ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ১৯:০১:৩০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

বঙ্গবন্ধুর নামে আন্তর্জাতিক পুরস্কার দেবে ইউনেস্কো

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:১৬ পিএম, ১৩ ডিসেম্বর ২০২০ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি আন্তর্জাতিক পুরস্কার ঘোষণা করেছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো। সৃজনশীল অর্থনীতির ক্ষেত্রে বিশ্বব্যাপী তরুণদের উদ্যোগের সাফল্য বিবেচনায় এই পুরস্কার দেয়া হবে।

রোববার (১৩ ডিসেম্বর) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন তার কার্যালয়ে এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মুজিববর্ষে একটি সুখবর আছে। ইউনেস্কো বঙ্গবন্ধুর নামে ‘ইন্টারন্যাশনাল প্রাইজ ইন দ্য ফিল্ড অব ক্রিয়েটিভ ইকোনমি’নামে আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন করেছে। গত ১১ ডিসেম্বর সমাপ্ত ইউনেস্কো নির্বাহী পরিষদের শরৎকালীন ২১০তম অধিবেশনে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

এ কে আবদুল মোমেন বলেন, সৃজনশীল অর্থনীতির ক্ষেত্রে ‘ইউনেস্কো বঙ্গবন্ধু’ পুরস্কার হবে সংস্থা কর্তৃক প্রবর্তিত প্রথম আন্তর্জাতিক পুরস্কার। এই প্রথম জাতিসংঘের কোনো অঙ্গ সংস্থা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন করল।

শান্তি ও সামাজিক সম্প্রীতি গড়ে তুলতে এবং তা বজায় রাখতে সংস্কৃতির শক্তিতে বিশ্বাস রেখে সৃজনশীল অর্থনীতির জন্য ‘ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার’ শীর্ষক একটি পুরস্কার প্রবর্তনের প্রস্তাব উত্থাপন করে বাংলাদেশ। বোর্ডের যে সকল সদস্যরা এই প্রস্তাবকে সমর্থন জানিয়েছেন বাংলাদেশের পক্ষে তাদের প্রতি গভীর প্রশংসা জানিয়েছেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ইউনেস্কোর স্থায়ী প্রতিনিধি কাজী ইমতিয়াজ হোসেন। বিভিন্ন চ্যালেঞ্জ সত্ত্বেও, ইউনেস্কোর কার্যনির্বাহী বোর্ড শেষ পর্যন্ত সর্বসম্মতভাবে সকল সিদ্ধান্ত গ্রহণে সম্মত হয়েছে।

এর আগে গত ৯ ডিসেম্বর প্রোগ্রাম অ্যান্ড এক্সটার্নাল রিলেশন কমিশন এবং অর্থ ও প্রশাসনিক কমিশনের যৌথ সভায় বাংলাদেশের এ সংক্রান্ত প্রস্তাবটি বিবেচিত ও অনুমোদিত হয়। যৌথ কমিশন পূর্ণাঙ্গ সভায় এই সিদ্ধান্ত গ্রহণের সুপারিশ করেছিল যা অবশেষে গৃহীত হলো। ইউনেস্কো তাদের বৈশ্বিক অগ্রাধিকার লিঙ্গভিত্তিক সমতার সাথে সঙ্গতি রেখে সৃজনশীল অর্থনীতিতে নারীদের উৎসাহিত করার প্রয়োজনীয়তারও স্বীকৃতি দিয়েছে।

ইউনেস্কোর নথিতে বলা হয়েছে, সৃজনশীল অর্থনীতির জন্য ‘ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার’ সৃজনশীল তরুণ উদ্যোক্তা বিকাশে বড় ভূমিকা রাখবে।

এর আগে আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতিমান ব্যক্তি তথা প্রতিষ্ঠানের নামে ২৩টি ইউনেস্কো আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তিত রয়েছে। এই প্রথম বাংলাদেশ তথা বাংলাদেশের কোনো প্রথিতযশা সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তির নামে ইউনেস্কো একটি আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন করল।

উল্লেখ্য, ইউনেস্কো ২০১৭ সালে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ মেমোরি অব দ্য ওয়ার্ল্ড আন্তর্জাতিক রেজিস্টারে অন্তর্ভুক্ত করে। এর আগে ১৯৯৯ সালে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করার মাধ্যমেও ইউনেস্কো বাংলাদেশকে সম্মানিত করে। এছাড়া ষাট গম্বুজ মসজিদ, পাহাড়পুর বৌদ্ধ বিহার এবং সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে এবং বাউল গান, জামদানি, মঙ্গল শোভাযাত্রা ও শীতল পাটি বিশ্ব অপরিমেয় ঐতিহ্য হিসেবে ঘোষণা করার মাধ্যমে আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশকে অন্যমাত্রায় নিয়ে যায়।

-জেডসি

 

এই বিভাগের জনপ্রিয়