ঢাকা, রবিবার ২৮, জুন ২০২৬ ১৫:৪১:১৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০ নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি

তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৬ পিএম, ২৮ জুন ২০২৬ রবিবার

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ইউরোপজুড়ে শুরু হয়েছে সাম্প্রতিক ইতিহাসের অন্যতম ভয়াবহ তাপপ্রবাহ। একের পর এক দেশে ভেঙে যাচ্ছে তাপমাত্রার পুরোনো রেকর্ড, আর চরম গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।

বিশ্ব আবহাওয়া সংস্থা জানিয়েছে, বর্তমানে ইউরোপের প্রায় ১৫ কোটি মানুষ ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার মধ্যে দিন কাটাচ্ছেন। বিশেষজ্ঞদের আশঙ্কা, তাপপ্রবাহের এই ধারা আগামী কয়েক দিন আরও বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়তে পারে।

জার্মানিতে টানা দ্বিতীয় দিনের মতো তাপমাত্রা ৪১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে দেশের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে। রাজধানী বার্লিনে তীব্র গরম থেকে মানুষকে কিছুটা স্বস্তি দিতে বিভিন্ন এলাকায় পুলিশ জলকামান ব্যবহার করে পানি ছিটিয়েছে।

চেক প্রজাতন্ত্রের উত্তরাঞ্চলের ডকসানি এলাকায় দেশের ইতিহাসে সর্বোচ্চ ৪০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। একই সময়ে ডেনমার্কেও ১৯৭৬ সালের রেকর্ড ভেঙে তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।

সুইজারল্যান্ডের বাসেলে টানা তৃতীয় দিনের মতো জুন মাসের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভেঙেছে। সেখানে পারদ উঠেছে ৩৯ ডিগ্রি সেলসিয়াসে, যা দেশটির সাম্প্রতিক ইতিহাসে বিরল ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

আইবেরীয় উপদ্বীপ থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহে ইতোমধ্যে প্রাণহানির ঘটনাও ঘটেছে। স্পেনের সরকারি পর্যবেক্ষণ তথ্য অনুযায়ী, মাত্র পাঁচ দিনে অতিরিক্ত গরমের কারণে ৩২৭ জনের মৃত্যু হয়েছে। ফ্রান্সে তাপ থেকে স্বস্তি পেতে নদী ও জলাশয়ে নামার সময় ডুবে অন্তত ৫৫ জন প্রাণ হারিয়েছেন।

আবহাওয়াবিদদের মতে, একটি দীর্ঘস্থায়ী উচ্চচাপ বলয় বা ‘হিট ডোম’ ইউরোপের ওপর স্থির হয়ে থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর ফলে গরম বাতাস আটকে যাচ্ছে এবং তাপমাত্রা দ্রুত বাড়ছে। মেঘহীন আকাশ ও তীব্র রোদ পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে।

বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এখন গ্রীষ্মের শুরুতেই এমন চরম তাপপ্রবাহ দেখা যাচ্ছে, যা কয়েক দশক আগেও ছিল বিরল ঘটনা। বর্তমানে ইউরোপ বিশ্বের সবচেয়ে দ্রুত উষ্ণ হয়ে ওঠা মহাদেশগুলোর একটি।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সোমবার পর্যন্ত ইউরোপের বিভিন্ন অঞ্চলে তীব্র গরম অব্যাহত থাকতে পারে এবং কিছু এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকতে পারে। তবে সপ্তাহের শেষ দিকে পশ্চিম ইউরোপ থেকে শীতল বাতাস পূর্বদিকে প্রবাহিত হলে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে বলে আশা করা হচ্ছে।