ঢাকা, বুধবার ১১, নভেম্বর ২০২৬ ৪:০১:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মাদরাসায় আগুন:৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি ছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে অভিযুক্ত ইমন গ্রেপ্তার শহীদ নূর হোসেন দিবস আজ কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী নতুন এনআইডি-পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

যার বিয়েতে আসবে ৪ লাখ অতিথি! কে এই তরুণী

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪২ এএম, ১০ নভেম্বর ২০২৬ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতের বিহারের প্রতাপশালী নেতা অনন্ত সিং। মোকামার এই বিধায়ক, যিনি ‘ছোট সরকার’ নামেই বেশি পরিচিত। সম্প্রতি ৯ জনকে হত্যার দাবি তুলে পরে আবার সেই বক্তব্য ফিরিয়ে নিয়ে মিডিয়ায় তুমুল আলোচনার জন্ম দিয়েছিলেন তিনি। তবে এবার অন্য এক কারণে খবরের শিরোনাম হলেন। 

আগামী ২৫ নভেম্বর মেয়ের বিয়ের জন্য এক বিশাল ভোজের আয়োজন করছেন অনন্ত সিং।  তার পৈতৃক ভিটা লাডমায় বসবে মেয়ে শিবাঙ্গী সিং ও ঋষিকেশ কুমারের বিয়ের আসর। বিয়ে উপলক্ষ্যে লাডমায় প্রস্তুতি চলছে একদম যুদ্ধের মেজাজে।

আয়োজনের বিশালতা টের পাওয়া যায় অতিথির সংখ্যার হিসাব দেখলেই। প্রায় চার লাখ মানুষের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে এখানে—যা ভারতের ছোটখাটো কোনো শহরের মোট জনসংখ্যার সমান!

বর-কনের শুভদৃষ্টি ও জয়মালার জন্য দৃষ্টিনন্দন মণ্ডপ ও মঞ্চ তৈরির দায়িত্ব পেয়েছেন উত্তরপ্রদেশের মৌ থেকে আসা একদল দক্ষ কারিগর। ২০ নভেম্বরের মধ্যেই মণ্ডপ সাজানোর কাজ শেষ হবে।

ভিভিআইপি অতিথিদের জন্য বানানো হচ্ছে আলাদা মণ্ডপ। আর বর-কনের আসন হিসেবে তৈরি হচ্ছে ১০০ ফুট লম্বা একটি সিমেন্টের বিশেষ মঞ্চ। শিবাঙ্গী সিং ও তার হবু জীবনসঙ্গী ঋষিকেশ কুমার যেখানে বসবেন, সেই পুরো মঞ্চটি সাজাতে ব্যবহার করা হচ্ছে ১৫০ কুইন্টাল নানা অলংকার ও সাজসজ্জার সামগ্রী।
বিয়ের সমস্ত আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর কনেকে নিয়ে যাওয়া হবে বিহতার রামকৃষ্ণ নগরে, যা হবে শিবাঙ্গীর নতুন ঠিকানা। বিয়ে উপলক্ষ্যে বিহতায় তৈরি করা হচ্ছে এক নতুন বাড়িও। বিয়ের আগে ও পরের বিভিন্ন আনুষ্ঠানিক পর্ব এই নতুন বাড়িতেই অনুষ্ঠিত হবে। সেখান থেকেই বিহতার বরযাত্রীর দল রওনা দেবে মোকামার বিধায়ক অনন্ত সিংয়ের পৈতৃক গ্রাম লাডমার উদ্দেশে, আর সেখানেই সম্পন্ন হবে বিয়ের মূল আচার-অনুষ্ঠান।

রাজনীতি থেকে বিনোদন জগৎ—দুই মেরুর বহু প্রভাবশালী ব্যক্তিত্বকে এই বিয়েতে দাওয়াত দেওয়া হয়েছে। অনেক হাই-প্রোফাইল অতিথির উপস্থিতির সম্ভাবনাও রয়েছে।

বলিউডের তিন ডজনেরও বেশি তারকা এই মেগা ইভেন্টে অংশ নিচ্ছেন বলে জানা গেছে। তালিকায় আছেন সোনু সুদ, মনোজ তিওয়ারী, মৈথিলী ঠাকুর, অক্ষরা সিং ও পবন সিংয়ের মতো চেনা মুখেরা। অনন্ত সিং জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হবে।

সংবাদ সংস্থা এএনআই-কে অনন্ত সিং বলেন, আমন্ত্রণ সবাইকেই পাঠানো হয়েছে। শুধু বিহার নয়, পুরো ভারত এমনকি পাকিস্তান থেকেও মানুষ আসবেন... সরকারি দল কিংবা বিরোধী দল—সব পক্ষের রাজনীতিবিদদেরই বলা হয়েছে। বিয়ের অনুষ্ঠানে তো আর সরকারি-বিরোধী ভেদাভেদ থাকে না! শিল্পীরাও আসছেন... প্রধানমন্ত্রী মোদির কাছেও কার্ড পাঠানো হবে।

তবে আনন্দের এই আমেজ কাটার পরপরই হয়তো মেঘ জমবে অনন্ত সিংয়ের আকাশে। বিয়ের ঠিক ছয় দিন পর দুলাল চাঁদ যাদব হত্যা মামলায় আদালতের কাছে তাকে আত্মসমর্পণ করতে হতে পারে।

স্থানীয়দের কাছে ‘ছোট সরকার’ নামে পরিচিত এই বাহুবলী নেতাকে গত বছরের অক্টোবরে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। মার্চে তিনি জামিনে মুক্তি পান। কিন্তু সম্প্রতি দেশের সর্বোচ্চ আদালত ১ ডিসেম্বরের মধ্যে তাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন।

এর আগে বিহারের সাবেক মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নির্দেশে ‘৯ জনকে হত্যা করেছেন’—এমন এক বিস্ফোরক দাবি করে শোরগোল ফেলে দিয়েছিলেন তিনি। তবে বিতর্ক চড়াও হতেই নিজের অবস্থান বদলে ফেলেন।
পরবর্তী ব্যাখ্যায় তিনি বলেন, ‘আমি নীরজ কুমারকে আমার ত্যাগের হিসাব দিচ্ছিলাম। বলতে চেয়েছিলাম যে, লালু যাদবের সরকারের সময় আমার ৯ জন সহযোগীকে হত্যা করা হয়েছিল এবং আমাকেও গুলি করা হয়। আমরা নীতিশ কুমারের পক্ষে অবস্থান নিয়েছিলাম বলেই লালু যাদব তাদের হত্যা করিয়েছিলেন... কিন্তু মানুষ আমার কথা ভুল বুঝেছে।’

অবশ্য এই বিতর্কের পর অনন্ত সিংয়ের সেই বক্তব্য এবং তার নিজের থেকে সম্পূর্ণ দূরত্ব বজায় রেখেছে জনতা দল ইউনাইটেড (জেডিইউ)। দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে তাকে দল থেকে ছয় বছরের জন্য বহিষ্কারও করা হয়েছে।