ঢাকা, বুধবার ০৪, নভেম্বর ২০২৬ ৬:৩৫:৫০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড় ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত

প্রতিমুহূর্তে দেশের সঙ্গে যোগাযোগ রাখছি: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৫ পিএম, ৪ আগস্ট ২০১৯ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

লন্ডন থেকে দেশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা। তিনি বলে‌ন, আমি লন্ডন বা যেখা‌নেই থাকি না কেন, দে‌শের সঙ্গে প্র‌তিমুহূ‌র্তে যোগাযোগ রাখি, রাখ‌ছি‌। দে‌শের সংকটে আমি সর্বোচ্চ খেয়াল রাখি।

লন্ডনের সেন্ট্রাল হলে স্থানীয় সময় শনিবার বিকেলে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা বলেন, জা‌তির পিতার স্বপ্ন বাস্তবায়নে সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়েছি। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকা‌বিলা ক‌রে কীভা‌বে উন্নয়নের মহাসড়কে দেশ এগিয়ে যা‌বে, সেই পরিকল্পনা নিয়েছি। প্রজন্মের পর প্রজন্ম যেন এক‌টি সুখি সুন্দর বাংলাদেশ পায়, সেটাই আমার লক্ষ্য।

তিনি বলেন, আমার ব্যক্তিগত চাওয়া-পাওয়ার কিছু নেই। যে আদর্শ নিয়ে জাতির পিতা একদিন দেশ স্বাধীন করেছিলেন তার বাস্তবায়নই আমার একমাত্র লক্ষ্য। জাতির পিতা বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ করে গড়ে তোলার যে স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়ন করতে আমি মৃত্যুকেও ভয় পাই না।

প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশের সুবিধা পাচ্ছে মানুষ। কিন্তু অপপ্রচার চালিয়ে যারা মানুষের ক্ষতি করে তাদের সম্পর্কে সবার সচেতন থাকা উচিত।

শেখ হাসিনা ভাষণের শুরুতে ১৫ আগস্ট নৃশংস হত্যাকাণ্ডের শিকার তার মা-বাবা, ভাই এবং তাদের স্ত্রীসহ অন্যান্য পরিবারের সদস্যদের স্মরণ করেন। এ সময় তিনি আবেগাপ্লুত হয়ে যান। তিনি বলেন, জাতির পিতার খুনিদের শাস্তি না দিয়ে জিয়াউর রহমান তখন খুনিদের পুরস্কৃত করেন। ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করে খুনিদের শুধু দায়মুক্তিই দেননি উপরন্তু বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়েছিলেন।

সম্প্রতি দেশের ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, প্রশাসন ছাড়াও তার দলীয় কর্মীরা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে ডেঙ্গু প্রতিরোধে মাঠে রয়েছেন।

যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপতি সুলতান মাহমুদ শরী‌ফের সভাপ‌তি‌ত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ সা‌জিদুর রহমান ফারু‌কের পরিচালনায় সভায় আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

-জেডসি