পোশাকশ্রমিকদের মজুরি ২৪ হাজার টাকা করার প্রস্তাব সিপিডির
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৮ পিএম, ১৮ নভেম্বর ২০২৬ বুধবার
ছবি: সংগ্রহিত।
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটির মতে, শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, পরিবারের মৌলিক চাহিদা এবং মর্যাদাপূর্ণ জীবনযাপনের বিষয় বিবেচনায় নিয়ে নতুন মজুরি নির্ধারণ করা প্রয়োজন।
আজ বুধবার (১৮ নভেম্বর) ঢাকায় ‘ডিটারমাইনিং দ্য মিনিমাম ওয়েজ ইন দ্য আরএমজি সেক্টর’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদন উপস্থাপনকালে এসব প্রস্তাব তুলে ধরে সিপিডি।
গবেষণায় তিনটি পৃথক হিসাবের ভিত্তিতে মজুরি নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে। প্রথমত, মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে বর্তমান ১২ হাজার ৫০০ টাকার ন্যূনতম মজুরি বাড়িয়ে ১৬ হাজার ৩৫১ টাকা করা প্রয়োজন। দ্বিতীয়ত, চার সদস্যের একটি পরিবারের দারিদ্র্যসীমার ওপরে থাকতে একজন শ্রমিকের মাসিক মজুরি হওয়া উচিত ১৮ হাজার ৫৭৮ টাকা। আর পরিবারের সদস্যদের মৌলিক চাহিদা পূরণ করে সম্মানজনক জীবনযাপন নিশ্চিত করতে প্রয়োজন ২৪ হাজার ২০৪ টাকা।
সিপিডির গবেষণায় বলা হয়েছে, ২০২৩ সালের নভেম্বরে পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হয়েছিল ১২ হাজার ৫০০ টাকা। এরপর শহরাঞ্চলে জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, ২০২৩ সালের নভেম্বরে শহরাঞ্চলের ভোক্তা মূল্যসূচক ছিল ১১৮ দশমিক ৭৬। ২০২৬ সালের অক্টোবরে তা বেড়ে দাঁড়িয়েছে ১৫৫ দশমিক ৩৫। অর্থাৎ এই সময়ে দাম বেড়েছে ৩০ দশমিক ৮ শতাংশ। এ হিসাবে আগের ক্রয়ক্ষমতা ধরে রাখতেই বর্তমানে একজন শ্রমিকের ১৬ হাজার ৩৫১ টাকা মজুরি প্রয়োজন।
তবে শুধু মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে মজুরি বাড়ালে শ্রমিকদের জীবনমানের প্রকৃত উন্নতি হবে না বলে মনে করে সংস্থাটি। কারণ এতে কেবল আগের ক্রয়ক্ষমতা ফিরে পাওয়া সম্ভব, জীবনযাত্রার মান উন্নয়নের জন্য বাড়তি কোনো সুবিধা যুক্ত হয় না।
দারিদ্র্যসীমার হিসাব করতে চার সদস্যের একটি পরিবার এবং পরিবারের ১ দশমিক ৫৮ জন উপার্জনক্ষম সদস্য ধরে গবেষণা করেছে সিপিডি। বিবিএসের খানা আয় ও ব্যয় জরিপ-২০২২ অনুযায়ী, ঢাকা শহরে উচ্চ দারিদ্র্যসীমার নিচে একজন মানুষের মাসিক ব্যয় ছিল ৪ হাজার ৯২২ টাকা। মূল্যস্ফীতি সমন্বয়ের পর ২০২৬ সালের অক্টোবরে তা বেড়ে হয়েছে ৭ হাজার ৩৩৮ টাকা। চার সদস্যের পরিবারের মাসিক ব্যয় দাঁড়ায় ২৯ হাজার ৩৫৩ টাকা। এই ব্যয় মেটাতে পরিবারের ১ দশমিক ৫৮ জন উপার্জনক্ষম সদস্যের প্রত্যেকের মাসিক আয় প্রয়োজন ১৮ হাজার ৫৭৮ টাকা।
অন্যদিকে, মর্যাদাপূর্ণ জীবনযাপনের ব্যয় বিবেচনায় নিয়ে ২৪ হাজার ২০৪ টাকা মজুরির প্রস্তাব করেছে সিপিডি। এ হিসাবের মধ্যে রয়েছে চার সদস্যের পরিবারের খাদ্য, পোশাক, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ, ব্যক্তিগত পরিচর্যা, জরুরি প্রয়োজন ও সঞ্চয়ের ব্যয়।
গবেষণায় বলা হয়েছে, একটি পরিবারের মাসিক খাদ্য ব্যয় ১৪ হাজার ১৫৪ টাকা, অন্যান্য প্রয়োজনীয় খাতে ১২ হাজার ২৬৭ টাকা এবং বাসাভাড়া ১০ হাজার টাকা। সব মিলিয়ে পরিবারের মাসিক ব্যয় ৩৬ হাজার ৪২১ টাকা। এর সঙ্গে জরুরি প্রয়োজন ও সঞ্চয়ের জন্য ৫ শতাংশ বা ১ হাজার ৮২১ টাকা যোগ করলে মোট ব্যয় দাঁড়ায় ৩৮ হাজার ২৪৩ টাকা। পরিবারের ১ দশমিক ৫৮ জন উপার্জনক্ষম সদস্য ধরে প্রত্যেকের মাসিক মজুরি প্রয়োজন ২৪ হাজার ২০৪ টাকা।
সিপিডি জানিয়েছে, শ্রমিক পরিবারের প্রকৃত সদস্যসংখ্যা ও উপার্জনক্ষম মানুষের সংখ্যা নিয়ে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি রয়েছে। বিভিন্ন গবেষণায় পরিবারের সদস্যসংখ্যা ৩ দশমিক ৬ থেকে ৪ দশমিক ২ এবং উপার্জনক্ষম সদস্যের সংখ্যা ১ দশমিক ৩৭ থেকে ২ দশমিক ১ জন পাওয়া গেছে। এসব তথ্যের মধ্যবর্তী মান ধরে চার সদস্যের পরিবার ও ১ দশমিক ৫৮ জন উপার্জনক্ষম সদস্য বিবেচনা করা হয়েছে। তাই প্রস্তাবিত মজুরির অঙ্কগুলো চূড়ান্ত সিদ্ধান্ত নয়, বরং আলোচনার জন্য নির্দেশক হিসাব।
গবেষণায় চলমান মজুরি নির্ধারণ প্রক্রিয়ার বিষয়টিও তুলে ধরা হয়েছে। গত অক্টোবরে শ্রমিকদের বিক্ষোভের পর ১ নভেম্বর সরকার ছয় সদস্যের নতুন মজুরি বোর্ড গঠন করে। ৪ নভেম্বর বোর্ডের প্রথম বৈঠকে নতুন মজুরি ১ ডিসেম্বর থেকে কার্যকর এবং ২০২৭ সালের জানুয়ারির বেতনের সঙ্গে পরিশোধের সিদ্ধান্তের কথা জানানো হয়।
৯ নভেম্বর দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষ প্রবেশ পর্যায়ের মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেয়। তবে ওই বৈঠকে মালিকপক্ষ কোনো প্রস্তাব জমা দেয়নি। ১৪ নভেম্বর মালিকপক্ষ অস্থিরতা অব্যাহত থাকলে ‘কাজ নেই, বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের হুঁশিয়ারি দেয়। ১৬ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও মজুরি বোর্ডের তৃতীয় বৈঠক পিছিয়ে ২৩ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
শ্রমিকদের প্রস্তাবে প্রথম গ্রেডে ৪৮ হাজার, দ্বিতীয় গ্রেডে ৪৩ হাজার, তৃতীয় গ্রেডে ৩৮ হাজার, চতুর্থ বা প্রবেশ পর্যায়ে ৩২ হাজার এবং নতুন ও শিক্ষানবিশ শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা মজুরি দাবি করা হয়েছে।
মালিকপক্ষের বক্তব্য অনুযায়ী, শ্রমিকদের মজুরি বাড়ানো প্রয়োজন হলেও তা করতে হবে শিল্পের সক্ষমতা বিবেচনায় নিয়ে। গ্যাস ও বিদ্যুৎ সংকট, ব্যাংকঋণের উচ্চ সুদ, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং পোশাকের গড় রপ্তানিমূল্য কমে যাওয়ায় শিল্পে চাপ তৈরি হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক, ২০২৯ সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার বিষয়টিও বিবেচনায় নেওয়ার কথা বলেছে তারা।
অন্যদিকে শ্রমিক প্রতিনিধিরা মজুরি নির্ধারণে খাদ্য, বাসস্থান, স্বাস্থ্যসেবা ও শিক্ষার ব্যয় বিবেচনার দাবি জানিয়েছেন। তাঁদের মতে, মজুরির হিসাবের মধ্যে অতিরিক্ত কাজের পারিশ্রমিক, উপস্থিতি বোনাস ও অন্যান্য ভাতা অন্তর্ভুক্ত করা যাবে না। পাশাপাশি মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিবছর মজুরি সমন্বয়ের দাবিও জানিয়েছেন তাঁরা।
**মজুরি নির্ধারণে নতুন পদ্ধতির সুপারিশ**
সিপিডির মতে, বাংলাদেশে পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণের বর্তমান প্রক্রিয়া মূলত মালিক ও শ্রমিকপক্ষের দর-কষাকষির ওপর নির্ভরশীল। শ্রমিকপক্ষ দাবি জানায়, মালিকপক্ষ পাল্টা প্রস্তাব দেয় এবং মজুরি বোর্ড দুই পক্ষের অবস্থানের মধ্যে সমন্বয় করে সিদ্ধান্ত নেয়। এতে জীবনযাত্রার প্রকৃত ব্যয় ও শিল্পের আর্থিক সক্ষমতার নিরপেক্ষ মূল্যায়ন যথাযথভাবে হয় না।
বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৪১ ধারায় মজুরি নির্ধারণের ক্ষেত্রে জীবনযাত্রার ব্যয়, জীবনমান, উৎপাদন ব্যয়, উৎপাদনশীলতা, পণ্যের দাম, মূল্যস্ফীতি, কাজের ধরন, ঝুঁকি, ব্যবসার সক্ষমতা এবং দেশের আর্থসামাজিক পরিস্থিতিসহ ১১টি বিষয় বিবেচনার কথা বলা হয়েছে। তবে এসব বিষয় পরিমাপের নির্দিষ্ট পদ্ধতি ও সূচক নেই বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।
