ভাষা আন্দোলনে সিলেটের নারী সমাজের ভূমিকা
আপডেট: ০৮:৫০ এএম, ২১ ফেব্রুয়ারি ২০১৫ শনিবার
সেলিম আউয়াল : বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্যে গড়ে ওঠা আন্দোলনে সিলেট ছিলো সবার আগে এবং সিলেটের নারী সমাজ পালন করেছেন অগ্রণী ভূমিকা। বাংলা ভাষার পক্ষে সিলেটের নারী সমাজের ছিলো দৃঢ় অবস্থান। আটচল্লি¬শে সারা দেশে ভাষা আন্দোলন গড়ে ওঠার অনেক আগেই সিলেটের মহিলারা ভাষার মর্যাদা রক্ষায় নেমে এসেছেন রাজপথে । সাহসিকতার সাথে অংশ নিয়েছেন মিছিল সমাবেশে। ভাষা আন্দোলনে জোবেদা রহীম চৌধুরীর নেতৃত্বে সিলেটের মহিলারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মুসলিম লীগের নেত্রী হয়েও জোবেদা রহিম চৌধুরী নীতির প্রশ্নে আপোস করেননি।
তিনি সরকারের ভাষানীতির তীব্র বিরোধীতা ও সমালোচনা করেন। বাল্যকালে তিনি ছিলেন ইডেন বালিকা বিদ্যালয়ের প্রথম মুসলিম ছাত্রী (১৯০৬)। জোবেদা খাতুন (জোবেদা রহিম) ছিলেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ শিলঘাট নিবাসী খান বাহাদুর শরাফত আলী চৌধুরীর কন্যা এবং সেই সময়ের মন্ত্রীসভার প্রভাবশালী মন্ত্রী তফজ্জুল আলীর শাশুড়ী। তিনি ১৯০১ খ্রিস্টাব্দে জন্ম গ্রহণ করেন। হবিগঞ্জের পানি উমদার খান বাহাদুর আবদুর রহিমের সাথে ১৯১৯ খ্রিস্টাব্দে তার বিয়ে হয়। কর্মময় জীবনের অধিকারিনী জোবেদা রহিম ১৯৮৬ খ্রিস্টাব্দের ২০ জানুয়ারী ঢাকায় ইন্তেকাল করেন ১৯৪৮ খ্রিস্টাব্দে সিলেটে ভাষা আন্দোলনে যারা নেতৃত্ব দেন তাদের মধ্যে ছিলেন ছাত্রসমাজ, মহিলা সমিতি এবং মুসলিম লীগের প্রগতিশীল গোষ্ঠী। বছরটির শুরু থেকেই সিলেটের মহিলারা বিভিন্ন তৎপরতার মাধ্যমে ভাষা আন্দোলনে অবদান রাখেন। ঐ বছর ১১ জানুয়ারি পাকিস্তান সরকারের যোগাযোগ মন্ত্রী আব্দুর রব নিশতার সিলেটে এলে স্থানীয় মহিলাদের একটি প্রতিনিধি দল তার সঙ্গে দেখা করে বাংলাকে রাষ্ট্রভাষা করার জোরালো বক্তব্য তুলে ধরেন। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে সিলেট জেলা মহিলা মুসলিম লীগের সভানেত্রী জোবেদা রহিম চৌধুরী, সহ-সভানেত্রী সৈয়দা শাহার বানু চৌধুরী (অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের জননী), সম্পাদিকা সৈয়দা লুৎফুন্নেছা খাতুন, সিলেট সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিসেস রাবেয়া খাতুন বিএবিটি, মিসেস জাহানারা মতিন, মিসেস রোকেয়া বেগম, মিসেস শাম্মী কাইসার রশীদ এমএ,বিটি, নূরজাহান বেগম, মিসেস সুফিয়া খাতুন, মিসেস মাহমুদা খাতুন, মিসেস শামসুন্নেছা খাতুন, সৈয়দা নজিবুন্নেছা খাতুন (শেখঘাটের এহিয়াভিলার গৃহবধূ) সহ সিলেটের বিশিষ্ট মহিলারা মূখ্যমন্ত্রী খাজা নজিমুদ্দীনের কাছে একটি স্মারকলিপি পেশ করেন। এ স্মারকলিপিতে তারা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান। এ স্মারকলিপি পাঠানোর জের ধরে এ সময় সিলেটে উর্দু সমর্থক পত্রিকা ইস্টার্ণ হেরাল্ড (আসাম হেরাল্ডের পরিবর্তিত নাম) একটি