ঢাকা, মঙ্গলবার ১৭, নভেম্বর ২০২৬ ৫:৫০:০১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ পহেলা অগ্রহায়ণ, নবান্ন উৎসব: নতুন ধানের ঘ্রাণ বাংলার ঘরে ঘরে থাইল্যান্ডে ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১১ গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আজ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে ৫১১ উদ্যোক্তাকে ১৪ কোটি টাকার ঋণ দিচ্ছে বিসিক

মায়ের গ্যারেজ থেকে শুরু, আজ হাজার কোটি ডলারের প্রতিষ্ঠান!

উইমেননিউজ২৪ ডেস্কঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৩ পিএম, ১৬ নভেম্বর ২০২৬ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সন্তানদের সৃজনশীলভাবে শেখানোর স্বপ্ন নিয়ে ছোট্ট উদ্যোগ, সেই উদ্যোগই বদলে দিল এক নারীর জীবন।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস আলতোস শহর। একটি বাড়ির ছোট্ট গ্যারেজ থেকে যাত্রা শুরু হয়েছিল এক মায়ের স্বপ্নের। উদ্দেশ্য ছিল নিজের সন্তানদের আনন্দের মধ্য দিয়ে শেখানো, তাদের কল্পনাশক্তি ও সৃজনশীলতা বাড়ানো। সেই ছোট্ট উদ্যোগ আজ পরিণত হয়েছে এক বিশাল প্রতিষ্ঠানে। প্রতিষ্ঠানটির নাম ‘কিউইকো’। এর বার্ষিক আয় পৌঁছেছে এক বিলিয়ন বা ১০০ কোটি মার্কিন ডলারে। একজন মায়ের চিন্তা, উদ্যোগ ও পরিশ্রম কীভাবে বিশ্বজুড়ে ব্যবসায়িক সাফল্যের গল্প হয়ে উঠতে পারে, তারই উদাহরণ কিউইকোর প্রতিষ্ঠাতা সান্দ্রা ওহ লিন।

সান্দ্রার কর্মজীবনের শুরু কিন্তু ছোট কোনো উদ্যোগ দিয়ে হয়নি। তিনি দীর্ঘ সাত বছর যুক্তরাষ্ট্রের জনপ্রিয় বাণিজ্যিক প্রতিষ্ঠান ‘ইবে’-তে কাজ করেছেন। সেখানে তিনি ‘পেপ্যাল মোবাইল’ চালু করার কাজে যুক্ত ছিলেন এবং ইবের ফ্যাশন ব্যবসার নেতৃত্ব দিয়েছেন। পরবর্তী সময়ে ফ্যাশনভিত্তিক একটি নতুন ব্যবসার ধারণা নিয়ে কাজ করেন। তবে তাঁর জীবনের সবচেয়ে বড় উদ্যোগটি আসে সন্তানদের ঘিরে।

২০১১ সালে তিনি প্রতিষ্ঠা করেন কিউইকো।

কী করে কিউইকো?

কিউইকো মূলত শিশুদের জন্য তৈরি করে নানা ধরনের শিক্ষামূলক উপকরণ ও সৃজনশীল কাজের বাক্স। এসব বাক্সে থাকে প্রয়োজনীয় সরঞ্জাম, উপকরণ এবং ধাপে ধাপে কাজ করার নির্দেশনা। শিশুরা নিজের হাতে বিভিন্ন জিনিস তৈরি করতে করতে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, গণিত ও শিল্পকলা সম্পর্কে জানতে পারে।

কেউ তৈরি করতে পারে ছোট রোবট, কেউ করতে পারে বিজ্ঞানের মজার পরীক্ষা। কেউ আবার ছবি আঁকা, কাগজ ও কাপড় দিয়ে শিল্পকর্ম তৈরি কিংবা ছোটখাটো যন্ত্রাংশ জোড়া লাগানোর কাজ শেখে।

শিশুদের বয়স অনুযায়ী রয়েছে আলাদা আলাদা আয়োজন। প্রতি মাসে নির্দিষ্ট বয়সের শিশুদের কাছে পৌঁছে যায় নতুন নতুন কাজের বাক্স। ঘরে বসেই তারা হাতে-কলমে নানা কিছু তৈরি করার সুযোগ পায়।

এই উদ্যোগের মূল দর্শন হলো, শিশুরা শুধু বই পড়ে নয়, নিজের হাতে কাজ করেও অনেক কিছু শিখতে পারে। কোনো কিছু তৈরি করতে গিয়ে ভুল করা, আবার চেষ্টা করা এবং শেষ পর্যন্ত সফল হওয়া—এই অভিজ্ঞতা তাদের আত্মবিশ্বাস বাড়ায়। একই সঙ্গে তৈরি হয় কৌতূহল, চিন্তাশক্তি ও সমস্যা সমাধানের দক্ষতা।

সন্তানদের জন্য ভাবনা, সেখান থেকেই ব্যবসা

নিজের উদ্যোগ সম্পর্কে সান্দ্রা বলেছেন, সন্তানরা যখন ছোট ছিল, তখন তিনি চাইতেন তারা যেন নিজেদের কল্পনাশক্তি কাজে লাগিয়ে বিভিন্ন সমস্যার সমাধান করতে শেখে। হাতে-কলমে কিছু তৈরি করার অভিজ্ঞতা শিশুদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করে এবং শেখার আনন্দ বাড়ায়।

সান্দ্রার নিজের শৈশবেও মায়ের সঙ্গে এমন সৃজনশীল কাজ করার অনেক স্মৃতি রয়েছে। সেই স্মৃতিই তাঁকে অনুপ্রাণিত করেছে সন্তানদের জন্য নতুন কিছু করতে।