এ পরিস্থিতিতে শ্রমিক পরিবারের জীবনযাত্রার ব্যয় এবং পোশাকশিল্পের আর্থিক সক্ষমতা যাচাইয়ে বড় পরিসরে জরিপ পরিচালনার সুপারিশ করেছে সিপিডি। একই সঙ্গে মজুরি নির্ধারণের প্রক্রিয়া অন্তত ছয় মাস আগে শুরু করা, প্রতিবছর মূল্যস্ফীতির ভিত্তিতে মজুরি পর্যালোচনা এবং একটি স্থায়ী জাতীয় ন্যূনতম মজুরি কমিশন গঠনের প্রস্তাব দিয়েছে সংস্থাটি।
পোশাকশিল্পের আন্তর্জাতিক ক্রেতাদেরও মজুরি আলোচনায় যুক্ত করার পরামর্শ দিয়েছে সিপিডি। শ্রমিকদের মজুরি বাড়ানোর ক্ষেত্রে ক্রেতাদের কাছ থেকে ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং মোট উৎপাদন ব্যয়ের মধ্যে শ্রমিকদের মজুরির অংশ আলাদাভাবে বিবেচনার ব্যবস্থা করার কথা বলা হয়েছে।
সিপিডির মূল সুপারিশ হলো, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ হাজার ৫৭৮ থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে নির্ধারণের বিষয়ে আলোচনা করা এবং পর্যায়ক্রমে জীবনধারণের উপযোগী মজুরি নিশ্চিত করা। পাশাপাশি নির্ধারিত মজুরি শ্রমিকেরা যথাযথভাবে পাচ্ছেন কি না, তা নিশ্চিত করতে নিয়মিত কারখানা পরিদর্শন ও নিরীক্ষার ব্যবস্থার ওপর গুরুত্ব দিয়েছে সংস্থাটি।
- মুম্বাইয়ের রাস্তায় গলি ক্রিকেটে মেতেছে উইলিয়াম-কেট
- আমি আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতাম না: রুমিন ফারহানা
- মিরপুরে নারী পোশাকশ্রমিককে কুপিয়ে আহত, আটক সহকর্মী
- মাকে হত্যার পর ট্রাঙ্কে মরদেহ, ছেলেসহ গ্রেপ্তার ৩
- ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪
- রবীন্দ্রনাথের ছবিতে কালি: আয়াসের জামিন নামঞ্জুর, রিমি মুক্ত
- কুয়াশার চাদরে ঢেকে গেছে পঞ্চগড় জেলার পথঘাট
- বোনদের ডাকে মিলল না সাড়া, দরজা ভেঙে মিলল নিথর দেহ
- সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের
- পোশাকশ্রমিকদের মজুরি ২৪ হাজার টাকা করার প্রস্তাব সিপিডির
- আলাস্কায় মেরি পেলটোলার বিশাল জয়, ডেমোক্র্যাটদের ৫৬ আসন
- রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুন
- গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ৩৯ কারখানা বন্ধ ঘোষণা
- ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ
- বাংলাদেশ সফরে পর্তুগালের রাজকন্যা, উদ্বোধন করবেন সিলেট চা
- রামিসা হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় আজ
- সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন রুনা খান
- কুয়াশায় ঢাকা পড়েছে শীতের জেলা দিনাজপুর
- ভুট্টার খোসায় শতাধিক পণ্য, স্বাবলম্বী হচ্ছেন রংপুরের নারীরা
- ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল অস্ট্রেলিয়াও
- হজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিন
- অন্যের আচরণ ‘ব্যক্তিগতভাবে’ নেবেন না, জেনে নিন ৮ কারণ
- শিশু রামিসা হত্যাকণ্ড: হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল
- টানা পঞ্চমবার দরপতনের পর দেশে আজ সোনার ভরি কত?
- ‘পরগাছার রানি’ থেকে ‘লেভেল’ বিতর্ক, মুখোমুখি অপু-পরীমনি
- রাজধানীর পল্লবী-তিতুমীর-বাড্ডায় বাসে আগুন
- ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ৪ সমুদ্র বন্দরে সতর্ক সংকেত
- বোনদের ডাকে মিলল না সাড়া, দরজা ভেঙে মিলল নিথর দেহ
- রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুন









