ঢাকা, বৃহস্পতিবার ১৮, জুন ২০২৬ ২:১৫:৫১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
‘স্মার্ট ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় ধাপের উদ্বোধন রাতে মাঠে নামছে রোনালদোর পর্তুগাল চট্টগ্রামে শিশু আয়াত হত্যার প্রধান আসামি আবিরের মৃত্যুদণ্ড বিমানে দায়িত্ব দিয়ে ফের প্রত্যাহার, আলোচনায় শাহনাজ ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ ফের আদালতে মমতা, শুভেন্দুর বিরুদ্ধে পিটিশন দায়ের ২০২৬ ফুটবল বিশ্বকাপ: এক ম্যাচে মেসির যত রেকর্ড

মেসির হ্যাটট্রিকে বড় জয়ে বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২০ এএম, ১৭ জুন ২০২৬ বুধবার

মেসির হ্যাটট্রিকে বড় জয়ে বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার

মেসির হ্যাটট্রিকে বড় জয়ে বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার

মাঠে নেমেই হয়ে গিয়েছিলেন ইতিহাসের অংশ। কিন্তু নামটা যেহেতু লিওনেল মেসি, সেখানেই থেমে থাকবেন কেন। দুর্দান্ত গোলে দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে পূর্ণ করলেন বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক। গড়লেন অনেকগুলো বিশ্ব রেকর্ড। কিংবদন্তির এমন রেকর্ডময় ম্যাচে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপে শিরোপা ধরে রাখান অভিযান শুরু করল আর্জেন্টিনাও।

কনসাস সিটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার সকালে ‘জে’ গ্রুপের ম্যাচে ৩-০ গোলে জিতেছে আর্জেন্টিনা।

ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ষষ্ঠ বিশ্বকাপ খেলেতে নামা মেসির এটি ক্যারিয়ারের ২০০তম ম্যাচও। ক্রিস্তিয়ানো রোনালদো ও কুয়েতের বাদের আল-মুতাভার পর তৃতীয় ফুটবলার হিসেবে ২০০ আন্তর্জাতিক ম্যাচের মাইলফলক স্পর্শ করলেন এই কিংবদন্তি।

এমন দিনে বিশ্বকাপের ইতিহাসে মিরোস্লাভ ক্লোসার সর্বোচ্চ গোলের (১৬টি) রেকর্ড স্পর্শ করেছেন ৩৯ ছুঁই ছুঁই ক্ষুদে জাদুকর। আর এক গোল করলেই এককভাবে রেকর্ডটা নিজের করে নিবেন আর্জেন্টাইন মহাতারকা।

সবচেয়ে কম বয়সী (২০০৬) এবং সবচেয়ে বেশি বয়সী (২০২৬) খেলোয়াড় হিসেবে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে গোল করার রেকর্ডও এখন মেসির। আন্তর্জাতিক ফুটবলে তার গোল বেড়ে হয়েছে ১২০টি।

ম্যাচের চতুর্থ মিনিটেই জালে বল পাঠিয়েছিলেন মেসি। কিন্তু অফসাইডের কারণে উদযাপন করতে পারেননি।

উৎসবের জন্য খুব বেশি সময় নেননি রেকর্ড আটবারের বর্ষসেরা। ম্যাচের ১৭তম মিনিটে মাঝমাঠ থেকে রদ্রিগো দে পলের পাস পেয়ে ২৫ গজ দূর থেকে করেন চোখধাঁধানো প্রথম গোল।

বিশ্বকাপে ডি বক্সের বাইরে থেকে সর্বোচ্চ গোলও এখন মেসির, রিভালদোর সঙ্গে যৌথভাবে ৫টি।

এরপর আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদানের ভুলে মেসি নিজের দ্বিতীয় গোলটি পান ম্যাচের ৬০তম মিনিটে। আর ৭৬তম মিনিটে আরেকটি দুর্দান্ত গোলে মেসি আদায় করে নেন বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক।

সব মিলিয়ে ‘বুড়ো’ মেসির বার্তাটাও যেন স্পষ্ট। কাতারে স্বপ্নপূরণ হলেও ক্ষুধাটা আছে আগের মতোই।

ম্যাচে আলজেরিয়া বল দখলে খুব একটা পিছিয়ে ছিল না। তবে আক্রমণে খুব একটা ভীতি ছড়াতে পারেনি তারা। গোলের উদ্দেশে মোট ৬টি শট নিলেও একটিও লক্ষ্যে ছিল না।

আর্জেন্টিনার পরের ম্যাচ আগামী সোমবার, প্রতিপক্ষ অস্ট্রিয়া। পরের দিন সকালে জর্দানের বিপক্ষে খেলবে আলজেরিয়া।