ঢাকা, সোমবার ০৯, ফেব্রুয়ারি ২০২৬ ১৮:০৭:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নির্বাচনের দিন মেট্রোরেল চলাচলে নতুন সিদ্ধান্ত সারা দেশে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আগামী ১০ বছরে চাঁদে শহর গড়ার স্বপ্ন ইলন মাস্কের নাটোরে বসতবাড়িতে আগুন লেগে মা-মেয়ের মৃত্যু জরিপে ৬০ শতাংশ ভোটারের পছন্দ তারেক রহমান আদালতে নির্যাতনের বর্ণনা দিল শিশুগৃহকর্মী মোহনা

ঢাকায় আনা হয়েছে ইউএনও ওয়াহিদা খানমকে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৩৫ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)ওয়াহিদা খানমের অবস্থা আশঙ্কাজনক। তাই তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়েছে। বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) বেলা দুইটার দিকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছায়। এরপর তাকে রাজধানীর আগারগাঁওয়ের নিউরোসায়েন্স হাসপাতালে উন্নত চিকিৎসা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এই কথা বলেন।

ফরহাদ হোসেন বলেন, ইউএনও ওয়াহিদা খানমের উপর হামলার ঘটনায় উচ্চক্ষমতা সম্পন্ন একটি কমিটি গঠন করা হয়েছে। তারা এরই মধ্যে কাজ শুরু করেছে।

এর আগে রংপুর কমিউনিটি হাসপাতালের চিকিৎসাধীন ওয়াহিদা খানমের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ঢাকায় পাঠান চিকিৎসকরা। ছুরি দিয়ে কোপানোর পাশাপাশি তাকে হাতুড়ি দিয়ে আঘাত করা হয়েছে। এতে তার মাথায় জখম হয়েছে। অবশ হয়েছে শরীরের একটি অংশ। তার উন্নত চিকিৎসা প্রয়োজন বলে জানান রংপুরের চিকিৎসকরা। এই হামলার কারণ বা অভিযুক্তদের এখনো খুঁজে পায়নি পুলিশ।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান তোফায়েল আহমেদ ভূঁইয়া বলেন, ইউএনও ওয়াহিদা খানমের মাথার বাম পাশে গুরুতর আঘাত রয়েছে। সেখানে দেবে যাওয়ায় ডান হাত ও পা অবশ হয়ে গেছে। এছাড়া মাথার পানি গহ্বরে রক্তক্ষরণ হয়েছে৷ অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার নিরোসায়েন্স হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে একদল দুর্বৃত্ত ইউএনওর সরকারি আবাসিক ভবনে ঢুকে ইউএনও ওয়াহিদা খানমকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে। এ সময় তার চিৎকারে তার সঙ্গে থাকা বাবা ছুটে এসে মেয়েকে বাঁচানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকেও কুপিয়ে যখম করে।

পরে অন্যান্য কোয়ার্টারের বাসিন্দারা বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেন। এ সময় তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে রংপুরে পাঠানো হয়। পরে অবস্থা বেশি গুরুতর হলে সেখান থেকে বেসরকারি হাসপাতাল ডক্টরস ক্লিনিকের আইসিউতে রাখা হয় তাকে।

ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলাম বলেন, বাড়ির পেছনে ভাঙা ভেন্টিলেটর দিয়ে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে। এ কাজে তারা একটি মই ব্যবহার করে। বাড়ির পেছনে মইটি পাওয়া গেছে। ঠিক কি কারণে এ ঘটনা ঘটেছে তা জানা যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমকে হত্যার উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে বলে ধারণা করছেন জেলা প্রশাসক।

-জেডসি