সম্পাদকীয় নিবন্ধে মহিলানেত্রী জোবেদা রহিম ও স্মারকলিপি সম্পর্কে অশোভন মন্তব্য প্রকাশ করে। এই অশোভন বক্তব্যের প্রতিবাদ করেন স্মারকলিপিতে স্বাক্ষরদানকারী সৈয়দা নজিবুন্নেছা খাতুন। সাপ্তাহিক নওবেলালের ১২ মার্চ সংখ্যায় প্রকাশিত এক প্রতিবাদ লিপিতে তিনি বলেন, যাহারা পুর্ব পাকিস্তানের বাংলা ভাষাভাষী হইয়া মাতৃভাষার বিরুদ্ধাচরণ করে তাহারা মাতৃভাষার বিশ্বাসঘাতক কু-পুত্রতুল্য।...উর্দু ভাষাভিজ্ঞ অপেক্ষা সিলেটের উর্দু অনভিজ্ঞ মুসলমানেরা ইসলাম ধর্মের অনুশাসন পালনে কোন অংশে হীন ? বরং এ বিষয়ে সমগ্র পূর্ব পাকিস্তানের মধ্যে সিলেটের মুসলমানদের তাহজীব ও তমদ্দুন এক বিশিষ্ট স্থান লাভের অধিকারী বলিয়া অভিজ্ঞ ব্যক্তিরা মত প্রকাশ করিয়াছেন।’ তমদ্দুন মজলিসের সম্পাদক প্রিন্সিপাল আবুল কাশেম চিঠি লিখে সাহসী ভূমিকার জন্যে জোবেদা রহিম চৌধুরীসহ নারী নেত্রীদেরকে অভিনন্দন জানান। তিনি লেখেন, আজ সত্যিই আমরা অভূতপূর্ব আনন্দ এবং অশেষ গৌরব অনুভব করছি। সিলেটের পুরুষরা যা পারেনি তা আপনারা করেছেন। উর্দুর সমর্থনে সিলেটের কোন কোন পত্রিকা যে জঘন্য প্রচার করছে আর সিলেটের কোন কোন পুরুষরা স্মারকলিপি দিয়ে যে কলঙ্কজনক অভিনয় করেছেন তা সত্যিই বেদনাদায়ক। কিন্তু আপনাদের প্রচেষ্টা দেখে মনে হচ্ছে আমাদের ভয়ের কোন কারণ নেই।...তমদ্দুন মজলিশ আজ আপনাদের অকৃত্রিম ধন্যবাদ জানাচ্ছে।’ ৮ মার্চের গোবিন্দচরণ পার্কের সমাবেশে হামলার প্রতিবাদে সিলেটের মহিলারা ১৯৪৮ সালের ১০ মার্চ গোবিন্দ পার্কে একটি সভা আহবান করেন। কিন্তু সভা আয়োজনের আগেই সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এম. ইসলাম চৌধুরী সমগ্র সিলেটে সভা সমাবেশ আয়োজনে ১৪৪ ধারা জারি করেন। তখন সিলেটের জেলা প্রশাসক ছিলেন এম. খুর্শেদ। পাকিস্তানের স্থপতি মোহাম্মদ আলী জিন্নাহ ১৯৪৮ খ্রিস্টাব্দের ১৯ মার্চ পূর্ব পাকিস্তান সফরে আসেন। তিনি ২১ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে তাকে দেয়া সংবর্ধনা সভায় ও ২৪ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানের বক্তৃতায় উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার ব্যাপারে তার অভিমতকে পুনর্ব্যক্ত করেন। সিলেটের মহিলারা জিন্নাহ সাহেবকেও তারবার্তা প্রেরণ করে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবী জানান। ১৯৫২ সালে ঢাকায় পুলিশের গুলিতে ছাত্র, জনতা হত্যার প্রতিবাদে নারী সমাজ আবারো প্রতিবাদে ফেটে পড়ে এবং ২২ ফেব্রুয়ারি প্রতিবাদ সভার আয়োজন করে। ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত মিছিলে সিলেটের বহু মহিলা স্বতস্ফুর্তভাবে অংশ নেয়। ১১টায় শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি গোবিন্দ চরণ পার্কে এসে শেষ হয়। এখানে একটি জনসভাও অনুষ্ঠিত হয়। এতে বক্তৃতা করেন মাহিলা ও ছাত্রী নেত্রীবৃন্দ। ঐদিন বিকেলে জিন্নাহ হলেও (বর্তমানে শহীদ সুলেমান হল) এক মহিলা সমাবেশ হয়। বিকেলে গোবিন্দচরণ পার্কে সিলেট মহিলা কলেজের অধ্যাপক আবদুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এক জনসভা। ভাষা আন্দোলনে মহিলাদের মধ্যে সিলেটে আরো ভূমিকা রাখেন হাজেরা মাহমুদ, রাবেয়া আলী, ছালেহা বেগম, লুৎফুন্নেছা বেগম। নওবেলাল পত্রিকার সম্পাদক মাহমুদ আলীর স্ত্রী হাজেরা মাহমুদ একজন বামপন্থী নেত্রী ছিলেন এবং ভাষা আন্দোলনে বিভিন্নভাবে তিনি অবদান রাখেন। রাবেয়া আলী ছিলেন সাহিত্যিক সৈয়দ মুজতবা আলীর স্ত্রী। সরকারি চাকুরে হয়েও স্বামীর মতো ভাষা আন্দোলনের পক্ষে ১৯৪৮ ও ১৯৫২ সালে তিনিও অবদান রাখেন। লুৎফুন্নেছা বেগমের স্বামী সেনা বিভাগের কর্মকর্তা হওয়া স্বত্ত্বেও তিনি ভাষা আন্দোলনে অবদান রাখেন। মহিলা মুসলিম লীগের সিলেট জেলার সহ সভানেত্রী সৈয়দা শাহার বানু চৌধুরী এবং একই দলের অপর নেত্রী সৈয়দা নজিবুন্নেছা খাতুন দলীয় অবস্থানের বিরোধীতা করে ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্কুলে কালো পতাকা উত্তোলনের জন্য সিলেটের মেয়ে ছালেহা বেগমকে ডেপুটি কমিশনার (উ.ক. চড়বিৎ) এর আদেশক্রমে তার স্কুল থেকে ৩ বছরের জন্য বহিস্কার করা হয়। কুলাউড়ার মেয়ে ছালেহা বেগম ভাষা আন্দোলনের সময় ময়মনসিংহ মুসলিম গার্লস স্কুলের দশম শ্রেণীর ছাত্রী ছিলেন। ভাষা শহীদদের স্মরণে তিনি স্কুলে কালো পতাকা উত্তোলন করেন। বলা বাহুল্য, ছালেহার আর পড়াশুনা হয়নি। কুলাউড়ার আরেক কন্যা রওশন আরা বাচ্চু ১৯৫২ সালের ভাষা আন্দোলনে নেতৃস্থানীয় ভূমিকা পালন করেন। তখন তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। তিনি সলিমুল্ল¬াহ মুসলিম হল, ওমেন্স স্টুডেন্টস রেসিডেন্সের হল ইউনিয়ন সদস্যও ছিলেন। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারী ঢাকায় ১৪৪ ধারা ভঙ্গ করে ছাত্র-ছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর থেকে যে মিছিল বের করে সেই মিছিলে অংশ নিয়ে পুলিশের লাঠিচার্জে তিনি আহত হন। সে দিনের ঘটনা সম্পর্কে একটি স্মৃতিচারণে রওশন আরা বাচ্চু বলেন, সকাল দশটার দিকে দেখি একটি জিপ ও ৩/৪টি ট্রাক এসে দাড়ালো এবং পুলিশ বাহিনী পজিশন নিল, ইউনিভার্সিটির গেটটা ঘেরাও করলো। পুলিশ আমাদের মিছিলে লাঠিচার্জ করে। অনেক মেয়ে আঘাত পেলো, আমিও আঘাত পেয়েছি। আমরা দৌড়ে তখন এ্যাসেম্বল¬ীর দিকে যাচ্ছিলাম, আমাদের উদ্দেশ্য ছিলো স্মারকলিপি পৌছে দেয়া। কিন্তু মেডিকেলের মোড়েই দেখি শেল পড়ছে, চারদিকে কাদুনে গ্যাস। বেলা তিনটার দিক, তখন আবার গুলির শব্দ পেলাম। এরপর তার কাটার বেড়া পার হয়ে ওসমান গনি সাহেবের বাড়িতে গেলাম। গিয়ে দেখি সারা তৈফুর, সুফিয়া ইব্রাহিম, বোরখা শামসুন। তারা আমার এ রক্তাক্ত অবস্থা দেখে এগিয়ে এল। এভাবে অন্যান্য জেলার তুলনায় সিলেট ও ঢাকায় সিলেটের নারী সমাজ ভাষা আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে।২১.০২.২০১৫- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস










