ঢাকা, রবিবার ১১, অক্টোবর ২০২৬ ৪:২৩:৩৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামালপুরে বাসচাপায় একসঙ্গে প্রাণ গেল শাশুড়ি-পুত্রবধূর দুর্গাপূজা উপলক্ষে নিউমার্কেটে জমে উঠেছে কেনাকাটা ধস্তাধস্তির পর ধানখেতেই তাজমিনকে গামছা পেঁচিয়ে হত্যা করেন সুমন সারা দেশে বজ্র ও ভারী বৃষ্টির আভাস আজ দেশের যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না শুভ মহালয়া আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আজ মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির গুরুত্বপূর্ণ দিক:প্রধানমন্ত্রী

দুর্গাপূজা উপলক্ষে নিউমার্কেটে জমে উঠেছে কেনাকাটা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৩ পিএম, ১০ অক্টোবর ২০২৬ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ছুটির দিনে রাজধানীর নিউমার্কেট এলাকায় জমে উঠেছে কেনাকাটা। সকাল থেকেই নিউমার্কেট ও আশপাশের বিপণিবিতানগুলোতে ভিড় করছেন ক্রেতারা।

পূজার আনন্দ ভাগাভাগি করতে নতুন পোশাক কেনার পাশাপাশি পরিবারের সদস্য ও স্বজনদের জন্য কেনাকাটা করছেন অনেকে। ছুটির দিনে ক্রেতাদের উপস্থিতি বাড়ায় ব্যস্ত সময় পার করছেন বিক্রেতারাও।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে নিউমার্কেট এলাকা ঘুরে কেনাকাটার এমন চিত্র দেখা গেছে।

ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, পূজার সময় নিউমার্কেট এলাকায় বাড়তি ভিড় ও যানজটের কারণে কেনাকাটায় ভোগান্তি পোহাতে হয়। এ কারণে শেষ মুহূর্তের চাপ এড়াতে অনেকেই আগেভাগে কেনাকাটা সেরে নিচ্ছেন। বিশেষ করে ছুটির দিনকে কাজে লাগিয়ে পরিবার-পরিজন নিয়ে পছন্দের পোশাক কিনতে এসেছেন অনেকে। তবে ক্রেতাদের উপস্থিতি বেশি থাকায় দোকান ও ফুটপাতের বিভিন্ন পণ্যের দোকানে কেনাকাটার ব্যস্ততা দেখা গেছে।

নিউমার্কেট এলাকায় তুলনামূলকভাবে ফুটপাতের দোকানগুলোতে বেশি বিক্রি হতে দেখা গেছে। সেখানে বিভিন্ন ধরনের পোশাক ও কাপড়ের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। শার্ট, প্যান্ট, টি-শার্ট, থ্রি-পিস, শিশুদের পোশাকসহ নানা ধরনের কাপড় পাওয়া যাচ্ছে এসব দোকানে।

বিভিন্ন দামের পোশাক থাকায় ক্রেতারা নিজেদের পছন্দ ও সামর্থ্য অনুযায়ী কেনাকাটা করছেন।

ফুটপাতের দোকানগুলোতে পোশাকের দাম তুলনামূলক কম হওয়ায় নিম্ন ও মধ্যম আয়ের ক্রেতাদের আগ্রহ বেশি দেখা যাচ্ছে। কেউ নিজের জন্য পোশাক কিনছেন, আবার কেউ পরিবারের সদস্যদের জন্য একসঙ্গে কয়েকটি পোশাক বেছে নিচ্ছেন। দোকানগুলোতে ক্রেতাদের আনাগোনা বাড়ায় বিক্রেতাদেরও ব্যস্ততা বেড়েছে। দরদাম করে পছন্দের পোশাক কিনতে দেখা যাচ্ছে ক্রেতাদের।

ছুটির দিনে ক্রেতাদের এমন উপস্থিতিতে খুশি বিক্রেতারা। পূজাকে কেন্দ্র করে বিক্রি বাড়ার প্রত্যাশা করছেন তারা। সারা দিনের বিক্রির ওপর নির্ভর করছে তাদের আয়। তাই ক্রেতাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের পোশাক সাজিয়ে রেখে বিক্রির অপেক্ষায় রয়েছেন ব্যবসায়ীরা।

নিউমার্কেট কেনাকাটা করতে আসা দীপ্তি বিশ্বাস বলেন, কিছুদিন পরে পূজা। শেষ মুহুর্তে ভিড় জমবে তাই আগেই কেনাকাটা করতে আসলাম। এখন স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারছি।

আরেক ক্রেতা অলোক মন্ডল বলেন, বৌ-বাচ্চা নিয়ে কেনাকাটা করতে আসছি। মার্কেট থেকে কিছু কেনাকাটা করলাম। ফুটপাত থেকেও কিনলাম। কাপড় প্রায় একই। ফুটপাতে একটু কম দামে কিনতে পারা যায়।

নিউমার্কেটের গ্লোব শপিং মার্কেটের বিক্রেতা আমানুর বলেন, বিক্রি হচ্ছে ভালোই। এমনিতেই ছুটির দিনে একটু ভিড় থাকে, তারপর সামনে পূজাকে কেন্দ্র করে ক্রেতা সমাগম বেশী। আমরা ভালো বিক্রি নিয়ে আশাবাদী।

ফুটপাতের বিক্রেতা রবিন বলেন,আমরা অল্প লাভে মাল বিক্রি করি। আমাদের সেল বেশি, লাভ কম। বেশি বিক্রি হওয়ায় পুষিয়ে যায়। ভালো বেঁচাবিক্রি হচ্ছে। সকাল থেকেই ভিড়। রাত পর্যন্ত ভিড় থাকবে।

বিজ্ঞাপন
সব মিলিয়ে শারদীয় দুর্গাপূজাকে ঘিরে নিউমার্কেট এলাকায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। পূজার আনন্দকে সামনে রেখে কেনাকাটায় ব্যস্ত ক্রেতা ও বিক্রেতারা। তবে ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে ক্রেতাদের বাড়তি সময় হাতে নিয়ে বের হতে হচ্ছে।

নিউমার্কেট এলাকায় ক্রেতা সমাগম বাড়ায় প্রধান সড়কে যানযট তৈরি হয়েছে। ছুটির দিকে সড়ক অনেকটা ফাঁকা থাকলেও আজ ভিন্ন চিত্র দেখা গেছে। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিউমার্কেট এলাকায় পুলিশের টহন গাড়িও দেখা গেছে।