ঢাকা, মঙ্গলবার ১৭, মার্চ ২০২৬ ২২:৫২:০৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬ জাতির পিতার জন্মদিন আজ উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ

নারীর মানবাধিকার প্রতিষ্ঠায় বড় বাধা সহিংসতা: মহিলা পরিষদ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:১৩ এএম, ২৮ নভেম্বর ২০২৫ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নারীর মানবাধিকার প্রতিষ্ঠায় বড় বাধা হলো নারীর প্রতি সহিংসতা। নাগরিক হিসেবে নারীর সব অধিকার আদায়ের পথে থাকা বাধাগুলো প্রতিহত করতে হবে। নারী আন্দোলনের চর্চায় পুরুষদের যুক্ত করতে হবে। নারীর প্রতি সহিংসতা যে মানবাধিকার লঙ্ঘন, এটি পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠিত করা গেলে সহিংসতা প্রতিরোধের ক্ষেত্র আরও দৃঢ় হবে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে ‘লিঙ্গভিত্তিক সহিংসতা এবং নারীর মানবাধিকার’ শীর্ষক এক কর্মশালায় বক্তারা এ কথা বলেন বলে সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। সংগঠনটির আনোয়ারা বেগম মুনিরা খান মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম বলেন, কোনো সহিংসতার ঘটনা ঘটলে তা প্রতিরোধের ইস্যু হয়ে দাঁড়ায়। নারীর প্রতি সহিংসতার জন্য আজ আন্দোলন গড়ে উঠেছে। আবার নারীর মানবাধিকার প্রতিষ্ঠায় বড় বাধা হলো নারীর প্রতি সহিংসতা। অন্যদিকে সাইবার সহিংসতা নারীর অবস্থানকে আরও নাজুক করে দিচ্ছে। এসব পরিস্থিতি মোকাবিলা করে নারী আন্দোলন এগিয়ে নিতে হবে। নারী আন্দোলনের চর্চায় নিজের সঙ্গে সঙ্গে পুরুষদের তৈরি করার মধ্য দিয়ে সমাজকে তৈরি করতে হবে। সুন্দর সমাজ গড়ার আন্দোলনে তিনি তরুণ প্রজন্মকে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান।

স্বাগত বক্তব্যে সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, ইউএন উইমেনের জরিপ অনুযায়ী প্রতি তিনজনে একজন নারী সহিংসতার শিকার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত নারী নির্যাতনের তথ্যও উদ্বেগজনক। নারীর প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধে জাতীয় পর্যায় থেকে বৈশ্বিক পর্যায়ে নানামুখী আন্দোলন, প্রতিবাদ হলেও ক্রমান্বয়ে সহিংসতা বৃদ্ধি পাচ্ছে, ধরনও পরিবর্তিত হচ্ছে। শুধু নারী হওয়ার কারণে মৃত্যুঝুঁকিসহ তাঁকে শারীরিক ও যৌন নির্যাতন, আর্থিক ক্ষতি, মানসিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। নারীর প্রতি সহিংসতা যে মানবাধিকার লঙ্ঘন, এটি পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠিত করা গেলে সহিংসতা প্রতিরোধের ক্ষেত্র আরও  দৃঢ় হতো।

বাংলাদেশ মহিলা পরিষদের লিগ্যাল এইড সম্পাদক রেখা সাহা বলেন, সহিংসতা থেকে পরিত্রাণের জন্য  সংগঠিতভাবে কাজ করতে হবে। নাগরিক হিসেবে নারীর অধিকার আদায়ের পথে থাকা বাধাগুলো প্রতিহত করতে হবে। নারীর প্রতি সহিংসতার মূল কারণ খুঁজতে বাংলাদেশ মহিলা পরিষদ দীর্ঘদিন নারী আন্দোলনের পাশাপাশি গবেষণা চালিয়ে যাচ্ছে।

কর্মশালায় নারী আন্দোলন ও সংগঠন, বাংলাদেশ মহিলা পরিষদ প্রতিষ্ঠার প্রেক্ষাপট, সাংগঠনিক লক্ষ্য ও উদ্দেশ্য, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে করণীয় সম্পর্কে সংক্ষেপে আলোচনা করেন মহিলা পরিষদের সম্পাদক উম্মে সালমা বেগম। সঞ্চালনা করেন মহিলা পরিষদের সংগঠন উপপরিষদ সদস্য খালেদা ইয়াসমিন কণা।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের নেত্রীবৃন্দ, সম্পাদকমণ্ডলী, কর্মকর্তাগণ, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীবৃন্দ, গ্রিনভয়েজ বহ্নিশিখা, ঢাকা ওয়াইডব্লিউসিএ অব বাংলাদেশ এবং ব্লাস্টের তরুণী প্রতিনিধি।