জলাশয়জুড়ে ফুলের চাদর, সৌন্দর্য ছড়াচ্ছে কচুরিপানা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৫ এএম, ৯ নভেম্বর ২০২৬ সোমবার
সংগৃহীত ছবি
গ্রামবাংলার খাল, বিল, নিচু ফসলি মাঠ ও জলাশয়ের পানিতে জন্মানো কচুরিপানাকে সাধারণত আগাছা হিসেবেই দেখা হয়। তবে সেই আগাছার বুকেই যখন একসঙ্গে ফোটে বেগুনি ও সাদার মিশেলে হলুদ ও নীল ছোপ বা গাঢ় বেগুনি ছোপের চোখজুড়ানো ফুল, তখন বদলে যায় চেনা দৃশ্য।
প্রকৃতির এমন চোখজুড়ানো মনোমুগ্ধকর সৌন্দর্য এখন দেখা যাচ্ছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন এলাকায়। সবুজ পাতার ফাঁকে ফাঁকে ফুটে থাকা ফুলগুলো তৈরি করেছে অপরূপ এক দৃশ্যের। নয়নাভিরাম এ দৃশ্যে বিমোহিত হচ্ছেন প্রকৃতিপ্রেমী ও ফুলপ্রেমীসহ সব বয়সী মানুষ।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, খাল, ডোবা ফসলি নিচু জমি ও জলাশয়ে জন্মানো কচুরিপানাজুড়ে নয়নাভিরাম সৌন্দর্য প্রদর্শন করে ফুটেছে চোখজুড়ানো ফুল। পথ চলতে গিয়ে এসব ফুলের নৈসর্গিক সৌন্দর্যে চোখ আটকে যাচ্ছে অনেকের। কেউ দাঁড়িয়ে উপভোগ করছেন প্রকৃতির এই আয়োজন। কেউ কেউ মুঠোফোনে তুলছেন স্থিরচিত্র। কেউবা আবার নিজেকেও ক্যামেরাবন্দি করছেন আকৃষ্ট হওয়া ফুলের সঙ্গে। শিশুদের কাছেও কচুরিপানা ফুল হয়ে উঠেছে পছন্দ ও আনন্দের অনুষঙ্গ। এ ফুল নিয়ে তাদের খেলতেও দেখা যায়।
কচুরিপানা মূলত পানিতে মুক্তভাবে ভাসমান এক ধরনের বহুবর্ষজীবী জলজ উদ্ভিদ। দক্ষিণ আমেরিকা এর আদি নিবাস। কচুরিপানার বৈজ্ঞানিক নাম আইচোর্নিয়া ক্র্যাসিপস, তবে বর্তমানে শ্রেণিবিন্যাস অনুযায়ী এর নতুন বৈজ্ঞানিক নাম পন্টেডেরিয়া ক্র্যাসিপস। এর ইংরেজি নাম ওয়াটার হাইয়াসিন্থ।
চকচকে সবুজ পাতা ও পানির নিচে ছড়িয়ে থাকা গুচ্ছমূলের কারণে সহজেই চেনা যায় উদ্ভিদটি। এর কাণ্ড থেকে ছয়টি পাপড়িযুক্ত ফুলের থোকা বের হয়। এই ছয়টি অংশের মধ্যে ৩টি আসল পাপড়ি ( Petals ) এবং ৩টি পাপড়ির মতো দেখতে সেপাল বৃত্তাংশ থাকে, যা গোড়ার দিকে একসঙ্গে যুক্ত থাকে।
কচুরিপানা ফুলের পাপড়িতে থাকে নান্দনিক নকশা। বেগুনি ও সাদার মিশেলে হলুদ ও নীল ছোপ বা গাঢ় বেগুনি ছোপে এ ফুলের সৌন্দর্য বেশ নজরকাড়া এবং অন্যান্য ফুল থেকে স্বতন্ত্র। প্রকৃতিতে অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত এ ফুল ফুটতে দেখা যায়। অনুকূল পরিবেশ পেলে পরিচর্যা ছাড়াই খুব দ্রুত বংশবিস্তার করতে পারে এই জলজ উদ্ভিদ।
তবে কচুরিপানার পরিচয় শুধু চোখজুড়ানো ফুলের নৈসর্গিক সৌন্দর্য বা জলাশয়ের আগাছার মধ্যে সীমাবদ্ধ নয়। গ্রামীণ জীবনের নানা প্রয়োজনে এ উদ্ভিদটি ব্যবহার হয়ে আসছে। কচুরিপানা পচিয়ে জৈব সার তৈরি করা হয়। বন্যাপ্রবণ এলাকায় কচুরিপানা একসঙ্গে জমা করে স্তূপ তৈরি করে সেই স্তূপের ওপর ভাসমান পদ্ধতিতে শাক-সবজি চাষ করা হয়। কোথাও কোথাও এটিকে সংগ্রহ করে রোদে শুকিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এ ছাড়া এটিকে গবাদিপশুর খাদ্য হিসেবেও ব্যবহার করা হয়। জলজ পরিবেশে কিছু কিছু মাছের আশ্রয় ও প্রজননের ক্ষেত্র তৈরিতেও এর ভূমিকা রয়েছে।
উপজেলার বেজুরা এলাকার স্থানীয় বাসিন্দা মো. নাজমুল হাসান বলেন, ফেনা ফুল (কচুরিপানা) আমাদের কাছে একটি অতিপরিচিত ফুল। বাইরে বের হলে হঠাৎই চোখে পড়ে এ ফুলের সৌন্দর্য। আমাদের বাড়ির পাশের ডোবায় এ ফুল ফুটেছে। সবুজের মধ্যে এ ফুল চোখে পড়লে মন জুড়িয়ে যায়। এ ফুল গ্রামবাংলার একটি চিরচেনা দৃশ্য।
মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জামাল হোসেন বলেন, কচুরিপানা একটি আগাছা। তবে এ উদ্ভিদটি বাঙালির কাছে বেশ পরিচিত। এর ফুল বেশ সুন্দর ও মোলায়েম। এ ফুলের পাপড়িতে ভিন্ন রঙের উপস্থিতি থাকায় সহজেই নজর কাড়ে। গ্রামীণ প্রকৃতির সঙ্গে কচুরিপানার এক ধরনের নিবিড় সম্পর্ক রয়েছে।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ইউনানি) মোহাম্মদ সোহেল রানা কচুরিপানার ভেষজ গুণের উল্লেখ করে বলেন, উদ্ভিদটিতে অ্যান্টি-ফাঙ্গাল ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদানসহ নানা উপাদান রয়েছে। বিভিন্ন লোকজ ও ভেষজ চিকিৎসায় এর ব্যবহারের কথা প্রচলিত রয়েছে। তবে কোনো রোগের চিকিৎসায় এটি ব্যবহারের আগে অবশ্যই সংশ্লিষ্ট চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।
ব্রাহ্মণপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল মতিন বলেন, কচুরিপানা কৃষির জন্য আগাছা হিসেবে বিবেচিত হলেও এ ফুল গ্রামবাংলার একটি চিরচেনা ফুল। বৈচিত্র্যময় নকশায় এ ফুলের সৌন্দর্য যে কাউকেই আকৃষ্ট করে। এ সময়টায় চলতি পথে হরহামেশাই চোখে পড়ে।
তিনি বলেন, কচুরিপানা শুধু জলাশয়ের আগাছা নয়, সঠিকভাবে ব্যবহার করলে এটি কৃষিরও উপকারী উপাদান হতে পারে। কচুরিপানা পচিয়ে জৈব সার তৈরি করা হয়, যা জমিতে প্রয়োগের পাশাপাশি কোথাও কোথাও বাণিজ্যিকভাবেও বিক্রি হচ্ছে। বন্যাপ্রবণ এলাকায় ভাসমান পদ্ধতিতে সবজি চাষেও এর ব্যবহার রয়েছে।
তিনি আরও বলেন, তবে দ্রুত বংশবিস্তারের কারণে কচুরিপানা নিয়ে সতর্ক থাকা প্রয়োজন। বিশেষ করে নিচু ফসলি জমিতে এর আধিক্য ফসলের বৃদ্ধি ও উৎপাদন ব্যাহত করতে পারে।
- কাবায় গিয়ে ‘বিয়ের’ খবর দিলেন নাজনীন নীহা
- জলাশয়জুড়ে ফুলের চাদর, সৌন্দর্য ছড়াচ্ছে কচুরিপানা
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, শীর্ষে লাহোর
- প্রাইমারির শিক্ষক থেকে অক্সফোর্ডে: শারমিনের অর্জন
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস
- বিকেলে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন
- সংসারের চার দেয়ালে বন্দি মানবাধিকার
- পরীমণি, সাংবাদিকতা ও ভিউ’র অসুস্থ প্রতিযোগিতা
- চাক দোয়েল: প্রকৃতির এক অদ্ভূত নৃত্যশিল্পী
- যুদ্ধের ময়দানে এক নারী রিপোর্টার: মার্থা গেলহর্নের জন্মদিন আজ
- মার্কেন্টাইল ব্যাংকে নিয়োগ: আবেদন চলবে আরো ৪ দিন
- দুই বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা
- নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ
- বিতর্কের মাঝেই বধূর সাজে তিশা, নিজেকে বললেন ‘অপ্রতিরোধ্য’
- শ্যামাপূজা ও দীপাবলি উৎসব আজ
- সংসারের চার দেয়ালে বন্দি মানবাধিকার
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল
- জাপানে শক্তিশালী ভূমিকম্প, আহত অন্তত ২২
- যুদ্ধের ময়দানে এক নারী রিপোর্টার: মার্থা গেলহর্নের জন্মদিন আজ
- নড়াইলে ১৬ নারী দলের নৌকা বাইচ, নদীর দুই পাড়ে উৎসব
- ১৫ বছরে উইমেননিউজ২৪.কম: নারীর কথা বলার সাহসী যাত্রা
- মার্কেন্টাইল ব্যাংকে নিয়োগ: আবেদন চলবে আরো ৪ দিন
- ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটে ট্রেন চলাচল বন্ধ
- দুই বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা
- শ্যামাপূজা ও দীপাবলি উৎসব আজ
- নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ
- ইতিহাস গড়ে আবারও গোল্ডেন বুট জিতলেন মেসি
- মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন সামিরা খান মাহি
- প্রাইমারির শিক্ষক থেকে অক্সফোর্ডে: শারমিনের অর্জন
- পরীমণি, সাংবাদিকতা ও ভিউ’র অসুস্থ প্রতিযোগিতা



