ঢাকা, বৃহস্পতিবার ১২, ফেব্রুয়ারি ২০২৬ ১৮:১২:২০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের নারী ভোটারদের পদচারণায় মুখর ভোটকেন্দ্র রাজধানীসহ সারা দেশে ভোটগ্রহণ চলছে দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ভোট দিয়ে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তারেক রহমান

ছেলেরা বিসিএস ক্যাডার-ব্যবসায়ী, মাকে উদ্ধার করা হলো মলমূত্র থেকে

ফেনী প্রতিনিধি | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০০ এএম, ২৪ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

৮০ বছরের বৃদ্ধা মা একাই থাকেন একটি নির্জন বাড়িতে। তার তিন ছেলের একজন বিসিএস ক্যাডার ও অন্য দুজন ব্যবসায়ী। তারা নিজেদের পরিবার নিয়ে আলাদা থাকেন। বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ডিগ্রি নেওয়া মেয়ে থাকেন স্বামীর বাড়িতে। আর তাদের মায়ের স্থান হয়েছে গ্রামের একটি বাড়িতে।

গতকাল মঙ্গলবার বিকেলে ফেনী পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড মধুপুর থেকে মৃদুল সাহা নামের এক বৃদ্ধা মাকে উদ্ধার করেছে পুলিশ। কক্সবাজার থেকে বিসিএস ক্যাডার ছেলের দেওয়া খবরে পুলিশ ও স্থানীয় কাউন্সিলর লাশ উদ্ধার করতে গিয়ে দেখেন ওই বৃদ্ধা এখনো জীবিত। নিজের মলমূত্রে ডুবে আছেন তিনি।

ফেনী পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবু ইউছুপ ভূঁইয়া বাদল জানান, ওই বৃদ্ধা মায়ের মেজ ছেলে সুশান্ত সাহা কক্সবাজার থেকে ফোন দিয়ে জানান তার মা ঘরে মারা গেছেন। সেখান থেকে তার মায়ের লাশ উদ্ধার করতে হবে। পরে তিনি পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে ওই বৃদ্ধাকে মলমূত্র থেকে উদ্ধার করেন।পরে ওই মায়ের দায়িত্বভার গ্রহণ করে ফেনীর সামাজিক সংগঠন, সিভিল সার্জন ও জেলা পুলিশ।

স্থানীয় বাসিন্দা নুর মোহাম্মদ জানান, অসুস্থ মাকে রেখে বিলাসী জীবন যাপন করছেন মৃদুল সাহার পাঁচ ছেলে-মেয়ে। অবশেষে হাসপাতালে তার মেয়ে শর্বরী সাহা এলেও তিনি মায়ের কাছে যাননি। দূর থেকে খবর নেওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে আটকে রাখেন।

ওই বাড়ির বাসিন্দা শুভ সাহা জানান, দীর্ঘ চার বছর ধরে মধুপুরের এই বাড়িতে একা থাকেন ওই বৃদ্ধা। তার দুই ছেলে বাপ্পি সাহা ও বিপুল সাহা ফেনী শহরে চালের আড়তের মালিক। তার বাবা হরিপদ সাহার রেখে যাওয়ার চালের আড়তে ব্যবসায়ীক কাজে ব্যস্ত থাকায় মায়ের খোঁজ নেননি তারা। স্ত্রী-ছেলে-মেয়ে নিয়ে আলাদা থাকেন তারা। অপর ছেলে সুশান্ত সাহা বিসিএস ক্যাডার (অতিরিক্ত উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কক্সবাজার)। থাকেন কক্সবাজার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা নেওয়া মেয়ে শর্বরী সাহা ও গৃহিণী সুমি সাহা থাকেন শ্বশুরালয়ে।

নাম না প্রকাশ করার শর্তে সুশান্ত সাহার বিশ্ববিদ্যালয়ের এক সহপাঠী বলেন, ‘সুশান্ত অত্যন্ত মানবিক। সে প্রায় সময় তার মায়ের জন্য আফসোস করে। কিন্তু তার স্ত্রীর জন্য মাকে কাছে রাখতে পারে না।’

ফেনীর সিভিল সার্জন হাসান শাহরিয়ার করিব জানান, ‘বৃদ্ধা মা ভবিষ্যতে স্ট্রোকসহ বিভিন্ন রোগে ভূগতে পারে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ৭২ ঘণ্টা পর তার শারীরিক অবস্থা বলা যাবে।’

ফেনীর পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার বলেন, ‘স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ পোদ্দার বাড়ির ওই বৃদ্ধা মাকে উদ্ধার করে। এই বৃদ্ধা মাকে সন্তানরা মেরে ফেলার চক্রান্ত করছিল কি না তা দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’