ঢাকা, রবিবার ০৮, নভেম্বর ২০২৬ ১৬:৩২:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ শ্যামাপূজা ও দীপাবলি উৎসব আজ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল জাপানে শক্তিশালী ভূমিকম্প, আহত অন্তত ২২ মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন সামিরা খান মাহি নড়াইলে ১৬ নারী দলের নৌকা বাইচ, নদীর দুই পাড়ে উৎসব ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটে ট্রেন চলাচল বন্ধ

১৫ বছরে উইমেননিউজ২৪.কম: নারীর কথা বলার সাহসী যাত্রা

আইরীন নিয়াজী মান্না | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৫ এএম, ৮ নভেম্বর ২০২৬ রবিবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

একটি স্বপ্ন থেকে যাত্রা শুরু। লক্ষ্য ছিল নারীর জন্য একটি নিজস্ব সংবাদমাধ্যম তৈরি করা। যেখানে নারীর কথা বলা হবে, নারীর অধিকার ও সম্ভাবনার কথা উঠে আসবে, তুলে ধরা হবে তার সাফল্য, সংগ্রাম, বঞ্চনা, প্রতিবাদ ও ঘুরে দাঁড়ানোর গল্প। সেই স্বপ্ন নিয়েই পথচলা শুরু হয়েছিল উইমেননিউজ২৪.কমের। দেখতে দেখতে ১৪ বছর পেরিয়ে ৪ অক্টোবর আমরা ১৫ বছরে পা রেখেছি। দীর্ঘ এই পথচলা আমাদের জন্য যেমন আনন্দের, তেমনি গর্বের, আবার অনেক চ্যালেঞ্জ ও সংগ্রামেরও।

উইমেননিউজ২৪.কম দেশের প্রথম নারীবিষয়ক ও এই মুহূর্তে একমাত্র অনলাইন নিউজ পোর্টাল। এর মূল স্লোগান হলো—‘Equality for all’ (সবার জন্য সমতা)।

উইমেননিউজ২৪.কম কেবল একটি অনলাইন নিউজ পোর্টাল নয়। এটি নারীর কথা বলার, নারীর জীবন ও বাস্তবতাকে তুলে ধরার এবং নারীকে তার অধিকার সম্পর্কে সচেতন করার একটি উদ্যোগ। আমাদের বিশ্বাস, একটি সমাজকে এগিয়ে নিতে হলে সেই সমাজের নারীদের এগিয়ে যাওয়ার পথ তৈরি করতে হবে। আর সেই পথ তৈরির অন্যতম হাতিয়ার হচ্ছে তথ্য, সংবাদ ও সচেতনতা।

এই বিশ্বাস থেকেই আমাদের যাত্রা। বিশ্বের নানা প্রান্তে প্রতিদিন নারীদের জীবনে কত ঘটনা ঘটে! কোথাও নারী বৈষম্যের শিকার হচ্ছেন, কোথাও অধিকার আদায়ে লড়ছেন। কোথাও নারী উদ্যোক্তা হিসেবে নিজের অবস্থান তৈরি করছেন, কেউ বিজ্ঞান, শিক্ষা, গবেষণা, রাজনীতি, ক্রীড়া কিংবা শিল্প-সাহিত্যে সাফল্যের স্বাক্ষর রাখছেন। আবার কোথাও যুদ্ধ, সংঘাত, দারিদ্র্য, জলবায়ু পরিবর্তন কিংবা সামাজিক বৈষম্যের সবচেয়ে বড় শিকার হচ্ছেন নারী ও শিশুরা।

এসব খবর, তথ্য ও বাস্তবতাকে এক জায়গায় এনে পাঠকের সামনে তুলে ধরাই উইমেননিউজ২৪.কমের অন্যতম লক্ষ্য। বাংলাদেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের নারীদের সংবাদ, অধিকার, অর্জন, সংকট ও সম্ভাবনার খবর আমরা প্রকাশ করি। আমাদের চেষ্টা থাকে, একজন পাঠক যেন একই প্ল্যাটফর্মে নারীবিষয়ক দেশি-বিদেশি গুরুত্বপূর্ণ সংবাদ ও প্রয়োজনীয় তথ্য খুঁজে পান।

