ঢাকা, বৃহস্পতিবার ২৬, নভেম্বর ২০২৬ ২১:২২:১৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ৮ শিশুর মৃত্যু বিমসটেক অ্যাথলেটিকসে বাংলাদেশের প্রথম পদক সুমাইয়ার গাজায় সন্তান জন্মদানে বাধা দিচ্ছে ইসরাইল: অ্যামনেস্টি জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন দেশের বাজারেও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: খাদ্যমন্ত্রী

প্রাণিসম্পদ খাতে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়ানোর আহ্বান

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১৪ পিএম, ২৬ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার

ছবি: পিআইডি

ছবি: পিআইডি

প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা কাজে লাগিয়ে উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি এবং পুষ্টির চাহিদা পূরণে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম।

তিনি বলেন, প্রাণিসম্পদ খাতের উন্নয়নে আধুনিক প্রযুক্তি, প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা গেলে দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন এবং জাতীয় অর্থনীতিতে এ খাতের অবদান আরও বাড়বে।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিজ অফিসকক্ষ থেকে অনলাইনে যুক্ত হয়ে মানিকগঞ্জ জেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন।

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে দেশব্যাপী এ সপ্তাহ উদযাপিত হচ্ছে।

খাদ্যমন্ত্রী বলেন, দেশের ক্রমবর্ধমান জনগোষ্ঠীর জন্য নিরাপদ, পর্যাপ্ত ও মানসম্মত প্রাণিজ খাদ্য সরবরাহ, প্রাণীর স্বাস্থ্যসেবা নিশ্চিত এবং প্রাণিজ উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে প্রাণিসম্পদ অধিদপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মাংস ও ডিম উৎপাদনে বাংলাদেশ ইতোমধ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। তবে শিশুদের পুষ্টির চাহিদা পূরণে দুধের উৎপাদন ও সরবরাহ আরও বাড়ানো প্রয়োজন।

তিনি বলেন, প্রাণিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে উপজেলাভিত্তিক মোবাইল ভেটেরিনারি ক্লিনিক ও কৃত্রিম প্রজনন কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশিক্ষিত তরুণ উদ্যোক্তাদের সম্পৃক্ত করে এ খাতের উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগও গুরুত্বপূর্ণ।

মন্ত্রী বলেন, মানিকগঞ্জের প্রান্তিক জনগোষ্ঠীর কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন ও পুষ্টির চাহিদা পূরণে গবাদিপশু, হাঁস-মুরগি, ছাগল ও ভেড়া পালনের প্রশিক্ষণ কার্যক্রম ভূমিকা রাখছে। পাশাপাশি পশুপাখির রোগ নির্ণয় ও চিকিৎসাসেবা প্রদানে ফিল্ড ডিজিজ ইনভেস্টিগেশন ল্যাবরেটরির কার্যক্রমও উল্লেখযোগ্য।

তিনি আরও বলেন, দুধের উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের উৎপাদিত দুধের ন্যায্যমূল্য নিশ্চিত করতে জেলার সিঙ্গাইর উপজেলায় বেসরকারি উদ্যোগে ডেইরি হাব স্থাপন করা হয়েছে। এ হাবে দুগ্ধজাত পণ্য উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণের ব্যবস্থা রয়েছে। স্বাস্থ্যসম্মত উপায়ে দুগ্ধজাত পণ্য উৎপাদনে উদ্যোক্তাদের উৎসাহিত করতে প্রয়োজনীয় সরঞ্জাম সহায়তা প্রদানের উদ্যোগও প্রশংসনীয়।

খাদ্যমন্ত্রী বলেন, এসব উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়িত হলে পুষ্টির ঘাটতি দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রাণিসম্পদ খাতের উন্নয়নে আরও অগ্রগতি অর্জন সম্ভব হবে। এ সময় মানিকগঞ্জের প্রতিটি এলাকায় নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা কাজে লাগিয়ে জেলাটিকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

এর আগে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষ্যে মানিকগঞ্জ শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।