ঢাকা, রবিবার ০৮, নভেম্বর ২০২৬ ১৫:৫৯:৩৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ শ্যামাপূজা ও দীপাবলি উৎসব আজ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল জাপানে শক্তিশালী ভূমিকম্প, আহত অন্তত ২২ মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন সামিরা খান মাহি নড়াইলে ১৬ নারী দলের নৌকা বাইচ, নদীর দুই পাড়ে উৎসব ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটে ট্রেন চলাচল বন্ধ

আজ নারী দিবসে মুক্তি পাচ্ছে ‘ইন্ডিয়া’জ ডটার’

আপডেট: ০৫:৪৪ এএম, ৮ মার্চ ২০১৫ রবিবার

উইমেননউজ ডেস্ক,

ঢাকা : প্রতি বছর সারা বিশ্বে এই দিনে পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস৷ আজও হবে৷ তবে এবারের ‘নারী দিবস’ অন্যরকম৷ এ বছর এই দিনেই মুক্তি পাবে তথ্যচিত্র ‘ইন্ডিয়া’জ ডটার’৷ তাই শুধু আন্তর্জাতিক নারী দিবসই নয়, ‘ভারত-কন্যা দিবস’-ও আজ৷ প্রতিবছরের মতো এবারও আন্তর্জাতিক নারী দিবসে জানা যাবে, বিশ্বের কোন প্রান্তে কত নারী কতভাবে নির্যাতিত হলো, ধর্ষণের শিকার হয়ে কিংবা যুদ্ধের বলি হয়ে পৃথিবী ছেড়ে গেল কত নারী৷ নারীর দুর্ভোগের নানান চিত্রের মাঝেই মুক্তি পাবে ব্রিটেনের লেসলি উডউইন পরিচালিত তথ্যচিত্র ‘ইন্ডিয়া'জ ডটার'৷ ভারত সরকার তথ্যচিত্রটির প্রদর্শন এবং প্রচার দেশের মাটিতে ‘ব্যান’ বা নিষিদ্ধ করলেও, ব্রিটেনে ডকুমেন্ট্রিটি ইতিমধ্যেই দেখানো হয়েছে৷ ৪ঠা মার্চ বিবিসি ফোর-এ দেখানো হয়েছে এটি৷ এছাড়াও আজ ডেনমার্ক, সুইডেন, সুইজারল্যান্ড, নরওয়ে এবং ক্যানাডার টেলিভিশন চ্যানেলে একযোগে দেখানো হবে ‘ইন্ডিয়াজ ডটার’, যাতে এক ধর্ষককে দেখা যাবে৷ ছয়শ' কোটি মানুষের এ বিশ্বের অনেকেই আজ শুনবে তার ‘বাণী'৷ মুকেশ সিং নামের এই ধর্ষকই ২০১২ সালের ১৬ই ডিসেম্বর চলন্ত বাসে চার সঙ্গীকে নিয়ে তরুণী ‘নির্ভয়া'-কে ধর্ষণ করে৷ তাদের উপর্যুপরি ধর্ষণ এবং প্রহারে তরুণীটি পরে মারাও যান৷ শুধু ভারত নয়, সারা বিশ্বকে নাড়িয়ে দেয়া এই ধর্ষণকাণ্ডে জড়িতদের মধ্যে চারজনকে মৃত্যুদণ্ড এবং বয়স কম হওয়ায় একজনকে তিন বছরের কারাদণ্ড দেয় ভারতের দ্রুত বিচার আদালত৷ মুকেশ সিংহকেও দেয়া হয় মৃত্যুদণ্ড৷ গ্রেপ্তারের পর ধর্ষণের অভিযোগ স্বীকার করে মুকেশ৷ তবে তার দাবি, পুলিশ নির্যাতন চালিয়ে স্বীকারোক্তি আদায় করেছে, আসলে সে ধর্ষণ করেনি৷ অবশ্য ‘ইন্ডিয়া'জ ডটার' তথ্যচিত্রে ধর্ষণের পক্ষে কথা বলতেই শোনা যাবে তাকে৷ তথ্যচিত্রটির নির্মাতা জানান, তিহার জেলে গিয়ে মুকেশের সাক্ষাৎকার নিয়েছিলেন তিনি৷ সেই সাক্ষাৎকার থেকেই তৈরি হয়েছে ‘ইন্ডিয়া'জ ডটার'৷ সাক্ষাৎকারে কৃতকর্মের জন্য মুকেশকে একটুও অনুতপ্ত মনে হয়নি৷ বরং ঘটনার জন্য ধর্ষিতাকে দায়ী করে মুকেশ বলেছে, ‘‘ধর্ষণের ক্ষেত্রে ছেলেদের চেয়ে মেয়েরা বেশি দায়ী৷'' অভিশপ্ত ২০১২ সালের ১৬ই ডিসেম্বর রাতে বন্ধুর সঙ্গে সিনেমা দেখে বাড়ি ফেরার জন্য বাসে উঠেছিলেন এক তরুণী৷ বন্ধুকে পিটিয়ে বাস থেকে নামিয়ে দিয়ে তরুণীকে ধর্ষণ করে মুকেশ এবং তার সঙ্গীরা৷ ধর্ষণে বাধা দেয়ায় তরুণীকে বেদম পেটানো হয়৷ প্রায় দু'সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়ার পর হার মানেন ২৩ বছরের ফুটফুটে মেয়েটি৷ লেসলি উডউইনকে দেয়া সাক্ষাৎকারে মুকেশ বলে, ধর্ষণে সাধারণত মেয়েরাই দায়ী৷ এর কারণ হিসেবে সে বলে, ‘‘ভদ্রঘরের মেয়েরা রাত ন'টার পরে বাড়ির বাইরে থাকে না৷'' মুকেশ মনে করে, রাত-বিরেতে ঘরের বাইরে গেলে মেয়েরা ধর্ষণের স্বীকার হবে – এটাই স্বাভাবিক৷ মৃত্যুর জন্য মেয়েটিকে দায়ী করে ধর্ষণের অভিযোগে মৃত্যুদণ্ড পাওয়া মুকেশ বলেছে, ‘‘মেয়েটির ধর্ষণে বাধা দেয়া ঠিক হয়নি৷ ওর উচিত ছিল চুপ করে থেকে ধর্ষণে সহায়তা করা৷'' মুকেশ মনে করে, একটা ধর্ষণ নিয়ে সংবাদমাধ্যম যা করছে, তা খুব বাড়াবাড়ি৷ সবাইকে বিস্মিত করে সে আরো বলে,‘‘ওরা (মিডিয়া) এত বাড়াবাড়ি করছে কেন, সকলেই তো এ সব (ধর্ষণ) করছে৷'' ধর্ষণের অপরাধে কাউকে মৃত্যুদণ্ড দেয়া কি ঠিক? মুকেশের জবাব, ‘‘না, তাহলে কেউ ধর্ষণ করলে আমরা যেভাবে মেয়েটিকে ছেড়ে দিয়েছিলাম, সেভাবে ছেড়ে দেবে না৷ সঙ্গে সঙ্গেই মেরে ফেলবে৷'’ ধর্ষণ নিয়ে কথা বলার সময় এক মুহূর্তের জন্যও বিচলিত, লজ্জিত বা ভীত দেখায়নি মুকেশ সিংকে৷ তথ্যচিত্র নির্মাতা লেসলি উডউইন জানান, ১৬ ঘণ্টার সাক্ষাৎকার চলার সময় মুকেশকে অনেকভাবে কাঁদানোর চেষ্টা করেছেন, কিন্তু তাতে কোনো কাজ হয়নি৷ মুকেশকে জীবন্ত এক রোবট মনে হয়েছে তাঁর৷ আজ এক ধর্ষকের কথায় নারী জাতিকে অপমানিত হতে দেখবে সারা বিশ্ব৷ ০৮.০৩.২০১৫