ঢাকা, রবিবার ০৮, নভেম্বর ২০২৬ ১৬:৩২:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ শ্যামাপূজা ও দীপাবলি উৎসব আজ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল জাপানে শক্তিশালী ভূমিকম্প, আহত অন্তত ২২ মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন সামিরা খান মাহি নড়াইলে ১৬ নারী দলের নৌকা বাইচ, নদীর দুই পাড়ে উৎসব ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটে ট্রেন চলাচল বন্ধ

বিতর্কের মাঝেই বধূর সাজে তিশা, নিজেকে বললেন ‘অপ্রতিরোধ্য’

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৫ পিএম, ৮ নভেম্বর ২০২৬ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিতর্ক যেন পিছু ছাড়ছে না ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার। শাড়ি নিয়ে দুটি প্রতিষ্ঠানের সঙ্গে আইনি জটিলতা, প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা। বেশ কিছুদিন ধরেই খবরের শিরোনামে অভিনেত্রী। এর মধ্যে নতুন করে আলোচনায় এসেছে অভিনয়শিল্পীদের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘের’ সিদ্ধান্ত। সামিয়া অথৈয়ের সঙ্গে শুটিং সেটে বিবাদ এবং বিষয়টি মীমাংসায় অনীহার অভিযোগে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে তিশার সদস্যপদ। এতসব বিতর্কের মধ্যেই এবার সম্পূর্ণ ভিন্ন এক রূপে হাজির হলেন অভিনেত্রী। 

শনিবার (৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে লাল বেনারসিতে বধূর সাজে একগুচ্ছ ছবি প্রকাশ করেন তিনি। আর ছবির সঙ্গে দেওয়া ক্যাপশনেই যেন জানিয়ে দিলেন, প্রতিকূল পরিস্থিতিতেও ভেঙে পড়ার মানুষ নন তিনি।

এক ডজনেরও বেশি ছবি পোস্ট করেছেন তিশা। ছবিগুলোতে তিশাকে দেখা গেছে ঐতিহ্যবাহী বাঙালি বধূর সাজে। লাল রঙের জমকালো বেনারসি শাড়িতে সোনালি ও রুপালি জরির কারুকাজ নজর কেড়েছে। সঙ্গে নকশাদার ব্লাউজ ও লাল ওড়না। মাথায় টিকলি, কানে ঝুমকা, গলায় ভারী চোকার এবং সোনালি গয়নায় সেজেছেন তিনি। খোঁপায় সাদা ফুলের সাজ তাঁর পুরো লুককে দিয়েছে বাড়তি আভিজাত্য।

তবে সাজের চেয়েও বেশি নজর কেড়েছে ছবির ক্যাপশন। নিজের ছবির সঙ্গে তিশা লিখেছেন, ‘অবিচল, আপসহীন, নির্ভীক, অবিনাশী, অদম্য, অপ্রতিরোধ্য।’ ছয়টি শব্দে যেন নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিনেত্রী। সাম্প্রতিক নানা বিতর্কের মধ্যেও তিনি যে মানসিকভাবে শক্ত থাকার বার্তা দিতে চাইছেন, এমনটাই মনে করছেন অনেকে।

এদিকে বধূর সাজে তিশাকে দেখে খুশি তার ভক্তরা। কেউ তার রূপের প্রশংসায় পঞ্চমুখ, আবার কেউ মজা করে অভিনেত্রীকে বাস্তব জীবনেও বিয়ের পিঁড়িতে বসার পরামর্শ দিয়েছেন। 

এদিকে ব্যক্তিগত বিতর্কের পাশাপাশি অভিনয়জীবনেও খুব একটা স্বস্তিতে নেই তিশা। ছোট পর্দায় কাজের পরিমাণ কমিয়ে সিনেমায় মনোযোগী হয়েছেন তিনি। ঢালিউড তারকা শাকিব খানের বিপরীতে ‘সোলজার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হওয়ার কথা তার। তবে সাকিব ফাহাদ পরিচালিত সিনেমাটির অধিকাংশ শুটিং শেষ হলেও কাজ এখনো পুরোপুরি সম্পন্ন হয়নি। ফলে সিনেমাটির ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।