আমরা শুধু সংবাদ প্রকাশেই সীমাবদ্ধ থাকতে চাই না। নারীর অধিকার, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান, অর্থনৈতিক স্বাধীনতা, নিরাপত্তা, সামাজিক মর্যাদা, আইনগত সুরক্ষা এবং রাষ্ট্র ও সমাজে নারীর অংশগ্রহণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোও তুলে ধরি। একজন নারী কোথায় তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন, কোথায় তার জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলছে, কোথায় তাকে আরও সচেতন হতে হবে—এসব বিষয় আমাদের প্রকাশনার গুরুত্বপূর্ণ অংশ।

আমাদের কাছে নারীর সাফল্যের গল্প যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গুরুত্বপূর্ণ তার ব্যর্থতা, বাধা পেরোনোর অভিজ্ঞতা ও ঘুরে দাঁড়ানোর কাহিনি। কারণ আমরা মনে করি, একজন নারীর সংগ্রামের গল্প অন্য একজন নারীকে সাহস জোগাতে পারে। একজন সফল নারীর অভিজ্ঞতা আরেকজনকে স্বপ্ন দেখতে শেখাতে পারে। আবার কোনো নারীর প্রতি অন্যায় ও বৈষম্যের সংবাদ সমাজকে প্রশ্নের মুখোমুখি দাঁড় করাতে পারে।

আমরা চাই, নারীর জীবন যেন শুধু নারী দিবস কিংবা বিশেষ কোনো দিবসের সংবাদে সীমাবদ্ধ না থাকে। নারী ও নারীর অধিকার যেন প্রতিদিনের সংবাদচর্চার গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। নারীকে নিয়ে সংবাদ মানেই শুধু নির্যাতন, ধর্ষণ, হত্যা কিংবা বঞ্চনার খবর নয়। নারী একজন মানুষ, একজন নাগরিক, একজন পেশাজীবী, একজন উদ্যোক্তা, একজন সৃষ্টিশীল মানুষ। তার বহুমাত্রিক জীবন ও অবদানকে সামগ্রিকভাবে তুলে ধরাই আমাদের সাংবাদিকতার অন্যতম অঙ্গীকার।

তবে ১৫ বছরের এই পথচলা মোটেও মসৃণ ছিল না।

একটি সংবাদমাধ্যম পরিচালনার জন্য প্রয়োজন নিয়মিত অর্থায়ন, বিজ্ঞাপন, দক্ষ জনবল, প্রযুক্তিগত সহায়তা, অফিস ব্যবস্থাপনা এবং নানা ধরনের পরিচালন ব্যয়। বিশেষ করে একটি স্বতন্ত্র নারী বিষয়ক সংবাদমাধ্যম হিসেবে উইমেননিউজ২৪.কমকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আর্থিক সীমাবদ্ধতা আমাদের বড় চ্যালেঞ্জ। পর্যাপ্ত বিজ্ঞাপন নেই, প্রাতিষ্ঠানিক অর্থায়ন নেই, নেই বড় কোনো আর্থিক পৃষ্ঠপোষকতা। অথচ সংবাদমাধ্যম পরিচালনা করতে হয় নিয়মিত কর্মীদের বেতন, অফিস ভাড়া, বিদ্যুৎ, ইন্টারনেটসহ নানা খরচ বহন করে।

বেশ কয়েকজন কর্মী নিয়ে একটি সংবাদমাধ্যম সচল রাখা, প্রতিদিন সংবাদ সংগ্রহ ও সম্পাদনা করা এবং পাঠকের কাছে সময়মতো তথ্য পৌঁছে দেওয়া সহজ কাজ নয়। অনেক সময় প্রয়োজনীয় অর্থের সংস্থান করতেই আমাদের হিমশিম খেতে হয়েছে। এখনো হতে হয়। কখনো কখনো মনে হয়েছে, এত প্রতিকূলতার মধ্যে কীভাবে এগিয়ে যাব! কিন্তু থেমে যাইনি।

কারণ আমাদের কাছে উইমেননিউজ২৪.কম কেবল একটি ব্যবসায়িক উদ্যোগ নয়। এর সঙ্গে জড়িয়ে আছে একটি সামাজিক দায়বদ্ধতা, একটি স্বপ্ন এবং দীর্ঘদিনের শ্রম। আমরা বিশ্বাস করি, নারীর জন্য একটি নিজস্ব সংবাদমাধ্যমের প্রয়োজন রয়েছে। সেই প্রয়োজন থেকেই আমাদের টিকে থাকার লড়াই।

