ঢাকা, বৃহস্পতিবার ০৪, জুন ২০২৬ ৬:৫৮:২০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল

ফিলিপিন্স: আগামী সপ্তাহে সারা দুতার্তের বিচার শুরু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৩১ পিএম, ১৪ মে ২০২৬ বৃহস্পতিবার

ফিলিপিন্সের ভাইস প্রেসিডেন্ট সারা দুতার্তে

ফিলিপিন্সের ভাইস প্রেসিডেন্ট সারা দুতার্তে

ফিলিপিন্সের ভাইস প্রেসিডেন্ট সারা দুতার্তেকে অভিশংসনের (ইমপিচমেন্ট) লক্ষ্যে আগামী সপ্তাহে দেশটির সিনেটে বিচার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। তাকে ক্ষমতা থেকে অপসারণের এটি দ্বিতীয় প্রচেষ্টা বলে আজ বৃহস্পতিবার সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।

ম্যানিলা থেকে এএফপি জানায়, ২৪ সদস্যের সিনেটে ভাইস প্রেসিডেন্টকে দোষী সাব্যস্ত করতে দুই-তৃতীয়াংশ ভোটের প্রয়োজন হবে। তবে এই উচ্চকক্ষটি বর্তমানে তার দলীয় শরিক ও মিত্রদের নিয়ন্ত্রণে থাকায় শেষ পর্যন্ত তিনি দোষী সাব্যস্ত হওয়ার সম্ভাবনা খুবই কম বলে মনে করা হচ্ছে।

সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের কন্যা সারা দুতার্তের বিরুদ্ধে দুর্নীতি এবং তার সাবেক রাজনৈতিক মিত্র ও বর্তমান প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোসের বিরুদ্ধে একটি কথিত হত্যা ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। এসব গুরুতর অভিযোগে গত সোমবার তাকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত বা অভিশংসন করা হয়।

দেশটির সংবিধান অনুযায়ী, নিম্নকক্ষে অভিশংসন প্রস্তাব পাসের পর উচ্চকক্ষ বা সিনেটে এর বিচার কার্যক্রম শুরু হয়। সিনেট আদালতে তিনি দোষী সাব্যস্ত হলে তাকে ভাইস প্রেসিডেন্টের পদ থেকে অপসারণ করা হবে এবং আজীবনের জন্য যেকোনো নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য ঘোষণা করা হবে। 

২০২৮ সালের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে সারা দুতার্তে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন, যা দোষী সাব্যস্ত হলে চূড়ান্তভাবে ভেস্তে যাবে।

সিনেট প্রেসিডেন্ট অ্যালান পিটার কায়েতানো এক সংবাদ সম্মেলনে জানান, আগামী সোমবার সিনেটররা ইমপিচমেন্ট আদালতের বিচারক হিসেবে শপথ গ্রহণ করবেন। এর পরদিন মঙ্গলবার ভাইস প্রেসিডেন্টের কাছে সমন পাঠানো হবে এবং এরপরই সাক্ষ্য-প্রমাণ উপস্থাপনের মূল শুনানি শুরু হবে। 

কায়েতানো বলেন, ‘এখানে অবশ্যই আইনি ভিত্তি থাকতে হবে। আমি সত্য এবং প্রাপ্ত প্রমাণের ওপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেব।’

ভাইস প্রেসিডেন্টের খালাস পাওয়ার জন্য ২৪ সদস্যের সিনেটে মাত্র ৯টি ভোটের প্রয়োজন। অন্যদিকে তার বিরুদ্ধে আনা চারটি অভিযোগের যেকোনো একটি প্রমাণিত হলেই তাকে পদ হারাতে হবে।

ম্যানিলার 'আতেনেও পলিসি সেন্টার'-এর সিনিয়র ফেলো মাইকেল হেনরি ইউসিংকো এএফপি-কে জানান, ২০১৫ সালের মে মাসে অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে দুতার্তে পরিবারের অনুগত প্রার্থীরা ১২টি উন্মুক্ত আসনের মধ্যে ৫টিতে জয়ী হওয়ায় সিনেটের রাজনৈতিক সমীকরণ এখন আরও বেশি সারা দুতার্তের পক্ষে। 

তিনি বলেন, ‘গতবারও তাকে খালাস দেওয়ার মতো পর্যাপ্ত সংখ্যা তাদের ছিল। সেই ৯ জন সমর্থক ছিলেন অনড়। বর্তমান নতুন পরিস্থিতিতে তাদের অবস্থান আরও বড়, শক্তিশালী এবং নিশ্চিত হয়েছে।’

দলীয় আনুগত্য ও মিত্রদের সমর্থনের কারণে সারা দুতার্তে খালাস পেয়ে যেতে পারেন বলে ধারণা করা হলেও বিশ্লেষকদের মতে, এই প্রকাশ্য বিচার প্রক্রিয়া টেলিভিশন ও গণমাধ্যমে সম্প্রচারের ফলে তার বিরুদ্ধে উত্থাপিত প্রমাণাদি জনগণের সামনে চলে আসবে। এটি তার রাজনৈতিক জনপ্রিয়তায় মারাত্মক ধস নামাতে পারে।

ফিলিপিন্সের ইতিহাসে সারা দুতার্তের ইমপিচমেন্টের মুখোমুখি হতে সিনেট আদালত বসার ঘটনা এটি দ্বিতীয়বার। এর আগে গত বছরও সিনেটররা বিশেষ পোশাক পরে লাইভ টেলিভিশনে আদালত বসিয়েছিলেন। 

তবে পরবর্তীতে মামলাটি প্রতিনিধি পরিষদে (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) ফেরত পাঠানো হয়, যাকে এক আইনপ্রণেতা 'কার্যকরী বরখাস্ত' হিসেবে অভিহিত করেছিলেন।

উল্লেখ্য, গত সোমবার ফিলিপিন্সের সিনেট তাদের নতুন প্রেসিডেন্ট হিসেবে অ্যালান পিটার কায়েতানোকে নির্বাচিত করেছে, যিনি দীর্ঘ সময় ধরে দুতার্তে পরিবারের একজন ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত।