ঢাকা, রবিবার ২২, নভেম্বর ২০২৬ ২:৩৮:১৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভারতে ইয়োগা শিখতে এসে ধর্ষণের শিকার জাপানি নারী অপ্রতিম হত্যা: চার্জ গঠনের শুনানি ২৯ নভেম্বর ২৪ ঘণ্টায় হাম উপসর্গে দুজনের মৃত্যু, হাসপাতালে ৯২৫ মুক্তিযোদ্ধাদের সম্মান-সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: পিএম কয়েক দিনের বৃষ্টির পরও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর

অপ্রতিম হত্যা: চার্জ গঠনের শুনানি ২৯ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:১৯ পিএম, ২১ নভেম্বর ২০২৬ শনিবার

নিহত  ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩)

নিহত ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩)

কুমিল্লায় আলোচিত স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলার বিচারিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে আগামী ২৯ নভেম্বর। ওই দিন মামলার চার আসামির বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে আসামিদের মধ্যে দুজন অপ্রাপ্তবয়স্ক ও দুজন প্রাপ্তবয়স্ক হওয়ায় পৃথক দুটি আদালতে তাদের বিচার পরিচালিত হবে। শনিবার (২১ নভেম্বর) দুপুরে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. কাইমুল হক রিংকু এ তথ্য নিশ্চিত করেছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, মামলার অভিযোগপত্র ইতোমধ্যে আদালত গ্রহণ করেছেন। চার আসামিই বর্তমানে কারাগারে রয়েছেন। আগামী ২৯ নভেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার আনুষ্ঠানিক বিচারিক কার্যক্রম শুরু হবে। দুই অপ্রাপ্তবয়স্ক আসামির বিচার হবে শিশু আদালতে (জুভেনাইল কোর্ট) এবং দুই প্রাপ্তবয়স্ক আসামির বিচার হবে কুমিল্লার সেশন আদালতে।

আসামিপক্ষের আইনজীবী নিয়োগের বিষয়ে কাইমুল হক বলেন, আসামিদের পক্ষে কুমিল্লার স্থানীয় কোনো আইনজীবী দাঁড়ানোর সিদ্ধান্ত নেননি। আসামিপক্ষ মানবাধিকার সংগঠনের মাধ্যমে আইনজীবী নিয়োগের চেষ্টা করছে। তবে রাষ্ট্রপক্ষ নিজেদের আইনি কার্যক্রম যথাযথভাবে চালিয়ে যাবে।

এদিকে ছেলের হত্যার বিচার শুরু হওয়ার খবরে সন্তোষ প্রকাশ করেছেন নিহত অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার। তিনি বলেন, ছেলেকে হত্যার সঙ্গে জড়িতদের বিচারকাজ শুরু হওয়ার খবর শুনে ভালো লাগছে। তারা আইন ও আদালতের প্রতি আস্থাশীল। আশা করছেন, আদালতের মাধ্যমে ন্যায়বিচার পাবেন।

প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকার গন্ধমতি থেকে নিখোঁজ হয় ইশায়াত শাহরিয়ার অপ্রতিম। সে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম ও কে এম ফিরোজ শাহরিয়ারের একমাত্র সন্তান। মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল সে। এরপর আর বাসায় ফেরেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে সদর দক্ষিণ মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নিখোঁজের পরদিন ১৯ সেপ্টেম্বর দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটসংলগ্ন লালমাই পাহাড়ঘেঁষা সানন্দা গ্রামের একটি নির্জন ঝোপ থেকে অপ্রতিমের লাশ উদ্ধার করে পুলিশ। সে কোটবাড়ি এলাকার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। মাত্র ১৩ বছর বয়সী এই শিশুর এমন নির্মম হত্যাকাণ্ড দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

পুলিশের তদন্তে উঠে আসে, অপ্রতিমের কাছে থাকা আইফোনটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় চারজন জড়িত থাকার তথ্য পায় তদন্তসংশ্লিষ্টরা। পরে তাদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। আদালতে হাজির করার পর চার আসামির মধ্যে তিনজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে মামলাসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

হত্যাকাণ্ডের প্রায় এক মাস পর গত ২০ অক্টোবর দুই কিশোরসহ চারজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে পুলিশ। তদন্তে চারজনের বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানায় জেলা পুলিশ। ২৩ অক্টোবর অভিযোগপত্র দাখিলের বিষয়টি আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানানো হয়।

এখন আগামী ২৯ নভেম্বর অভিযোগ গঠনের শুনানিকে কেন্দ্র করে বিচারপ্রক্রিয়ার দিকে তাকিয়ে রয়েছেন নিহত অপ্রতিমের পরিবার ও স্থানীয়রা। আলোচিত এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে—এমন প্রত্যাশা স্বজনদের।