ঢাকা, মঙ্গলবার ১৭, ফেব্রুয়ারি ২০২৬ ৪:৪০:৩০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
এখন আমার যাওয়ার পালা: প্রধান উপদেষ্টা নতুন সরকারের শপথ অনুষ্ঠান ঘিরে কঠোর নিরাপত্তা ই-ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ালো এনবিআর ছুটি শেষে ধীরে ধীরে ঢাকাবাসী ফিরছেন ঘরে নতুন সরকারের শপথ কেন বঙ্গভবনের বাইরে? বঙ্গভবনের বদলে সংসদ প্রাঙ্গণে শপথ, ছোট হচ্ছে মন্ত্রিসভা নিউজিল্যান্ডের নতুন অধিনায়ক অ্যামেলিয়া আজ আকাশে দেখা যাবে ২০২৬ সালের প্রথম সূর্যগ্রহণ

বঙ্গভবনের বদলে সংসদ প্রাঙ্গণে শপথ, ছোট হচ্ছে মন্ত্রিসভা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০২ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার

বঙ্গভবনের বদলে সংসদ প্রাঙ্গণে শপথ, ছোট হচ্ছে মন্ত্রিসভা

বঙ্গভবনের বদলে সংসদ প্রাঙ্গণে শপথ, ছোট হচ্ছে মন্ত্রিসভা

নবনির্বাচিত সংসদ সদস্যরা (এমপি) ও মন্ত্রীপরিষদ  আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)  শপথ গ্রহণ করবেন। দীর্ঘদিনের রাষ্ট্রীয় রীতি ভেঙে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণের দক্ষিণ প্লাজায়। সাধারণত নতুন সরকারের শপথ অনুষ্ঠান রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবন-এ অনুষ্ঠিত হলেও এবার ব্যতিক্রমী সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হচ্ছেন—এটি নিশ্চিত। তবে মন্ত্রিসভায় কারা থাকছেন, সে বিষয়ে কৌতূহল তুঙ্গে।

দলীয় সূত্র জানায়, প্রথম দফায় ৩৫ থেকে ৩৮ সদস্যের ছোট আকারের মন্ত্রিসভা গঠন করা হতে পারে। পরে প্রয়োজনে সদস্য সংখ্যা বাড়ানো হবে। বিতর্কিত ও সমালোচিত নেতাদের বাইরে রেখে অভিজ্ঞ ও তুলনামূলক পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতাদের গুরুত্ব দেওয়ার চিন্তা রয়েছে। পাশাপাশি তরুণ ও নবনির্বাচিত সংসদ সদস্যদেরও অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

বর্তমানে সরকারের ৫৮টি মন্ত্রণালয় ও বিভাগ কমিয়ে ৩০টির নিচে নামানোর পরিকল্পনাও বিবেচনায় রয়েছে। একই ধরনের কাজ করা মন্ত্রণালয় একীভূত করার চিন্তাভাবনা চলছে। এতে প্রশাসনিক ব্যয় কমানো ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া দ্রুত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, আগামী মঙ্গলবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করানো হবে। বিকেলে সংসদের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে চীন, ভারত, পাকিস্তানসহ ১৩টি দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিত দেশগুলোর মধ্যে রয়েছে—চীন, সৌদি আরব, তুরস্ক, ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান।

দলীয় সূত্র জানায়, মন্ত্রিসভায় অভিজ্ঞ সিনিয়র নেতাদের পাশাপাশি নবীনদের অন্তর্ভুক্ত করে অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ সরকার গঠনের পরিকল্পনা রয়েছে। যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোকেও মন্ত্রিসভায় প্রতিনিধিত্ব দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।

নতুন সরকারের শপথের মধ্য দিয়ে অবসান ঘটবে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসনামলের। বিএনপি দুই দশক পর আবার রাষ্ট্রক্ষমতায় ফিরছে। সংসদের খোলা প্রাঙ্গণে শপথ অনুষ্ঠান আয়োজনকে অনেকেই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন দৃষ্টান্ত হিসেবে দেখছেন।

শপথ অনুষ্ঠানের পরই কারা কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন, তা আনুষ্ঠানিকভাবে জানা যাবে।