শুরুতে নিজের সন্তানদের জন্য বিভিন্ন ধরনের সৃজনশীল কাজের উপকরণ তৈরি করতেন তিনি। পরে সেগুলো বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে ভাগ করে নেন। তাঁদের আগ্রহ ও উচ্ছ্বাস দেখে সান্দ্রা বুঝতে পারেন, এই ধারণার মধ্যে বড় সম্ভাবনা রয়েছে।

একসময় সিদ্ধান্ত নেন, সন্তানদের জন্য তৈরি করা এই আয়োজনকে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে রূপ দেবেন।

প্রতিষ্ঠানটি এগিয়ে নিতে বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা করেন। একপর্যায়ে ১০ মিলিয়ন বা এক কোটি মার্কিন ডলারের বিনিয়োগ সহায়তা পান। এরপর নিজেদের আয় ও সঞ্চয় কাজে লাগিয়ে প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নেওয়ার চেষ্টা করেন।

গ্যারেজ থেকে বিশ্বজুড়ে

কিউইকোর যাত্রার প্রথম দিনগুলো মোটেও সহজ ছিল না। প্রতিষ্ঠানটির প্রথম চালানে ছিল মাত্র ১৯টি বাক্স। সেগুলো গুছিয়ে পাঠানোর জন্য পাঁচ সদস্যের একটি দলকে পুরো এক দিন কাজ করতে হয়েছিল।

ছোট্ট সেই দলকে পণ্য তৈরি, বাক্স গোছানো, সরবরাহ ও পাঠানোর নানা সমস্যার মুখোমুখি হতে হয়েছে। ধীরে ধীরে অভিজ্ঞতা ও দক্ষতা বাড়িয়ে সামনে এগিয়েছে প্রতিষ্ঠানটি।

আজ কিউইকোর পরিসর অনেক বড়। বিশ্বের ৪০টিরও বেশি দেশে তাদের পণ্য পৌঁছেছে। সব মিলিয়ে পাঠানো হয়েছে পাঁচ কোটিরও বেশি শিক্ষামূলক কাজের বাক্স। তৈরি হয়েছে দেড় হাজারের বেশি ধরনের শিক্ষামূলক পণ্য।

শুধু নিজস্ব ব্যবস্থায় নয়, যুক্তরাষ্ট্রের বড় বড় বিপণিবিতান ও বইয়ের দোকানেও বিক্রি হচ্ছে কিউইকোর পণ্য। ‘টার্গেট’ এবং ‘বার্নস অ্যান্ড নোবল’-এর মতো প্রতিষ্ঠানেও পাওয়া যাচ্ছে এসব শিক্ষাসামগ্রী।

সন্তানরাও যুক্ত প্রতিষ্ঠানের কাজে

সান্দ্রার এই উদ্যোগের আরেকটি বিশেষ দিক হলো, তাঁর সন্তানরা শুধু কিউইকোর পণ্য ব্যবহার করে না, নতুন পণ্য তৈরির কাজেও অংশ নেয়। অর্থাৎ যে চিন্তা থেকে প্রতিষ্ঠানটির জন্ম, সেই চিন্তার সঙ্গে তাঁর নিজের পরিবারের সদস্যরাও এখনো যুক্ত।

সান্দ্রার মতে, ধৈর্য, সৃজনশীলতা এবং জানার আগ্রহই এই সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে। একটি ভালো ধারণা নিয়ে কাজ শুরু করলেই সাফল্য আসে না। সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে হয়, প্রতিনিয়ত নতুন কিছু ভাবতে হয় এবং বাধা পেরিয়ে সামনে এগিয়ে যেতে হয়।

ছোট উদ্যোগও হতে পারে বড় স্বপ্নের শুরু

সান্দ্রা ওহ লিনের গল্প কেবল একজন সফল নারী উদ্যোক্তার গল্প নয়। এটি এমন এক মায়ের গল্প, যিনি সন্তানদের জন্য ভালো কিছু করার চিন্তা থেকে একটি নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছিলেন।

আমাদের সমাজেও অনেক নারী সংসার, সন্তান ও পরিবারের দায়িত্ব সামলানোর পাশাপাশি নিজের মেধা ও শ্রম দিয়ে ছোট ছোট উদ্যোগ গড়ে তুলছেন। কেউ ঘরে বসে পোশাক তৈরি করছেন, কেউ খাবারের ব্যবসা করছেন, কেউ শিশুদের শেখানোর উপকরণ তৈরি করছেন। কিন্তু প্রয়োজনীয় পুঁজি, প্রশিক্ষণ, বাজারসংযোগ ও উৎসাহের অভাবে তাঁদের অনেক উদ্যোগ বড় হতে পারে না।

কিউইকোর গল্প তাঁদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। ব্যবসা শুরু করতে সব সময় বড় কার্যালয় বা বিপুল পুঁজির প্রয়োজন হয় না। প্রয়োজন হতে পারে একটি নতুন ধারণা, মানুষের প্রয়োজন বোঝার ক্ষমতা, কাজের প্রতি নিষ্ঠা এবং দীর্ঘদিন লেগে থাকার মানসিকতা।

একটি ছোট গ্যারেজ থেকেও বিশ্বজুড়ে পরিচিত প্রতিষ্ঠান গড়ে উঠতে পারে। সান্দ্রা ওহ লিনের উদ্যোগ সেই সম্ভাবনারই উজ্জ্বল উদাহরণ।