ঢাকা, রবিবার ২৯, মার্চ ২০২৬ ৬:৫১:৩৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টির সম্ভাবনা তেলের ডিপোতে বিজিবি মোতায়েন, নজরদারি জোরদার স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী মারা গেছেন ডিমের বাজারে অস্থিরতা: পাইকারদের অভিযোগ

প্রিয় লেখা : ‘পাখির কাছে ফুলের কাছে’

আল মাহমুদ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪১ পিএম, ১৪ মার্চ ২০১৯ বৃহস্পতিবার

আল মাহমুদ

আল মাহমুদ

নারকেলের ঐ লম্বা মাথায় হঠাৎ দেখি কাল

ডাবের মতো চাঁদ উঠেছে ঠাণ্ডা ও গোলগাল।

ছিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে এলেম ঘর

ঘুমন্ত এই মস্ত শহর করছিলো থরথর।

মিনারটাকে দেখছি যেন দাঁড়িয়ে আছেন কেউ,

পাথরঘাটার গির্জেটা কি লাল পাথরের ঢেউ?

চৌকিদারের হাঁক শুনে যেই মোড় ফিরেছি বায়-

কোত্থেকে এক উটকো পাহাড় ডাক দিল আয় আয়।

পাহাড়টাকে হাত বুলিয়ে লাল দীঘিটার পাড়

এগিয়ে দেখি জোনাকিদের বসেছে দরবার।

আমায় দেখে কলকলিয়ে দীঘির কালো জল

বললো, এসো, আমরা সবাই না ঘুমানোর দল-

পকেট থেকে খুলো তোমার পদ্য লেখার ভাঁজ

রক্তজবার ঝোপের কাছে কাব্য হবে আজ।

দীঘির কথায় উঠলো হেসে ফুল পাখিদের সব

কাব্য হবে, কাব্য হবে- জুড়লো কলরব।

কী আর করি পকেট থেকে খুলে ছড়ার বই

পাখির কাছে, ফুলের কাছে মনের কথা কই।