২০৩০ সালের মধ্যে ৫৪ লাখ শিশুর মৃত্যুঝুঁকি: গবেষণা সতর্কবার্তা পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন কারাবন্দিরা চালকদের বদঅভ্যাসেই শব্দদূষণ বাড়ছে: রিজওয়ানা রমজানে কম দামে মাংস, মুরগি, ডিম ও দুধ বিক্রি করবে সরকার

গাইবান্ধা উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫৯ এএম, ৪ জানুয়ারি ২০২৩ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

শুরু হয়েছে গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ। বুধবার সকাল সাড়ে ৮টায় শুরু হওয়া এই ভোটগ্রহণ বিরতিহীনভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

ইসির যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান জানিয়েছেন, ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ১৪৩ কেন্দ্রের প্রতিটিতে বসানো হয়েছে সিসি ক্যামেরা। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও নির্বাচন কমিশন থেকে সিসি ক্যামেরার মাধ্যমে ভোট সরাসরি পর্যবেক্ষণ করা হবে।

গাইবান্ধার নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, আমরা কোনো ধরনের অনিয়মের পক্ষপাতিত্ব করি না বা অনিয়মকে প্রশ্রয় দেই না এবং দেবোও না।

তিনি বলেন, গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে করার জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এর আগে অনিয়মের কারণে গাইবান্ধার উপ-নির্বাচন বন্ধ করা হয়েছিলো। ওই নির্বাচনে অনিয়মের দায়ে ১৩৪ জনের বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থাও নিয়েছি।

নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা জানিয়েছেন, ১২ অক্টোবরের মতো অনিয়ম পেলে ফের ভোটগ্রহণ বন্ধ করা হবে। কোনো ছাড় দেয়া হবে না।

নির্বাচন উপলক্ষে এরইমধ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে নেমেছেন। সাধারণ ভোটকেন্দ্রে ১৬ থেকে ১৭ জন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে নিয়োজিত রয়েছে ১৭ থেকে ১৮ জনের ফোর্স। ভোটকেন্দ্র পাহারায় পুলিশ, অঙ্গীভূত আনসার ও গ্রাম পুলিশ ভোটের আগে পরে চারদিনের জন্য মোতায়েন থাকবে।

এছাড়া পুলিশ, এপিবিএন ও ব্যাটালিয়ন আনসারের ছয়টি ভ্রাম্যমাণ ও চারটি স্ট্রাইকিং ফোর্স ভোটের মাঠে থাকবে। অন্যদিকে চার প্লাটুন বিজিবি ও র‌্যাবের নয়টি টিম আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবে। নয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দুইজন বিচারিক ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও সংক্ষিপ্ত বিচারকাজ সম্পন্ন করবেন।

নির্বাচনে মাহমুদ হাসান রিপন (আওয়ামী লীগ), এ এইচ এম গোলাম শহীদ রঞ্জু (জাতীয় পার্টি), অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম (বিকল্প ধারা), নাহিদুজ্জামান নিশাদ (স্বতন্ত্র) ও সৈয়দ মাহবুবুর রহমান (স্বতন্ত্র) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সাঘাটা ও ফুলছড়ি দু’টি উপজেলা নিয়ে এ সংসদীয় আসন গঠিত। এতে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ৭৪৩ জন। এর মধ্যে ফুলছড়ির সাতটি ইউনিয়নে ১ লাখ ১৪ হাজার ৬৭৬ জন এবং সাঘাটার ১০টি ইউনিয়নে ২ লাখ ২৫ হাজার ৭০ জন।

গত ১২ অক্টোবর এ আসনের উপ-নির্বাচনে ব্যাপক অনিয়মের কারণে ভোটগ্রহণ বন্ধ করে দেয় ইসি। পরে ৪ জানুয়ারি ভোটের নতুন তারিখ দেয় সংস্থাটি। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার মৃত্যুতে গাইবান্ধা-৫ আসনটি শূন্য হয়।