ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ৫:৩০:৪৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

১১ মাসের শিশুর নামে চার্জশিট, ক্ষমা চেয়েছেন তদন্ত কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ১১:০৩ পিএম, ২৮ মে ২০১৭ রবিবার

রাজধানীর মিরপুরে ১১ মাসের শিশু এবং মৃত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করার ঘটনায় আদালতে ভুল স্বীকার করে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার এসআই মারুফুল ইসলাম।

রোববার ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলমের আদালতে স্বশরীরে হাজির হয়ে শিশু ও মৃত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগপত্র দেয়ার ব্যাখ্যা লিখিত আকারে দাখিল করে ক্ষমা চান তদন্ত কর্মকর্তা।
 
সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা আলতাফ হোসেন উইমেননিউজকে জানান, আদালতের নির্দেশে তদন্ত কর্মকর্তা লিখিত আকারে ব্যাখ্যা দিয়েছেন। আগামী ৩০ মে বাদীর ব্যাখ্যার জন্য দিন ধার্য রয়েছে। দু’জনের ব্যাখ্যা পাওয়ার পর আদালত একটি আদেশ দেবেন বলে তিনি জানান।
 
আদালতে লিখিত বক্তব্যে মামলার তদন্ত কর্মকর্তা মারুফুল ইসলাম বলেন, মামলাটি দায়েরের পর তদন্তভার গ্রহণ করে দেখা যায়, মামলার বাদী ২৩ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলা দায়েরের পর জাকির হোসেন এবং সোহেল রানা নামে দুই আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। অপর আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকে। আরিফুর রহমান, রুবেল ও মামুনুর রশীদ ব্যতীত সকল আসামি আদালতে আত্মসমর্পণ করে।
 
তিনি বলেন, এজাহারনামীয় যে সকল আসামির বাড়ি অন্য থানায় তাদের ঠিকানা যাচাইয়ে সংশ্লিষ্ট থানায় অনুসন্ধান স্লিপ পাঠিয়ে নাম-ঠিকানা যাচাই-বাছাই করা হয়। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে গত ২৭ ফেব্রয়ারি মামলাটির অভিযোগপত্র দাখিল করা হয়।
 
এসআই মারুফুল ইসলাম বলেন, প্রশিক্ষণ শেষ করে চাকরিতে মাত্র কর্মজীবন শুরু করেছি। অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা করে চাকরিতে বহাল থাকার সুযোগ দিতে আদালতের প্রতি অনুরোধ জানাই। সুযোগ দিলে মেধা, দক্ষতা ও পরিশ্রমকে কাজে লাগিয়ে দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের সেবা করতে গতিশীল ও সোচ্চার হবেন বলে আশা প্রকাশ করেন তদন্ত কর্মকর্তা।
 
চলতি বছরের ২৭ ফেব্রয়ারি মিরপুর থানার উপপরিদর্শক ও মামলার তদন্তককারী কর্মকর্তা এসআই মারুফুল ইসলাম ওই শিশু ও আরিফুর রহমান নামের এক মৃত ব্যক্তিসহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এর পর আসামিপক্ষের আইনজীবী শফিকুল ইসলাম মামলার আইও ও বাদীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা চেয়ে আদালতে একটি আবেদন করেন।