ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ১৩:৫৩:৪৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা

প্রিন্স হ্যারি ও মেগানের বিয়ে আজ

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১১:১৮ পিএম, ১৯ মে ২০১৮ শনিবার

আজ শনিবার উইন্ডসরে ব্রিটিশ রাজপুত্র প্রিন্স হ্যারি ও সাবেক অভিনেত্রী মেগান মার্কেলের বিয়ে বিশ্বের লাখো মানুষ প্রত্যক্ষ করবে। লন্ডনের পশ্চিমাঞ্চলের উইন্ডসরের আরো প্রায় শত শত মানুষ বিয়ের অনুষ্ঠানটি ভালভাবে দেখার জন্য রাস্তায় রাত কাটিয়েছে।

 


আজ দুপুরে উইন্ডসর ক্যাসেলের সেন্ট জর্জেস চ্যাপেলে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এরপর স্থানীয় সময় দুপুর ১টার দিকে তারা একটি ছাদ খোলা গাড়িতে চড়ে শহর প্রদক্ষিণ করবেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।

 

ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের নাতি প্রিন্স হ্যারি ও মার্কিন টিভি সিরিয়াল ‘স্যুইটস’ এর অভিনেত্রী মেগান মার্কল বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন আজ। বিয়ের অন্যরকম বৈশিষ্ট্য হচ্ছে ৩৩ বছর বয়সী প্রিন্স হ্যারির চেয়ে তিন বছরের বড় মেগান মার্কল। ২০১৬ সালের জুলাইয়ে মার্কিন অভিনেত্রী মার্কলের সঙ্গে ব্রিটিশ সিংহাসনের পঞ্চম উত্তরাধিকারী প্রিন্স হ্যারি পরিচয় হয়।

 

গত বছরের নভেম্বরের শুরুতেই তাদের মধ্যে বাগদান সম্পন্ন হয়। গত বছরের ডিসেম্বর কেনসিংটন প্যালেসের এক বিবৃতিতে জানানো হয়, ২০১৮ সালের ১৯ মে প্রিন্স হ্যারি ও মেগান মার্কলের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। সেই আগের পরিকল্পনামাফিক এ রাজকীয় বিয়ে হবে সেন্ট্রাল লন্ডন থেকে ২০ মাইল দূরে সবচেয়ে পুরোনো ও বড় দূর্গ উইন্ডসর ক্যাসেলের সেন্ট জর্জেস চ্যাপেলে।

 

খ্রিষ্টীয় রীতিতে বিয়ে হবে মেগান ও হ্যারির। এ জায়গাটি পছন্দ করার আরেকটি মূল কারণ হল উইন্ডসর হ্যারির দাদি ও রানি দ্বিতীয় এলিজাবেথের বাসস্থান এটি। সপ্তাহের বেশির ভাগ সময় তিনি এখানেই সময় কাটান। বিয়ের আগের রাতে অর্থাৎ গতকাল হ্যারি ও মেগান আলাদা আলাদা জাযগায় থাকেন। উইন্ডসর ক্যাসেলের কাছাকাছি বিলাসবহুল কোওয়ার্থ পার্ক হোটেলে থাকেন প্রিন্স হ্যারি। জীবনের শেষ ব্যাচেলর নাইটটি তিনি ভাই প্রিন্স উইলিয়াম আর কাছের কয়েকজন বন্ধুর সঙ্গে আমোদ করে কাটান। কবে আবার এ সুযোগ পাবেন, তাই গত রাতটিকে পরিপূর্ণ কাজে লাগালেন। আর মেগান থাকেন তার মায়ের সঙ্গে ক্লিভডেন হাউস হোটেলে।

 

প্রিন্স হ্যারি ও মার্কল আজ স্থানীয় সময় দুপুরে বিয়ের শপথ নেবেন। এক ঘণ্টার মধ্যে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা। উইন্ডসর ক্যাসেলের মাঠ থেকে ১ হাজার ২০০ জন সাধারণ মানুষ এই রাজকীয় বিয়ের সাক্ষী হতে পারবেন বলে আশা করা হচ্ছে। আর লন্ডনের স্থানীয় সময় সকাল নয়টার মধ্যে তাদের উপস্থিত হতে বলা হয়েছে। আজ স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় হ্যারি ও মেগানের রিসেপশন অনুষ্ঠিত হবে। লন্ডনের ফুল ব্যবসায়ী ফিলিপ্পা ক্র্যাডোক হ্যারি-মেগানের রাজকীয় বিয়ের ভেন্যু ফুল দিয়ে সাজিয়ে তোলার দায়িত্ব নিয়েছেন। তিনি সাজিয়েছেন সাদা গোলাপ, পিওনি ও ফক্সগ্লোভস ফুল দিয়ে। এছাড়া ভেন্যু সাজাতে কয়েক ধরনের সুন্দর পাতাও ব্যবহার করা হয়েছে। বিয়ের পর এই ফুলগুলো অযত্নে ফেলে দেওয়া হবেনা। এই ফুলগুলো দান করে দেওয়া হবে স্থানীয় দাতব্য প্রতিষ্ঠানে।

 

বিয়েতে ব্যবহূত এত ফুল আর পাতা সংগ্রহ করা হবে রাজপরিবারের নিজস্ব ক্রাউন এস্টেট আর উইন্ডসর গ্রেট পার্কের বাগান থেকে। যেহেতু রাজপরিবারে বিয়ে, রীতি অনুযায়ী রাজপরিবারের সদস্য বলে প্রিন্স হ্যারি আর মেগান মার্কলের বিয়ের অনুষ্ঠান বিশ্বের অনেক দেশ থেকেই সরাসরি দেখা যাবে। তবে রাজপ্রাসাদের তথ্য অনুযায়ী, বিয়ের পর শিগগিরই হানিমুনে যাচ্ছেন না এই হবু দম্পতি। জর্জেস চ্যাপেলে হওয়া প্রিন্স হ্যারি ও মেগান মার্কলের বিয়ে দেখার জন্য উইন্ডসর ও শহরটির অন্যত্র বড় স্ক্রিন লাগানো হয়েছে। এ ছাড়া গির্জা ও অন্যান্য বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন শহর ও গ্রামে বিয়ের অনুষ্ঠান দেখাতেও বড় স্ক্রিন লাগানো হয়েছে।

 

এতো গেল বিয়ের অনুষ্ঠান আর সাজানো গুছানোর বিষয়াদি। এবার বরকনের জমকালো পোশাকের খবর। তবে পোশাকের ব্যাপারে এখনই নিশ্চিত করে কিছু বলা যাবেনা। এ দুজনের পোশাকের ডিজাইনের দায়িত্ব পড়েছে ব্র্যান্ড রাফ অ্যান্ড রুশো, বারবেরি, এরডেম, স্টেলা ম্যাককার্টনি এবং রোলান্ড মৌরেত নামের বিশ্বখ্যাত প্রতিষ্ঠানগুলোর উপর। তাই যতক্ষণ না পর্যন্ত বরকনে বিয়েতে সবার সম্মুখে না আসছেন ততক্ষণ বিষয়টি নিয়ে উত্তেজনা থেকেই গেল।

 

ইতিমধ্যে বিয়েতে যোগ দেওয়ার জন্যে ৬০০ জন অতিথির কাছে আমন্ত্রণপত্র পাঠিয়েছে রাজপরিবার। আরো ২০০ অতিথি উপস্থিত থাকবেন সন্ধ্যায় নবরাজদম্পতিকে দেওয়া রিসেপশনে। আরো আছেন ১২০০ সাধারণ অতিথি, তারা জমিয়ে রাখবেন উইন্ডসর কাসেলের মাঠ। প্রিন্স হ্যারি এবং মেগানের ঘনিষ্ট হিসেবে পরিচিত আরও ২০০ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে। হ্যারির সঙ্গে ঘনিষ্ঠ হওয়ায় এবার ওবামার উপস্থিতির কথা বলা হলেও পরে জানানো হয় ওবামা বিয়েতে অংশ নিচ্ছেন না।

 

বিয়েতে চলচ্চিত্র জগতের নামী তারকা, বিখ্যাত খেলোয়াড়রাও উপস্থিত থাকতে পারেন। যেহেতু এত বড় আয়োজন সেহেতু খরচের কোন বালাই নেই। এই বিয়েকে কেন্দ্র করে এক লাখের মতো মানুষ উইন্ডসরে গিয়ে হাজির হতে পারে। এতো অতিথির দেখাশোনার জন্যে প্রয়োজন বড় রকমের পরিকল্পনা। নিরাপত্তার একটা খরচ আছেই। কারণ বিয়েতে বিশ্ব বরেণ্য সব ভিআইপিরা আসবেন। তাদের নিরাপত্তার ব্যাপার আছে বৈকি।

 

বিয়ের সার্বিক খরচ নিয়ে যুক্তরাজ্যে ব্রাইডবুক নামে একটি ওয়েবসাইটের বলা হয়েছে বিয়েতে খরচ হতে পারে প্রায় সোয়া তিনশো কোটি পাউন্ড যার মধ্যে নিরাপত্তার খরচ রয়েছে। তারা বলছে, এর মধ্যে কেকের পেছনে খরচ হবে ৫০ হাজার পাউন্ড, ফুলের পেছনে এক লাখ ১০ হাজার পাউন্ড, খাওয়া দাওয়ায় আরো প্রায় তিন লাখ, পানীয়ের পেছনে দুই লাখ, পোশাকে তিন লাখ, ফুলের জন্যে এক লাখের বেশি, কেকের পেছনে ৫০ হাজার, গানবাজনার জন্যে তিন লাখ, চুল সাজানো ও মেকাপ ১০ হাজার, বিয়ের আংটি ৬ হাজার পাউন্ড।

 

তবে এটা কিন্তু শুধুই অনুমান। নিরাপত্তার পেছনে যে খরচ হবে সেটা আসবে জনগণের দেওয়া কর থেকে। আপাতত টেমস ভ্যালি পুলিশকে এই খরচ বহন করতে হবে। তবে বিয়ের পরে অনুদান চেয়ে তারা আবেদন করতে পারবে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে। বাদবাকি খরচ রাজপরিবারের পক্ষ থেকে। এখন বাকী শুধু পুরো আয়োজন চাক্ষুস করা ।