ঢাকা, রবিবার ২২, নভেম্বর ২০২৬ ১৮:৪০:৩৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন যুক্তরাষ্ট্রে বেবি শাওয়ারে গুলি, নারীসহ নিহত ৩ ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি তারানা হালিমের সন্ধানে গুলশানের বাসায় পুলিশের অভিযান সোনার দামে বিশাল পতন, দুই লাখের নিচে ভরি

যুক্তরাষ্ট্রে বেবি শাওয়ারে গুলি, নারীসহ নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৫ এএম, ২২ নভেম্বর ২০২৬ রবিবার

যুক্তরাষ্ট্রে বেবি শাওয়ার অনুষ্ঠানে গুলি, অনাগত শিশুর বাবাসহ নিহত ৩

যুক্তরাষ্ট্রে বেবি শাওয়ার অনুষ্ঠানে গুলি, অনাগত শিশুর বাবাসহ নিহত ৩

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে একটি বেবি শাওয়ার অনুষ্ঠানে গুলিতে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন অনাগত শিশুটির ১৯ বছর বয়সী বাবা, গর্ভবতী নারীর ৪৫ বছর বয়সী বাবা এবং ১৭ বছর বয়সী এক কিশোরী। এ ঘটনায় ৩৯ বছর বয়সী এক নারীও গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ক্লিভল্যান্ডের কাছের পারমা শহরের প্যান্ডোরাস ম্যাজিকাল ইভেন্টস নামের অনুষ্ঠানস্থলে এ ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করেন কর্মকর্তারা।

পুলিশের জনসংযোগ কর্মকর্তা স্কট ট্র্যাক্সলার স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, নিহত ১৯ বছর বয়সী যুবক অনাগত শিশুটির বাবা। আর নিহত ৪৫ বছর বয়সী ব্যক্তি ছিলেন গর্ভবতী নারীর বাবা। নিহত কিশোরীর সঙ্গে পরিবারের সম্পর্ক কী, তা এখনো জানানো হয়নি।

গুলিতে আহত ৩৯ বছর বয়সী ওই নারীর পায়ে আঘাত লেগেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছে পুলিশ। তবে গর্ভবতী নারীর শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ঘটনার পর আগ্নেয়াস্ত্রসহ ২৯ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তবে ওই ব্যক্তির ভূমিকা আত্মরক্ষামূলক হয়ে থাকতে পারে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা ট্র্যাক্সলার। তদন্তকারীদের ধারণা, নিহত ১৯ বছর বয়সী যুবকও গুলি চালিয়ে থাকতে পারেন। অর্থাৎ, গোলাগুলিতে একাধিক ব্যক্তি জড়িত ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার পর পুলিশ যখন প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছিল, তখন সেখানে উপস্থিত ২০ থেকে ২৫ জনের মধ্যে মারামারি শুরু হয়। এ সময় কয়েকজন মাটিতে পড়ে যান। প্রত্যক্ষদর্শীদের বরাতে স্থানীয় সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সাধারণ মানুষের জন্য আর কোনো নিরাপত্তাঝুঁকি নেই। ঘটনার কারণ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা জানতে তদন্ত চলছে। 

তথ্যসূত্র: নিউইয়র্ক পোস্ট