ঢাকা, বুধবার ২৫, নভেম্বর ২০২৬ ১৯:৫৬:৩২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকার বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’, বায়ুদূষণে বিশ্বের চতুর্থ ফের কমল সোনার দাম, ভরিতে ২৮৫৮ টাকা ছাড় পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক শুরু প্রভোস্ট পদ থেকে অব্যাহতি পেলেন অধ্যাপক স্নিগ্ধা

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৯ এএম, ২৫ নভেম্বর ২০২৬ বুধবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

তৈরি পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ, শ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়েছে ৪ হাজার ৫০০ টাকা।

দীর্ঘ আলোচনা ও দর-কষাকষির পর মঙ্গলবার দিবাগত রাতে নিম্নতম মজুরি বোর্ডের বৈঠকে ভোটাভুটির মাধ্যমে নতুন মজুরি চূড়ান্ত করা হয়।

বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার জানান, দীর্ঘ বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধিরা সর্বশেষ প্রস্তাবে ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা নির্ধারণের দাবি জানান। অন্যদিকে, মালিকপক্ষের প্রতিনিধিরা ১৭ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেন।

তিনি বলেন, শেষ পর্যন্ত বোর্ডের ছয় সদস্যের ভোটে নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়। এর মধ্যে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং দুজন ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি চূড়ান্ত হয়।

এর আগে তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলন চলছিল। এর মধ্যে গত ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠনের পাশাপাশি তৈরি পোশাকশিল্পের জন্য নতুন মজুরি বোর্ড গঠন করে।

উল্লেখ্য, বর্তমানে তৈরি পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩৬ শতাংশ বাড়বে। ২০২৩ সালের নভেম্বরে সর্বশেষ তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছিল। ওই বছরের ডিসেম্বর থেকে কার্যকর হওয়া সেই কাঠামোয় ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হয়। এতে মজুরি বেড়েছিল ৫৬ দশমিক ২৫ শতাংশ। বর্তমান মজুরি কাঠামোর মেয়াদ চলতি নভেম্বর মাসে শেষ হচ্ছে।