ঢাকা, সোমবার ১৬, নভেম্বর ২০২৬ ৬:০৪:২০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল, মিলবে কোথায়-চলবে কতদিন মোহাম্মদপুরে চিকিৎসার জন্য গিয়ে ‘পীরের’ ধর্ষণের শিকার নারী! ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৯১ বছর বয়সে প্রথম পাসপোর্ট, সাত মহাদেশ ভ্রমণ বৃদ্ধার ৫ দফা পতনের পর আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা শজিমেক হাসপাতালের ছয়তলা থেকে পড়ে নারীর মৃত্যু

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৪ এএম, ১৫ নভেম্বর ২০২৬ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জীবন, সমাজ ও সময়ের নানা সংকট উঠে এসেছে কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের লেখায়। দেশভাগের বেদনা, মানুষের জীবনসংগ্রাম, শেকড়ের টান এবং প্রান্তিক মানুষের জীবনচিত্র তার গল্প-উপন্যাসে পেয়েছে অনন্য শিল্পরূপ। গভীর জীবনবোধ ও নিজস্ব বর্ণনাশৈলীতে বাংলা কথাসাহিত্যে স্বতন্ত্র অবস্থান তৈরি করেছিলেন তিনি।

আজ ১৫ নভেম্বর এই কথাসাহিত্যের পঞ্চম মৃত্যুবার্ষিকী।

১৯৩৯ সালের ২ ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার যবগ্রামে জন্মগ্রহণ করেন হাসান আজিজুল হক। তার বাবা মোহাম্মদ দোয়া বখশ এবং মা জোহরা খাতুন। জীবনের অধিকাংশ সময় তিনি কাটিয়েছেন রাজশাহীতে। ১৯৫৪ সালে যবগ্রাম মহারানী কাশীশ্বরী উচ্চ ইংরেজি বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন এবং ১৯৫৬ সালে খুলনার ব্রজলাল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন।

ছাত্রজীবনেই রাজনীতিতে যুক্ত হন তিনি। রাজনৈতিক সম্পৃক্ততার কারণে পাকিস্তানি সেনাবাহিনীর নির্যাতনের শিকারও হতে হয়েছিল তাকে। ১৯৫৮ সালে রাজশাহী সরকারি কলেজ থেকে দর্শনে সম্মানসহ স্নাতক এবং ১৯৬০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে পিএইচডি করতে অস্ট্রেলিয়া গেলেও সেখানকার পরিবেশ ভালো না লাগায় ডিগ্রি শেষ না করেই দেশে ফিরে আসেন।
সাহিত্যজগতে তার পরিচিতি আসে ১৯৬০ সালে। রাজশাহী কলেজে পড়ার সময় সিকানদার আবু জাফর সম্পাদিত ‘সমকাল’ পত্রিকায় প্রকাশিত হয় তার প্রথম দিকের গল্প ‘শকুন’। গল্পটি প্রকাশের পর সাহিত্যিক মহলে পরিচিতি পান তিনি। তার প্রথম গল্পগ্রন্থ ‘সমুদ্রের স্বপ্ন শীতের অরণ্য’। ‘আত্মজা ও একটি করবী গাছ’ তার বহুল আলোচিত ছোটগল্পগুলোর অন্যতম।

১৯৭৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন হাসান আজিজুল হক। ২০০৪ সাল পর্যন্ত টানা ৩১ বছর সেখানে অধ্যাপনা করেন। ২০০৬ সালে প্রকাশিত হয় তার উপন্যাস ‘আগুনপাখি’। এ উপন্যাসের জন্য ২০০৮ সালে কলকাতার আনন্দ সাহিত্য পুরস্কার পান তিনি। তার দ্বিতীয় উপন্যাস ‘সাবিত্রী উপাখ্যান’ প্রকাশিত হয় ২০১৩ সালে।

সাহিত্যে অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৭০ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান তিনি। ১৯৯৯ সালে তাকে একুশে পদকে ভূষিত করে বাংলাদেশ সরকার। ২০১৯ সালে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার অর্জন করেন এই কথাসাহিত্যিক।

২০২১ সালের ১৫ নভেম্বর ৮২ বছর বয়সে রাজশাহীর নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হাসান আজিজুল হক। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে তাকে সমাহিত করা হয়।