এই দীর্ঘ পথচলায় আমাদের সবচেয়ে বড় শক্তি পাঠকের ভালোবাসা ও সমর্থন। পাঠক আমাদের সংবাদ পড়েছেন, শেয়ার করেছেন, মতামত দিয়েছেন, ভুল ধরিয়ে দিয়েছেন, নতুন বিষয় নিয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন। তাঁদের এই ভালোবাসা আমাদের প্রতিদিন নতুন করে সাহস জুগিয়েছে। বিজ্ঞাপন কিংবা বড় কোনো তহবিল আমাদের হাতে না থাকলেও পাঠকের আস্থা ও ভালোবাসা আমাদের এগিয়ে চলার মূল পুঁজি।

আমরা জানি, একটি সংবাদমাধ্যমের বিশ্বাসযোগ্যতা তৈরি হয় দীর্ঘদিনের কাজের মধ্য দিয়ে। পাঠকের আস্থা অর্জন করতে হয় দায়িত্বশীল সংবাদ পরিবেশন, তথ্যের সত্যতা যাচাই এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে। উইমেননিউজ২৪.কম সেই দায়িত্ব পালনের চেষ্টা করে যাচ্ছে। আমাদেরও সীমাবদ্ধতা আছে, ভুলত্রুটি থাকতে পারে। তবে আমরা শিখতে চাই, নিজেদের আরও সমৃদ্ধ করতে চাই এবং পাঠকের প্রত্যাশার জায়গাগুলো পূরণ করতে চাই।

১৫ বছরে পদার্পণ আমাদের কাছে শুধু একটি প্রতিষ্ঠাবার্ষিকী নয়, এটি নতুন করে নিজেদের কাজ ও দায়িত্ব পর্যালোচনা করার সময়। আগামী দিনে আমরা নারীবিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা, গবেষণাভিত্তিক প্রতিবেদন, নারী অধিকারবিষয়ক বিশেষ আয়োজন, সফল ও সংগ্রামী নারীদের জীবনকথা, সাক্ষাৎকার, পডকাস্ট এবং প্রয়োজনীয় তথ্যভিত্তিক কনটেন্ট আরও বিস্তৃত করতে চাই। একই সঙ্গে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা নারীদের জীবনের গল্প পাঠকের কাছে পৌঁছে দিতে চাই।

আমাদের স্বপ্ন, উইমেননিউজ২৪.কম একদিন আরও শক্তিশালী, সমৃদ্ধ ও পাঠকপ্রিয় একটি নারী বিষয়ক সংবাদমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হবে। এ জন্য প্রয়োজন পাঠকের অব্যাহত সহযোগিতা, শুভাকাঙ্ক্ষীদের সমর্থন, বিজ্ঞাপনদাতা ও প্রাতিষ্ঠানিক পৃষ্ঠপোষকদের এগিয়ে আসা। নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠায় যারা কাজ করছেন, তাঁদের সঙ্গে আমরা আরও কার্যকর সহযোগিতার সম্পর্ক গড়ে তুলতে চাই।

আমরা বিশ্বাস করি, নারীর অগ্রযাত্রা কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাজ নয়। এটি সম্মিলিত প্রচেষ্টার বিষয়। সংবাদমাধ্যম হিসেবে আমাদের দায়িত্ব সেই অগ্রযাত্রার খবর তুলে ধরা, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, অধিকার সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং নারীর সম্ভাবনাকে সামনে নিয়ে আসা।

১৪ বছরের অভিজ্ঞতা ও অর্জন সঙ্গে নিয়ে আমরা ১৫ বছরে পা রেখেছি। পথ এখনো অনেক বাকি। সামনে আরও অনেক কাজ, অনেক স্বপ্ন, অনেক চ্যালেঞ্জ।

যাঁরা শুরু থেকে আমাদের সঙ্গে ছিলেন, যাঁরা বিভিন্ন সময়ে সহযোগিতা করেছেন, যাঁরা আমাদের সংবাদ পড়েছেন এবং ভালোবেসেছেন—সবার প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা।

উইমেননিউজ২৪.কম এগিয়ে যেতে চায় নারীর কথা বলতে, নারীর অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে পাশে থাকতে এবং নারীকে ঘিরে একটি সচেতন, মানবিক ও সমতাভিত্তিক সমাজ গঠনে ভূমিকা রাখতে।

আমাদের পথচলা অব্যাহত থাকুক পাঠকের ভালোবাসায়, মানুষের আস্থায় এবং নারীর প্রতি দায়বদ্ধতায়।

আইরীন নিয়াজী মান্না
প্রকাশক ও সম্পাদক-উইমেননিউজ২৪.কম